পারেদেস-মলিনাদের নিয়ে সুখবর পেল আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে মারামারিতে জড়িয়েছিলেন আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারএক্স

না, নিষেধাজ্ঞা উঠে যায়নি।

বিশ্বকাপ ফাইনালে শেষ বাঁশির পর মারামারি করায় বড় ধরনের শাস্তি পেয়েছিলেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মলিনা। নিষেধাজ্ঞা পেয়েছেন থিয়াগো আলমাদা আর সহকারী কোচ রবার্তো আয়ালাও। এবার শাস্তি পাওয়া তিন ফুটবলার ও আয়ালাকে নিয়ে সুখবর পেয়েছে আর্জেন্টিনা।

এই চারজন তাঁদের নিষেধাজ্ঞার ম্যাচগুলো প্রীতি ম্যাচেও কাটাতে পারবেন। ফিফার ডিসিপ্লিনারি কমিটি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আবেদন অনুমোদন করেছে।  

এর আগে এএফএ ফিফার কাছে আবেদন করেছিল, নিষেধাজ্ঞাগুলো যেন ‘এ’ শ্রেণির প্রীতি ম্যাচ অথবা অফিশিয়াল ম্যাচে কার্যকর করা হয়, যেটি আগে হয়। ফিফা সেই আবেদনে সাড়া দিয়েছে। ফলে চারজনকে শুধু বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেই নিষেধাজ্ঞা কাটাতে হবে না।

পারেদেসের নিষেধাজ্ঞা সবচেয়ে বেশি—১০ ম্যাচ। স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে এরিক গার্সিয়ার সঙ্গে বিবাদে জড়িয়ে তাঁকে ঘাড় ধরে মাটিতে ফেলে দেওয়ায় এই শাস্তি দেওয়া হয় তাঁকে। মলিনা সাত ম্যাচের জন্য নিষিদ্ধ হন রদ্রিকে আঘাত করায়। সংঘর্ষে জড়ানোর কারণে আলমাদাকে এক ম্যাচ এবং দানি ওলমোকে ঘুষি মারায় আয়ালাকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

এই নিষেধাজ্ঞাগুলো এখন প্রীতি ম্যাচেও কার্যকর করা হবে। চলতি বছরে ফিফার সূচিতে আর দুটি আন্তর্জাতিক উইন্ডো আছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের উইন্ডোতে সর্বোচ্চ চারটি এবং ৯ থেকে ১৭ নভেম্বরের উইন্ডোতে সর্বোচ্চ দুটি ম্যাচ খেলতে পারবে আর্জেন্টিনা। অর্থাৎ আগামী দুই উইন্ডোতে আর্জেন্টিনা ছয়টি ম্যাচ খেললে পারেদেস-মলিনাদের নিষেধাজ্ঞার বড় একটি অংশ সেখানেই শেষ হয়ে যেতে পারে।

আরও পড়ুন

তবে শাস্তি আরও কমানোর চেষ্টাও চালিয়ে যাচ্ছে এএফএ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, শাস্তির সিদ্ধান্তের বিস্তারিত কারণ জানার অপেক্ষায় আছে তারা। কারণ হাতে পাওয়ার পর ফিফার আপিল কমিটিতে আবেদন করবে এএফএ। প্রয়োজন হলে আন্তর্জাতিক ক্রীড়া সালিসি আদালতেও (সিএএস) যাওয়ার কথা জানিয়েছে তারা।

এএফএর আইনজীবী আন্দ্রেস ‘প্যাটন’ উরিচ এর আগে টিওয়াইসি স্পোর্টসকে বলেছিলেন, পারেদেস, মলিনা ও আয়ালার শাস্তি তাঁদের করা অপরাধের তুলনায় বেশি। পারেদেসের শাস্তির সঙ্গে তুলনা করে তিনি ২০১৪ বিশ্বকাপে ইতালির জর্জিও কিয়েল্লিনিকে কামড়ে দেওয়া উরুগুয়ের লুইস সুয়ারেজের নয় ম্যাচের নিষেধাজ্ঞার উদাহরণও দিয়েছিলেন।

আলমাদার এক ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবশ্য আপিল করা যাবে না বলে জানিয়েছেন উরিচ।

ফিফার সর্বশেষ সিদ্ধান্তে তাই আপাতত স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা শিবিরে। নিষেধাজ্ঞা বহাল থাকলেও বাছাইপর্বের বাইরেও সেগুলো কাটানোর সুযোগ পাওয়ায় গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে পারেদেস ও মলিনাদের অনুপস্থিতির শঙ্কা কিছুটা কমেছে।

আরও পড়ুন