ব্রিটেনের প্রথম বিলিয়নিয়ার ক্রীড়াবিদ বেকহাম
ডেভিড বেকহাম খেলা ছেড়েছেন এক যুগের বেশি সময় আগে। তবে বুটজোড়া তুলে রাখলেও ফুটবল দুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি, বরং দিন দিন ব্যস্ততা বাড়িয়েছেন। এর সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে তাঁর সম্পদও। সানডে টাইমসের রিচ লিস্ট বলছে—বেকহাম এখন ব্রিটেনের প্রথম বিলিয়নিয়ার ক্রীড়াবিদ।
ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলার এবং ইন্টার মায়ামির বর্তমান সহ-মালিক বেকহাম ও তাঁর স্ত্রী ভিক্টোরিয়ার সম্মিলিত সম্পদের বর্তমান পরিমাণ ১.১৮৫ বিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ১,৭৭৭৫০ কোটি টাকা।
সানডে টাইমসের সবচেয়ে ধনী ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষে আছে সাবেক ফর্মুলা ওয়ান প্রধান নির্বাহী বার্নি একলেস্টোনের পরিবার, যাদের সম্পদের পরিমাণ ২ বিলিয়ন পাউন্ড। দ্বিতীয় স্থানেই আছেন বেকহাম। ২০১৩ সালে খেলোয়াড় জীবন থেকে অবসর নেওয়া এই তারকা ফুটবলার এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির অন্যতম মালিক। মায়ামি ১.৪৫ বিলিয়ন ডলার বা ১.০৭ বিলিয়ন পাউন্ড মূল্যমান নিয়ে মেজর লিগ সকারের সবচেয়ে মূল্যবান ক্লাব হিসেবে স্বীকৃত।
বেকহাম আয় করে থাকেন অ্যাডিডাস এবং হুগো বসের মতো কোম্পানিগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও। আর তাঁর স্ত্রী ভিক্টোরিয়া বেকহামের সম্পদের সিংহভাগ এসেছে তাঁর নিজের নামে প্রতিষ্ঠিত ফ্যাশন লেবেল থেকে।
তবে গত ১২ মাসে বেকহাম দম্পতির সম্পদ বাড়লেও বেকহামের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সহ-মালিক জিম র্যাটক্লিফের কমেছে। তালিকা প্রস্তুতকারকদের তথ্য অনুযায়ী, তাঁর সম্পদ ১.৮৫ বিলিয়ন পাউন্ড কমে বর্তমানে ১৫.১৯৪ বিলিয়ন পাউন্ডে দাঁড়িয়েছে, সম্মিলিত তালিকায় তিনি সপ্তম।
সবচেয়ে ধনী ক্রীড়াবিদদের তালিকায় বেকহামদের সঙ্গে আছেন বাবা-ছেলে ব্যারি ও এডি হার্ন। দুজনের সম্মিলিত সম্পদের পরিমাণ আনুমানিক ১.০৩৫ বিলিয়ন পাউন্ড। ব্যারি হার্ন বক্সিং, ডার্টস ও স্নুকারের প্রমোটার প্রতিষ্ঠান ম্যাচরুমের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট, তার ছেলে এডি হার্ন ম্যাচরুমের চেয়ারম্যান।