র্যাঙ্কিং নিয়ে ফিফা কি আইসিসির পথে
বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা কি তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পথেই হাঁটছে!
সর্বশেষ আন্তর্জাতিক উইন্ডোতে র্যাঙ্কিং নিয়ে যা করছে সংস্থাটি, তাতে এমন বলাই যায়। ক্রিকেটে, বিশেষ করে ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টুয়েন্টির দলীয় র্যাঙ্কিং প্রতি ম্যাচ শেষেই আপডেট করে আইসিসি। এবার ফিফাও এমনটাই করেছে। মার্চের শেষ সপ্তাহে অনুষ্ঠিত প্রতিটি ম্যাচ শেষেই ওলট-পালট হয়েছে র্যাঙ্কিংয়ে। আর তাতে কোন দল কখন উঠল, কখন নামল, সেটি অনুসরণ করাই কঠিন হয়ে যাচ্ছে।
বাংলাদেশের কথাই ধরা যাক। এবারের উইন্ডোর আগে ফিফা সর্বশেষ র্যাঙ্কিং আপডেট করেছিল ১৯ জানুয়ারি। সেই র্যাঙ্কিংয়ে ৯১১.১০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ছিল ১৮০ নম্বরে। ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে র্যাঙ্কিংয়ে ঢুকে দেখা গেল, বাংলাদেশ আছে ১৮১ নম্বরে।
কোনো ম্যাচ না খেলেও অন্য সব দলের ওঠানামায় র্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে এসেছে বাংলাদেশ। ভিয়েতনামের কাছে হারের পরও বাংলাদেশ ছিল ১৮১ নম্বরেই। তবে ফিফার ওয়েবসাইট দেখাল, ৯০৮.৭২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পিছিয়েছে এক ধাপ।
সিঙ্গাপুরের কাছে এশিয়ান কাপ বাছাইপর্বে হারের পর পরশু রাতে সর্বশেষ র্যাঙ্কিংয়েও বাংলাদেশ আছে ১৮১ নম্বরে, তবে এবারও ফিফার পেজে দেখা গেল বাংলাদেশ এক ধাপ পিছিয়েছে। এক ধাপ পেছানোর তির চিহ্ন যে দেওয়া বাংলাদেশের নামের পাশে! আসলে বাংলাদেশ দুইবার পেছায়নি, জানুয়ারির পর ১ এপ্রিল আবার অফিশিয়ালি প্রকাশিত র্যাঙ্কিংয়ে এক ধাপই পিছিয়েছে।
আট বছর পর শীর্ষে ফ্রান্স
মার্চের আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেই জিতেছে ফ্রান্স। স্পেন ও আর্জেন্টিনাকে পেছনে ফেলে গতকাল ফিফার হালনাগাদ র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছে দিদিয়ের দেশমের দল।
২০১৮ সালের সেপ্টেম্বরের পর এবারই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠল ফ্রান্স। কিন্তু দেশম এতে খুশি হওয়ার বদলে দুশ্চিন্তায়ও ভুগতে পারেন। ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান নিয়ে বিশ্বকাপে যাওয়া দল যে কখনো ট্রফি জিততে পারেনি।
সর্বশেষ র্যাঙ্কিংয়ে ফ্রান্সের পয়েন্ট ১৮৭৭.৩২, দুই ম্যাচ জিতে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট বেড়েছে ৭.৩২। ১৮৭৬.৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে স্পেন। খুব একটা পিছিয়ে নেই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও, ১৮৭৪.৮১ পয়েন্ট নিয়ে তিনে দলটি।
ফ্রান্সের কাছে প্রথম ম্যাচে হেরে যাওয়া পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল এক ধাপ পিছিয়ে নেমে গেছে ছয়ে। তাদের টপকে পাঁচে উঠেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। চারে আছে ইংল্যান্ড।
ফিফা র্যাঙ্কিং (শীর্ষ ১০)
*বন্ধনীতে অবস্থান পরিবর্তন