কথা রেখেছে চীন, দেখায়নি রিয়াল মাদ্রিদের খেলা

রোববার রাতে রেসিংয়ের বিপক্ষে খেলে রিয়াল মাদ্রিদরয়টার্স

হুমকি দিয়েছিল চীন। কথা রেখেছে তারা। বাস্তবায়ন করেছে সেই হুমকির।

রোববার রাতে লা লিগায় রেসিং ও রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখায়নি চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভি। শুধু সিসিটিভি নয়, দেশটির ডিজিটাল প্ল্যাটফর্ম মিগুতেও ম্যাচটি প্রচার করা হয়নি। এএফপির সাংবাদিকেরা বিষয়টি নিশ্চিত করেছেন।

মাও সে-তুংকে নিয়ে রিয়াল ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের মন্তব্য থেকেই এই সংকটের শুরু। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমবাপ্পের একটি সাক্ষাৎকার ছড়িয়ে পড়ে। সেখানে নিজের দেখা সবচেয়ে মজার ইন্টারনেট মিমের কথা বলেন ফরাসি তারকা।

এমবাপ্পে জানান, ওই মিমে তাঁর মুখ বসানো হয়েছিল ‘চীনের এক স্বৈরশাসকের’ ছবিতে। সরাসরি নাম না নিলেও মিমটিতে চীনের সাবেক নেতা মাও সে-তুংয়ের ছবি ছিল। এমবাপ্পের এই মন্তব্যে চীনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)। সিসিটিভির তত্ত্বাবধায়ক সংস্থাটি সোমবার লা লিগার সম্প্রচার সাময়িক বন্ধের ঘোষণা দেয়। তাদের বক্তব্য ছিল, পরিস্থিতি স্বাভাবিক করতে এমবাপ্পে, রিয়াল মাদ্রিদ ও লা লিগার ক্ষমা চাওয়া ‘অনিবার্য’।

আরও পড়ুন

এরই মধ্যে তিন পক্ষই ক্ষমা চেয়েছে। এমবাপ্পে নিজের মন্তব্যকে ‘বিবেচনাহীন’ বলে দুঃখ প্রকাশ করেছেন। লা লিগা ও রিয়াল মাদ্রিদও ক্ষমা চেয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমবাপ্পের ক্ষমা চাওয়ার বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছে। তবে ক্ষমা চাওয়ার পরও সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসেনি চীন।

রোববার রাতে অনুষ্ঠিত হয় রিয়াল মাদ্রিদ ও রেসিংয়ের ম্যাচটি। সিসিটিভির ক্রীড়া চ্যানেলে ম্যাচটি সরাসরি দেখানো হয়নি। এমনকি সেদিন একাদশ রাউন্ডের অন্য ম্যাচগুলোও চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়নি।

কিলিয়ান এমবাপ্পের চাইনিজ সোশ্যাল মিডিয়া রেডনোট অ্যাকাউন্টে প্রদর্শিত বার্তায় লেখা হয়, ‘সম্প্রদায় নির্দেশিকা লঙ্ঘনের জন্য এই অ্যাকাউন্টটি মিউট করা হয়েছে’। ২৮ অক্টোবরের ছবি
এএফপি

চীনে লা লিগার ডিজিটাল সম্প্রচারের দায়িত্বে আছে মিগু। শনিবারের বেশির ভাগ ম্যাচই দেখিয়েছে তারা। এর মধ্যে ছিল বার্সেলোনা ও আলাভেসের ম্যাচও। তবে রোববার রিয়ালের ম্যাচটি তাদের সূচিতে ছিল না। মিগুর সম্প্রচার সূচি যাচাই করে এএফপির সাংবাদিকেরা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউরোপীয় ফুটবলের জন্য চীনের বাজার বেশ গুরুত্বপূর্ণ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রিমিয়ার লিগের পাশাপাশি জার্মান, ফরাসি ও ইতালিয়ান লিগের ম্যাচও দেখানো হয়। তাই লা লিগার সম্প্রচার বন্ধের বাণিজ্যিক প্রভাব কম নয়। এমবাপ্পের মন্তব্যের পর চীনের বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান তাঁর সঙ্গে বাণিজ্যিক চুক্তিও বাতিল করেছে।

আরও পড়ুন