ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গলফ খেলার ‘পরাবাস্তব’ অভিজ্ঞতা শোনালেন হ্যারি কেইন

হ্যারি কেইনফেসবুক

মাঠে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে গোল করায় হ্যারি কেইনের জুড়ি মেলা ভার। তবে ফুটবল মাঠের মতো গলফ কোর্সেও যে তিনি সমান পারদর্শী, সেই প্রশংসাপত্র পেয়েছেন খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে।

কয়েক দিন আগে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, ইংল্যান্ড অধিনায়কের সঙ্গে তিনি গলফ খেলেছেন। এটাও বলেছিলেন, কেইন একজন দুর্দান্ত ফুটবলারের পাশাপাশি ‘ভালো গলফার’ও।

বিশ্বকাপে আজ রাত ৩টায় নরওয়ের বিপক্ষে হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ড। এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন মায়ামিতে এক সংবাদ সম্মেলনে এসে সেই অনন্য অভিজ্ঞতার কথা নিশ্চিত করলেন হ্যারি কেইন নিজেও। ট্রাম্পের সঙ্গে গলফ খেলার সেই মুহূর্তটিকে ‘পরাবাস্তব’ বলে বর্ণনা করেছেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড।

আরও পড়ুন

কেইন জানান, প্রায় ১৮ মাস আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই গলফ পর্বটি অনুষ্ঠিত হয়েছিল। সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে, আমি বেশ ভালোই খেলেছিলাম। আমি যখন পাম বিচে ছিলাম, তখন তিনি আমাকে একসঙ্গে খেলার আমন্ত্রণ জানান। আসলে দেশের প্রেসিডেন্ট যখন আপনাকে কোথাও আমন্ত্রণ জানান, তখন তো আর না করা যায় না...।’

আজ রাতে নরওয়ের মুখোমুখি হবে হ্যারি কেইনরা
এএফপি

প্রেসিডেন্টের আমন্ত্রণ রক্ষা করতে পেরে খুশি কেইন আরও বলেন, ‘তাঁর সঙ্গে দেখা করা এবং গলফ খেলাটা ছিল এক অদ্ভুত পরাবাস্তব অভিজ্ঞতা। সত্যি বলতে, তিনি বেশ ভালো গলফ খেলেন। আমি আশা করি, তাঁর বয়সে পৌঁছে আমিও তাঁর মতো এত সুন্দর গলফ খেলতে পারব। এটি আমার জীবনের অন্যতম এক অনন্য অভিজ্ঞতা এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি তাঁর প্রতি কৃতজ্ঞ।’

চলতি বিশ্বকাপের শেষ ১৬-র ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছিল ইংল্যান্ড।

সেই ম্যাচের পর ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ কেইনের ভূয়সী প্রশংসা করে লিখেছিলেন, ‘ইংল্যান্ডের হ্যারি কেইন এক দুর্দান্ত খেলোয়াড়!’ এর ঠিক পরের দিনই ট্রাম্প গণমাধ্যমের কাছে প্রকাশ করেন যে তাঁরা দুজনে একসঙ্গে গলফও খেলেছেন।

ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি মনে করি কেইন একজন গ্রেট খেলোয়াড়। আমি তাঁর সঙ্গে গলফ খেলেছি এবং তাঁকে আমার ভীষণ পছন্দ। ও একজন ভালো গলফার। ও আসলেই দারুণ।’

আরও পড়ুন