মেসির ডায়েরির তিনটি ছেঁড়া পাতা ও একটি সোনালি কলম
সবাই জানত দিনটা একদিন আসবে। আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলবেন লিওনেল মেসি। সেই দিনটা যে আজই, তা ভেবেছিলেন কজন! সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে আকাশি–সাদা জার্সিকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি। এমনিতে পোস্টটি দেখে মনে হয় সাধারণ কোনো ফুটবলার অবসরবার্তায় যেমন পোস্ট করেন, তেমন কিছু। আসলে তা নয়।
রহস্যটা ভেঙেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’। সেই প্রসঙ্গে যাওয়ার আগে জানিয়ে রাখা ভালো, অবসরবার্তার সঙ্গে মেসি একটি ছবিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। নোটপ্যাডের তিনটি কাগজ ও একটি কলম। সেই তিনটি কাগজে লেখা অবসরবার্তা। সবই ‘ক্যাপিটাল লেটার’–এ লেখা।
মেসি তাঁর পোস্টে জানান, গত জুলাইয়ে বিশ্বকাপ ফাইনালের দুই দিন পর এই বার্তা লিখেছিলেন। এরপর বাবাকে হারানোর পর চূড়ান্ত সিদ্ধান্ত নেন অবসর নেওয়ার। সে যা হোক, এই অবসরবার্তার সঙ্গে মেসি তাঁর ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে একটি ভিডিও পোস্ট করেন। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মেসির এই অবসরবার্তা বেশ কিছু প্রতীকী অর্থে ভরপুর।
তিন পৃষ্ঠায় বড় হাতের অক্ষরে হাতে লিখে জাতীয় দলের সঙ্গে নিজের পথচলার একটা বড় অংশ ফুটিয়ে তুলেছেন মেসি। এমন একটি চিঠি, যার শুরু এই সিদ্ধান্তের ভার নিয়ে, যেখানে ফিরে দেখা হয়েছে দুই দশকের স্মৃতি এবং যা শেষ হয়েছে দেশের সঙ্গে তাঁর নাড়ির টানকে এক সুতোয় বাঁধা একটি বাক্য দিয়ে, ‘আমাকে আর্জেন্টাইন করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। এগিয়ে চলো আর্জেন্টিনা!’
তবে তিনটি পৃষ্ঠার সেই ছবিতে একটি কলমও আছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, সেটি সোনালি হ্যারি পটার কলম।
বিশেষ নকশার কলম
মেসি বিদায়ী বার্তাটি লিখতে যে কলমটি ব্যবহার করেছেন, সেটি সাধারণ কোনো কলম নয়। এর মাথার অংশে রয়েছে হ্যারি পটারের লেখক জে কে রাউলিংয়ের অন্যতম সেরা চরিত্র হার্মিওনি গ্রাঞ্জারের ‘টাইম-টার্নার’। কলমটির ওপরের দিকটি সেই চেনা বৃত্তাকার আকৃতির এবং ঠিক মাঝে রয়েছে একটি ছোট বালিঘড়ি।
সোনালি প্রলেপ দেওয়া ধাতব এই কলমের গায়ে কালো রঙে খোদাই করা হ্যারি পটারের অফিশিয়াল লোগো। মেসি, তাঁর স্ত্রী এবং সন্তানেরা সবাই এই ফ্যান্টাসি সিরিজের ভক্ত।
মেসির অবসরের প্রেক্ষাপটে এই ছোট্ট বিষয়টি বিশেষ এক মাত্রা পেয়েছে। হ্যারি পটার বইয়ে ‘টাইম-টার্নার’ হলো এমন একটি জাদুকরি বস্তু, যা পেছনের সময়ে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়। আর মেসি ঠিক এমন একটি চিঠির ওপর এটি রেখেছেন, যেখানে তিনি জাতীয় দলের হয়ে অভিষেকের পর কেটে যাওয়া ২০ বছরের কথা বলেছেন। অর্থাৎ, পেছনের সময় ফিরেছে তাঁর অবসরবার্তায়।
