আবারও রিয়ালের মুখোমুখি সিটি, পিএসজির প্রতিপক্ষ চেলসি

আবারও চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ–ম্যানচেস্টার সিটিএএফপি

টানা পঞ্চমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউটে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। আজ নিওনে অনুষ্ঠিত ২০২৫–২৬ মৌসুমের শেষ ষোলোর ড্র দুই দলকে আবারও একে অপরের প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে।

এ ছাড়া গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলা পিএসজি–চেলসিও এবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে।

এবারের আসরে লিগ পর্বেই একবার মুখোমুখি হয়েছিল রিয়াল–সিটি। তার আগে রিয়াল–সিটি ২০২১–২২ ও ২০২২–২৩ মৌসুমের সেমিফাইনাল, ২০২৩–২৪ মৌসুমের কোয়ার্টার ফাইনাল এবং ২০২৪–২৫ মৌসুমের নকআউট প্লে–অফে মুখোমুখি হয়েছিল। মাঝে ২০২০–২১ বাদে সর্বশেষ ৭ আসরেই ৭বার দেখা হয়ে যাচ্ছে স্পেন ও ইংল্যান্ডের দুই শীর্ষস্থানীয় ক্লাবের।

ড্রয়ে তুলনামূলকভাবে সবচেয়ে সহজ পথ পেয়েছে আর্সেনাল। লেভারকুসেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে মিকেল আরতেতার দল প্রতিপক্ষ হিসেবে পাবে স্পোর্তিং বা বোডো/গ্লিমটকে।

অন্য ফেবারিটদের মধ্যে রিয়াল–সিটির মধ্যকার জয়ী দলের প্রতিপক্ষ হবে বায়ার্ন মিউনিখ বা আতালান্তা, পিএসজি–চেলসির মধ্যকার জয়ী দলের প্রতিপক্ষ হবে লিভারপুল বা গালাতাসারাই আর বার্সেলোনা–নিউক্যাসলের মধ্যকার জয়ী দলের প্রতিপক্ষ হবে আতলেতিকো মাদ্রিদ বা টটেনহাম।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচ হবে ১০ ও ১১ মার্চ, দ্বিতীয় লেগ ১৭ ও ১৮ মার্চ।