বার্সেলোনা ৭-২ নিউক্যাসল ইউনাইটেড
ম্যাচে তখন ৬১ মিনিট। নিউক্যাসলের পোস্টে গোলকিপার অ্যারন রামসডেলের চোখেমুখে হতাশা। ছয়টি গোল হজম করেছেন, একবারের জন্যও দেয়াল হতে পারেননি। রামসডেলের আসলে একটিবারের জন্যও কিছুই করার ছিল না। বার্সেলোনা সেই ফাঁক রাখেনি।
৭২ মিনিটের পর রামসডেলের হতাশা অ্যান্থনি এলাঙ্গাদের চোখেমুখেও স্পষ্ট হলো। আরেকটি গোল করেছে বার্সা। ক্যাম্প ন্যুর গ্যালারিতে স্বাগতিক সমর্থকেরা কণ্ঠে গানের সুর। সেটা কোয়ার্টার ফাইনালে ওঠার কি না বোঝা গেল না, তবে তাতে কোনো সন্দেহও ছিল না। মানে বার্সার কোয়ার্টার ফাইনাল ততক্ষণে নিশ্চিত।
অথচ পাঁচ গোলের প্রথমার্ধ শেষেও অনিশ্চয়তার দোলাচলে ছিল দুই দল। বার্সা এগিয়ে ছিল ৩-২ গোলে, তবু প্রথমার্ধে তাঁদের এক ইঞ্চি ছাড় দেয়নি নিউক্যাসল। বিরতির পর এডি হাউয়ের দলের কী হলো কে জানে, হজম করে বসল আরও চার গোল!
ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে প্রথম লেগ ১-১ গোলে ড্রয়ের পর ক্যাম্প ন্যুর ফিরতি লেগে নিউক্যাসলের হারটা তাই প্রথমে দারুণ লড়েও শেষে অসহায় আত্মসমর্পণের মতো। শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার আগে ফিরতি লেগে ইংলিশ ক্লাবটির হারের ব্যবধান ৭-২। দুই লেগ মিলিয়ে ৮-৩ গোলের জয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠল বার্সা।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে এক ম্যাচে ৭ গোল হজম করল নিউক্যাসল। ২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে টটেনহামের হারের ব্যবধানও ছিল ৭-২। আর বার্সা ফিরিয়ে এনেছিল ২০১১-১২ মৌসুমে একই মঞ্চে বায়ার লেভারকুসেনের জালে ৭ গোলের স্মৃতি। চ্যাম্পিয়নস লিগ নকআউট ম্যাচে তাঁরা ৭ গোল করেছে শুধু এ দুবার।
তার মধ্যে সর্বশেষবার, অর্থাৎ আজ রাতে ১৮ মিনিটের মধ্যেই হয়েছে ৩ গোল। ৬ মিনিটে রাফিনিয়া বার্সাকে এগিয়ে দেওয়ার পর ১৫ মিনিটে এলাঙ্গার সমতাসূচক গোল। তিন মিনিট পরই জটলা থেকে মার্ক বার্নালের গোলে আবারও এগিয়ে বার্সা। নিউক্যাসল আবার সমতায় ফিরতেও দেরি করেনি। ১৮ মিনিটে দ্বিতীয় গোল হজমের ১০ মিনিট পর আবারও এলাঙ্গার দারুণ ফিনিশিংয়ে করা গোলে সমতায় নিউক্যাসল। চলতি মৌসুমে আগের ৩৫ ম্যাচে গোল না পাওয়া সুইডিশ এ উইঙ্গার ১৩ মিনিটের ব্যবধানে পেয়ে যান জোড়া গোল! তবে ম্যাচের তখনও অনেক কিছুই বাকি। কে জানত, যোগ করা সময়ে নিউক্যাসল আবারও পিছিয়ে পড়বে!
প্রথমার্ধে যোগ করা সময়ে বক্সে রাফিনিয়াকে ফেলে দেন নিউক্যাসল রাইট ব্যাক কিয়েরন ট্রিপিয়ের। পেনাল্টি পায় বার্সা। প্রথম লেগের মতো ফিরতি লেগেও পেনাল্টি থেকে গোল করেন লামিনে ইয়ামাল যোগ করা সময়ের ৭ মিনিটে। নিউক্যাসল তারকা এলাঙ্গার দ্বিতীয় গোলের পরোক্ষ উৎস ছিল ইয়ামালের ভুল ব্যাক হিল। তার প্রায়শ্চিত্ত হিসেবে শুধু গোল নয়, বিরতির পর দারুণ খেলেন বার্সার এ উইঙ্গার।
দ্বিতীয়ার্ধে ২৭ মিনিটের মধ্যে নিউক্যাসলের কোয়ার্টার ফাইনালে ওঠার আশা ধূলিসাৎ হয়ে যায়। ৫১ মিনিটে ফারমিন লোপেজের গোলের পর ৫৬ ও ৬১ মিনিটে জোড়া গোলে ভুলের প্রায়শ্চিত্ত করেন রবার্ট লেভানডফস্কি। প্রথমার্ধে ৪০ মিনিটে নিশ্চিত গোল মিস করেন এ পোলিশ স্ট্রাইকার। ৭২ মিনিটে ম্যাচের শেষ গোলটি রাফিনিয়ার। জোড়া গোলের পাশাপাশি দুটি গোল করানো ব্রাজিলিয়ান উইঙ্গারও আজ দুর্দান্ত খেলেন।
তবে রেকর্ডের দেখা পেয়েছেন লেভানডফস্কি ও ইয়ামাল। লিওনেল মেসির (৪০) রেকর্ড ভেঙে চ্যাম্পিয়নস লিগে ৪০টি আলাদা দলের বিপক্ষে গোলের রেকর্ড গড়েছেন লেভা (৪১)। ফিলিপ্পো ইনজাঘিকে টপকে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি বয়সে জোড়া গোল করার রেকর্ডও এখন তাঁর। আর কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম বয়সে ন্যূনতম ১০ গোলের রেকর্ড গড়েন ইয়ামাল।
কোয়ার্টার ফাইনালে বার্সার প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ অথবা টটেনহাম হটস্পার।