নিজেদের পুনরাবিষ্কার করার তাগিদ ক্লপের
দুটি ড্রয়ের পর একটি হার—এভাবেই শুরু হয়েছে প্রিমিয়ার লিগে লিভারপুলের নতুন মৌসুম। চতুর্থ ম্যাচে ঘরের মাঠ অ্যানফিল্ডে বোর্নমাউথকে ইয়ুর্গেন ক্লপের দল উড়িয়ে দিয়েছে ৯–০ গোলে। সবাই মনে করল, এই বুঝি লিভারপুল স্বরূপে ফিরল।
লিগে পরের ম্যাচেও নিজেদের মাঠে নিউক্যাসলকে ২–১ গোলে হারায় লিভারপুল। কিন্তু বোর্নমাউথের বিপক্ষে যে দাপট তারা দেখিয়েছিল, সেটা আর দেখাতে পারল কই! আর কাল তো চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নাপোলির কাছে ৪–১ গোলে উড়ে গেছে এই প্রতিযোগিতার ৬ বারের চ্যাম্পিয়ন ক্লাবটি।
চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সাতটি ম্যাচ খেলেছে অ্যানফিল্ডের দলটি। এর মধ্যে জয় মাত্র দুটি। আর গতকাল তো ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ১৯৬৬ সালের পর ক্লাবের সবচেয়ে বড় ব্যবধানে হার। ১৯৬৬ সালে ইয়োহান ক্রুইফের আয়াক্সের কাছে ৫–১ গোলে হেরেছিল লিভারপুল।
দলের অবস্থা যখন এই, লিভারপুলের জার্মান কোচ তাঁর শিষ্যদের পরামর্শ দিচ্ছেন নিজেদের আবার নতুন করে আবিষ্কার করার জন্য। ম্যাচ শেষে তিনি বিটি স্পোর্টসকে বলেছেন, ‘মনে হচ্ছে, আমাদের কিছুটা হলেও নিজেদের পুনরাবিষ্কার করতে হবে।’
লিভারপুল চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ চার গোল হজম করেছিল ২০১৭–১৮ মৌসুমে। ওইবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইতালির ক্লাব এএস রোমার কাছে ৪–২ গোলে হেরেছিল লিভারপুল। প্রথম লেগে নিজেদের মাঠে ৫–২ গোলে জিতেছিল বলে অবশ্য ফাইনালে উঠতে সমস্যা হয়নি ক্লপের দলের।
কিন্তু এবার লিগে শিরোপা দৌড়ে থাকতে হলে এবং চ্যাম্পিয়নস লিগে ভালো করতে হলে ক্লপকে সমস্যাগুলোর সমাধান করতে হবে দ্রুত। এটা নিয়ে লিভারপুল কোচ বলেছেন, ‘অনেক কিছুরই অভাব আছে। আর এই কাজগুলো (সমস্যার সমাধান) আমাদের করতে হচ্ছে প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়নস লিগ অভিযান চলার মধ্যে।’
লিভারপুলের পরবর্তী ম্যাচটি তিন দিন পর—লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে। সেই ম্যাচের আগে লিভারপুলের পারফরম্যান্স প্রতিপক্ষকে আত্মবিশ্বাসী করে তুলবে বলেই মনে করেন ক্লপ, ‘তিন দিনের মধ্যে আমরা উলভসের বিপক্ষে খেলব। আজ (গতকাল) রাতের ম্যাচটি তারা দেখে থাকলে হয়তো হাসি থামাতেই পারবে না।’
ক্লপ এরপর যোগ করেন, ‘তারা হয়তো বলবে, লিভারপুলের বিপক্ষে খেলার সঠিক সময় এটাই। আমিও সেটাই বলব।’