মেসির অবসরবার্তায় আরেকটি বিষয়ও স্পষ্টভাবে ফুটে ওঠে, তা হলো—সময়। আত্মত্যাগের বছরগুলো, ক্রমাগত হার, সমালোচনা, হেরে যাওয়া ফাইনালগুলো এবং সবশেষে সেই সোনালি সময়—যার সমাপ্তি ঘটল ২০২১ কোপা আমেরিকা, ফিনালিসিমা ও ২০২২ বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে।
তিন পাতায় সব শেষ
টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মেসি তাঁর অবসরবার্তা লিখেছেন নোটপ্যাড থেকে ছেঁড়া তিনটি পাতা নিয়ে। এগুলো একদম সাধারণ পাতা, যার ওপরের অংশে সপ্তাহের দিনগুলোর নাম, ছোট আইকন এবং তারিখ লেখার জায়গা রয়েছে।
মেসি সেই পাতাগুলোই রূপান্তর করেছেন অবসরবার্তায়। কালো কালিতে বড় হাতের অক্ষরে, সরু টানে লিখেছেন; এমনকি হুট করে লিখে ফেলা লেখার মতো কিছু কাটাছেঁড়া ও সংশোধনও তাতে রয়েছে। পাতাগুলো বাঁ দিক থেকে ডানে সাজানো হয়েছে, যা এমনভাবে বার্তাটিকে ফুটিয়ে তোলে, যেন এটি জাতীয় দলের সঙ্গে তাঁর গল্পের শেষ পাতা।
প্রথম পাতাটি অবসর নিয়ে তাঁর সিদ্ধান্তের ভার ফুটিয়ে তোলে। মেসি সবকিছু উজাড় করে দেওয়ার অর্থ কী, তা নিয়ে কথা বলেছেন এবং তাঁর বিদায়ের অন্যতম শক্তিশালী একটি কথা লিখেছেন এভাবে, ‘সবকিছু দিয়েছি এবং উজাড় করে দিয়েছি...আমি নিজেকে পুরোপুরি নিংড়ে দিয়েছি, আমার আর কিছুই বাকি নেই।’ এই বার্তার ছিল ক্লান্তি, সমাপ্তির অনুভূতি এবং একটি অধ্যায়ের ইতি ঘটার সিদ্ধান্ত।
দ্বিতীয় পাতাটি আর্জেন্টিনার জার্সিতে মেসির পেছনে ফেলে আসা সময়ের স্মৃতি রোমন্থন। মেসি লিখেছেন, ‘২০ বছর ধরে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ।’ এ সময় তিনি আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানোর যাত্রাকে স্মরণ করেন এবং তাঁর পরিবার, সতীর্থ, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তৃতীয় পাতায় এসে বদলে গেছে সুর। বার্তার শেষ অংশ আবেগপূর্ণ এবং গভীরভাবে আর্জেন্টাইন, ‘আমাকে আর্জেন্টাইন করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ! এগিয়ে চলো আর্জেন্টিনা!’
বিদায়ীবার্তার সঙ্গে ভিডিও
আর্জেন্টিনার জাতীয় দলের সঙ্গে সেরা মুহূর্তগুলোর দৃশ্য নিয়ে আলাদা করে একটি ভিডিও পোস্ট করেছেন মেসি। সেখানে তাঁর ক্যারিয়ারের বিভিন্ন পর্যায় ফুটে উঠেছে: আর্জেন্টিনা জার্সিতে প্রথম অভিযাত্রা। বড় কিছু টুর্নামেন্ট, হতাশার মুহূর্ত এবং সেই জয়গুলো, যা শেষ পর্যন্ত জাতীয় দলের সঙ্গে তাঁর সম্পর্ককে চিরতরে বদলে দিয়েছে।
ভিডিওটি আসলে তাঁর অবসরবার্তার পরিপূরক। যেখানে তিনটি পাতায় শব্দের মেলবন্ধনে মেসি যেমন বিদায় জানিয়েছেন, তেমনি ভিডিওতে সেই সময়টাও ফুটিয়ে তুলেছেন। সব মিলিয়ে মেসির এ দুটি পোস্ট তাঁর অবসর ও জাতীয় দলের সময়টা পরিপূর্ণভাবে ফুটে উঠেছে।