এই আর্জেন্টিনাকে নিয়ে বাজি ধরাই যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনার আসল রূপ দেখার অপেক্ষায় ছিলাম। সেটির অবসান হয়েছে। আগের ম্যাচগুলোয় যে রকম ঢিলেঢালা লেগেছে আর্জেন্টিনাকে, গত রাতে সেটা ছিল না। পুরোপুরি ভিন্ন দল মনে হয়েছে নীল-সাদা জার্সিধারীদের।

এর কারণ হলো, আর্জেন্টিনা উপলব্ধি করেছে যে ঢিলেঢালা থাকলে ধরা পড়ে যাবে। সেটা যাতে না হয়, অতিরিক্ত সতর্ক ছিল দলটি। পোল্যান্ডের সঙ্গে বাঁচা–মরার লড়াইয়ে পুরো শক্তিতে খেলেছে আর্জেন্টিনা এবং খুবই দৃষ্টিনন্দন ফুটবল খেলেছে।

লিওনেল মেসি পেনাল্টি মিস করলেও তার কোনো প্রভাব পড়েনি। মেসিকে ভীষণ তৎপর লেগেছে মাঠে। পেনাল্টি মিস করে দ্রুত কর্নার নিতে চলে গেছে সে। অনেকটা মরিয়া ছিল মেসি। বিশ্বকাপে ভালো কিছু করতে এই মরিয়া ভাবটা থাকা দরকার। যে দল হালকা মেজাজে খেলবে এবং শতভাগ ঢেলে দেব না মাঠে তারা ধরা পড়ে যাবে।

আরও পড়ুন

আর্জেন্টিনার প্রতিটি খেলোয়াড় মাঠে সেরাটা দিয়েছে। অনেক দিন পর আর্জেন্টিনাকে ‘আর্জেন্টিনার’ মতো মনে হয়েছে। ম্যাচটা দেখার পর বিশ্বাস করছি, আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারে। ওদের নিয়ে এখন বাজি ধরা যায়।

পোল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিয়েছে দুইবারের বিশ্বসেরারা। এতে প্রমাণ হয়, আর্জেন্টিনাকে আমরা যে ভালো টিম বলি, সেটা শুধু আবেগের কারণে নয়, আর্জেন্টিনার ভেতর সেই রসদ আছে। তবে অনেক সময় আর্জেন্টিনার কিছু সমস্যা হয় মানসিক দিক থেকে। সেটা তারা কাটিয়ে উঠেছে। বিপদে পড়ে আর্জেন্টিনা নিজেদের আসল শক্তি দেখিয়েছে। লিওনেল স্কালোনির ছেলেদের খেলা দেখে অকুণ্ঠ প্রশংসা না করে পারছি না।

পোল্যান্ডকে কোনো দলই মনে হয়নি গত রাতে। শুধু বল বাইরে মারা ছাড়া মনে হলো ওদের কোনো কাজ নেই। পোল্যান্ডের যে ১১ জন খেলোয়াড় ছিল, মাঠে তারা যেন বল ঠেকাতেই মাঠে নেমেছে। শেষ পর্যন্ত হেরেও পোল্যান্ড দ্বিতীয় রাউন্ডে উঠেছে। সেটা মেক্সিকোর সঙ্গে গোলের হিসাব–নিকাশের সুবিধা নিয়ে। সেটি ভিন্ন আলোচনা। তবে পোল্যান্ডকে যে মাঠে এত অসহায় লাগবে, সেটি ম্যাচের আগে ভাবিনি।

আরও পড়ুন

এই রাত শুধুই আর্জেন্টিনার। তারা আক্রমণের ঢেউ তুলেছে পোলিশ গোলমুখে। মেসিরা মাঝমাঠে বলই ধরতে দেয়নি পোল্যান্ডকে। এটা ছিল দুর্দান্ত দলীয় খেলা। আর যেভাবে খেলেছে কোপা চ্যাম্পিয়নরা, তাতে পোল্যান্ডের হাতে কোনো ম্যাজিক ছিল না যে তারা দি মারিয়াদের আটকাবে। আরও দুই-একটা গোল হলেও হতে পারত।

পোল্যান্ড যে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল, তাতে তাদের কোনো কিছু করার কিছু না। যখন একটা দল সব বিভাগেই উড়ে যায়, তখন তারা মাঠে অসহায় হয়ে পড়ে। শেষ পর্যন্ত পোল্যান্ড খুবই হতাশ করেছে, ওদের সাধারণ দল মনে হয়েছে। লেভানডফস্কি ৬-৭ বারের বেশি বলে পা ছোঁয়াতে পারেনি।

পোলিশরা এই রাতে এটাই বুঝতে পেরেছে যে আর্জেন্টিনার শক্তি আসলে কতটা। আর সেটিই মেসির দলকে আরও ফেবারিট করে তুলেছে। সৌদি আরবের সঙ্গে প্রথম ম্যাচে হার দিয়ে হতাশার শুরু। মেক্সিকোকে হারালেও ততটা জ্বলে উঠতে পারেনি আর্জেন্টিনা যতটা উঠেছে কাল। মেসিরা সেরাটা দিয়ে এভাবে খেলতে পারলে তারা যেকোনো দলকে হারাতে পারে। জিততে পারে বিশ্বকাপও।