সেমিফাইনালের চার গোলকিপার কে কেমন
৪৮ দলের বিশ্বকাপ এখন স্পেন–ফ্রান্স, আর্জেন্টিনা–ইংল্যান্ড এই চার দলের ‘শেষ’ লড়াইয়ে রূপ নিয়েছে। আজ প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স–স্পেন।
আগামীকাল আর্জেন্টিনা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। যেখানে তারকা খেলোয়াড়দের পাশাপাশি তাদের গোলকিপারদের ওপরও সমর্থকদের চোখ থাকবে। তার আগে জেনে নেওয়া যেতে পারে এখন পর্যন্ত এই চার দলের গোলকিপাররা কেমন পারফর্ম করেছেন।
মাইক মাইনিয়ঁ (ফ্রান্স)
বয়স: ৩১ বছর
আন্তর্জাতিক ম্যাচ: ৪৬
বিশ্বকাপে ক্লিন শিট: ৪
গোল হজম: ২
ফ্রান্সের তারকা গোলরক্ষক হুগো লরিসের উত্তরসূরি হওয়া তাঁর জন্য সহজ ছিল না। তবে ‘ম্যাজিক মাইক’খ্যাত মাইক মাইনিয়ঁ সেই কঠিন দায়িত্ব এখন পর্যন্ত সফলভাবেই পালন করছেন।
২০২৪ ইউরোর পর এবার বিশ্বকাপেও দলকে শেষ চারে তুলতে অবদান রেখেছেন। নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি ঠেকানোর পর নকআউট পর্বে টানা তিন ম্যাচে কোনো গোল হজম করেননি মাইনিয়ঁ।
রেকর্ড ও পরিসংখ্যান: সেমিফাইনালের আগে স্পেনের ক্লিন শিট বেশি হলেও (৫) মাইনিয়ঁ করেছেন বেশি সেভ (১১), যেখানে স্পেনের উনাই সিমনের সেভ ১০টি।
জেনে রাখুন: মেনিয়াঁর জন্ম ফ্রেঞ্চ গায়ানায় হলেও বেড়ে ওঠা প্যারিসের উত্তরাঞ্চলে।
উনাই সিমন (স্পেন)
বয়স: ২৯ বছর
আন্তর্জাতিক ম্যাচ: ৬৪
বিশ্বকাপে ক্লিন শিট: ৫
গোল হজম: ১
স্পেনের হয়ে এই বিশ্বকাপে ছয়টি ম্যাচেই শুরু থেকে খেলেছেন উনাই সিমন। ২৯ বছর বয়সী এই গোলকিপার বিশ্বকাপের ইতিহাসে টানা ৬৫০ মিনিট গোল না খাওয়ার নতুন রেকর্ডও গড়েছেন। শেষ ষোলোতে পর্তুগালের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে আলোচনায় আসেন তিনি।
রেকর্ড ও পরিসংখ্যান: পর্তুগালের বিপক্ষে ক্লিন শিট রেখে বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল না খাওয়ার নতুন রেকর্ড গড়েছেন সিমন।
জেনে রাখুন: ২০২৪ সালে অ্যাথলেটিক বিলবাওকে ৪০ বছর পর কোপা দেল রে জেতানোর পাশাপাশি স্পেনকে ইউরো ২০২৪ শিরোপা জেতাতে অবদান রাখেন সিমন।
জর্ডান পিকফোর্ড (ইংল্যান্ড)
বয়স: ৩২ বছর
আন্তর্জাতিক ম্যাচ: ৯০
বিশ্বকাপে ক্লিন শিট: ২
গোল হজম: ৬
মেক্সিকো সিটিতে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে জর্ডান পিকফোর্ডের পারফরম্যান্সকে নিখুঁত বলে অভিহিত করেছিলেন ডেভিড বেকহাম। সেই ম্যাচে ১০ জনের ইংল্যান্ডকে জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
শুধু দুর্দান্ত সেভই নয়, ক্রস ও সেট–পিস সামলানোর ক্ষেত্রে তাঁর আত্মবিশ্বাস ও সাহস ইংল্যান্ডের রক্ষণকে একাধিক ম্যাচে নিরাপদে রেখেছে। টুর্নামেন্টজুড়ে কোচ টমাস টুখেল রক্ষণে একাধিক পরিবর্তন আনলেও পিকফোর্ড ছিলেন দলের নির্ভরতার প্রতীক।
রেকর্ড ও পরিসংখ্যান: নরওয়ের বিপক্ষে ম্যাচ খেলেই বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১৮ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন পিকফোর্ড। ছাড়িয়ে গেছেন কিংবদন্তি গোলরক্ষক পিটার শিলটনকে।
জেনে রাখুন: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনাল হবে পিকফোর্ডের ক্যারিয়ারের পঞ্চম বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের সেমিফাইনাল।
এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা)
বয়স: ৩৩ বছর
আন্তর্জাতিক ম্যাচ: ৬৫
বিশ্বকাপে ক্লিন শিট: ২
গোল হজম: ৬
পেনাল্টি বক্সে এমিলিয়ানো মার্তিনেজের জুড়ি মেলা ভার। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক সেমিফাইনালে ওঠার পথে দলের একাধিক গুরুত্বপূর্ণ মুহূর্তে ত্রাতার ভূমিকা পালন করেছেন।
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে যেমন ব্রিল এমবোলোর নিশ্চিত গোলের সুযোগ রুখে দেন। একদিকে লিওনেল মেসি আর্জেন্টিনার আক্রমণে ভরসার নাম, অন্যদিকে রক্ষণে আর্জেন্টিনার সবচেয়ে বড় আস্থা এই মার্তিনেজই।
রেকর্ড ও পরিসংখ্যান: কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গোল্ডেন গ্লাভ জিতেছিলেন মার্তিনেজ।
জেনে রাখুন: কিশোর বয়সে আর্জেন্টিনার ইন্ডিপেনদিয়েন্তে ছেড়ে আর্সেনালে যোগ দেওয়ার পর থেকে পুরো সিনিয়র ক্যারিয়ারই ইংল্যান্ডে কাটিয়েছেন তিনি। বর্তমান ক্লাব অ্যাস্টন ভিলা।