৯ বছরের সম্পর্কের ইতি, সিটি ছাড়ার ঘোষণা বের্নার্দো সিলভার
গত কয়েক দিন ধরে যে গুঞ্জন ছিল, সেটাই অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা হয়ে এল। বের্নার্দো সিলভা জানিয়েছেন, চলতি মৌসুম শেষে তিনি ম্যানচেস্টার সিটি ছাড়ছেন। ৯ বছর ধরে ক্লাবের অন্যতম মুখ হয়ে থাকা এই ফুটবলারের বিদায়ের খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছে সিটিও।
৩১ বছর বয়সী সিলভা ২০১৭ সালে মোনাকো থেকে ইংলিশ ক্লাবটিতে যোগ দিয়েছিলেন। প্রিমিয়ার লিগের ক্লাবটি নিজেদের ইতিহাসের সেরা সময় কাটিয়েছে যাদের ওপর ভর করে, সিলভা তাদের একজন। গত নয় বছরে তিনি সিটির হয়ে জিতেছেন ৬টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ১৯টি ট্রফি।
বিদায়বেলায় ইনস্টাগ্রামে আবেগঘন একটি বার্তা দিয়েছেন সিলভা। পর্তুগিজ এই মিডফিল্ডার প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছেন জানিয়ে শুরুতেই লিখেছেন, ‘৯ বছর আগে যখন আমি এখানে এসেছিলাম, আমি একটি ছোট ছেলের স্বপ্নকে তাড়া করছিলাম যে জীবনে সফল হতে এবং বড় কিছু অর্জন করতে চেয়েছিল। এই শহর এবং এই ক্লাব আমাকে তার চেয়েও অনেক বেশি দিয়েছে, যা আমি কখনো আশা করিনি।’
ম্যানচেস্টার সিটির জার্সিতে এখন পর্যন্ত ৪৫১ ম্যাচ খেলা সিলভা ক্লাব, সমর্থক ও শহরের কাছে কৃতজ্ঞ নিজের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের অংশ হওয়ার কারণেও, ‘কয়েক মাসের মধ্যে সেই শহরকে বিদায় জানানোর সময় আসবে যেখানে আমরা ফুটবল ক্লাব হিসেবে কেবল অনেক কিছুই জিতিনি, বরং যেখানে আমি আমার দাম্পত্য জীবন এবং পরিবারও শুরু করেছি।’
সিটি সমর্থকদের ৭৬টি গোল আর ৭৭টি অ্যাসিস্টের মাধ্যমে উচ্ছ্বাসে ভাসা এই মিডফিল্ডার সমর্থকদের উদ্দেশে বলেন, ‘আমি ম্যান সিটি খেলোয়াড় হিসেবে এসেছিলাম, কিন্তু আপনাদেরই একজন হয়ে অর্থাৎ সারা জীবনের জন্য ম্যান সিটির একজন সমর্থক হিসেবে বিদায় নিচ্ছি।’
সিলভার বিদায়ের খবর জানিয়ে ম্যানচেস্টার সিটির ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে তাঁকে ‘সিটির সর্বকালের অন্যতম সেরা এবং জনপ্রিয় খেলোয়াড়’ আখ্যা দিয়ে ‘যথাযথভাবে স্মরণ করার’ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও যোগ করা হয়েছে, ‘ক্লাব এবং আমাদের সব ভক্তরা এখন এই মৌসুমের শেষে ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের এই অসাধারণ সেবককে একটি উপযুক্ত সম্মাননা এবং বিদায় জানানোর জন্য প্রস্তুতি নেবে।’
চলতি মৌসুমে এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে সিটি। প্রিমিয়ার লিগ জেতার সম্ভাবনাও কমই, শীর্ষে থাকা আর্সেনাল এগিয়ে ৬ পয়েন্ট ব্যবধানে। তবে এরই মধ্যে হয়ে যাওয়া লিগ কাপের ফাইনালে আর্সেনালকে হারিয়েই শিরোপা জিতেছে সিটি। টিকে আছে এফএ কাপেও, যেখানে অপেক্ষা সাউদাম্পটনের বিপক্ষে সেমিফাইনালে খেলার।
সিটিকে বিদায় জানানোর পর সিলভার প্রথম ম্যাচ রোববার প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে।