ইয়ামালের মৌসুম শেষ, জানাল বার্সেলোনা
তাৎক্ষণিক দৃশ্যেই বোঝা যাচ্ছিল, চোটের অবস্থা গুরুতর। শেষ পর্যন্ত পরীক্ষায়ও নিশ্চিত হলো তা-ই। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ২০২৫-২৬ মৌসুমের বাকি সময়ে আর মাঠে নামা হচ্ছে না লামিনে ইয়ামালের। আজ তাঁর দল বার্সেলোনার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
তবে ক্লাবের হয়ে না খেলতে পারলেও স্পেনের বিশ্বকাপ দলে তাঁকে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছে বার্সা। উত্তর আমেরিকায় ফিফা বিশ্বকাপ শুরু হবে ১১ জুন।
বুধবার রাতে লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে চোট পান ইয়ামাল। ৪০ মিনিটের সময় ইয়ামাল বাঁ পায়ের শটে স্পটকিক থেকে গোল করার পর মাঠেই লুটিয়ে পড়েন। এরপর তাঁকে মেডিক্যাল স্টাফদের সহায়তায় মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং তিনি সরাসরি টানেল দিয়ে ড্রেসিংরুমে চলে যান।
পরীক্ষা-নিরীক্ষায় ইয়ামালের বাঁ পায়ে হ্যামস্ট্রিংয়ের চোট নিশ্চিত হয়েছে জানিয়ে বার্সেলোনা সংবাদ বিজ্ঞপ্তিতে লিখেছে, ‘ইয়ামাল একটি রক্ষণশীল চিকিৎসা পরিকল্পনার আওতায় থাকবেন। তিনি চলমান লিগে মৌসুমের বাকি ম্যাচগুলো মিস করবেন। তবে বিশ্বকাপের জন্য তাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।’
২০২৫-২৬ মৌসুমে বার্সেলোনার খেলা বাকি শুধু লা লিগায়। ৩২ রাউন্ড শেষে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা, যা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট বেশি। মৌসুমে বার্সেলোনার বাকি ছয় ম্যাচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ১০ মে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকো’। ২৪ মে মৌসুমের শেষ ম্যাচ খেলবে বার্সা।
এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল করেছেন ইয়ামাল। সতীর্থদের সহায়তা করেছেন আরও ১৭টি গোলে।