কোনো ইঁদুরদৌড়ে থাকতে চান না সঞ্জু স্যামসন

সঞ্জু স্যামসনইনস্টাগ্রাম/সঞ্জু

দলে জায়গা পাওয়া, বাদ পড়া, আবার ফিরে আসা—ভারতীয় দলে সঞ্জু স্যামসনের পথচলায় অনিশ্চয়তা যেন শেষই হচ্ছে না। এমন আসা-যাওয়ার বাস্তবতায় হিসাব-নিকাশ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান। স্যামসনের ভাষায়, তিনি আর কোনো ‘ইঁদুরদৌড়ে’ থাকতে চান না। এখন তিনি ক্রিকেট খেলতে চান নিজের মতো করে, নিজের সিদ্ধান্তে।

বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জু বলেন, ‘আমি বুঝতে পেরেছি, আমাদের দেশে সব সময়ই একটা ইঁদুরদৌড় চলে। তাই ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের আগেই ঠিক করেছিলাম, আমি এই দৌড়ের অংশ হব না। আমি শুধু খেলাটা উপভোগ করতে চাই।’

৩১ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘ঈশ্বরের কৃপায় অনেক কিছুই অর্জন করেছি। সামনে আরও কয়েক বছর খেলতে পারব। তাই ঠিক করেছি, নিজের মতো করেই খেলব। কীভাবে ব্যাট করতে হবে বা কী করতে হবে, সেটা কেউ আমাকে বলে দেবে না। সঞ্জু কী করবে, সেটা সঞ্জুই ঠিক করবে।’

স্যামসনের কথায়, ‘সবাইকে যথাযথ সম্মান রেখেই বলছি, আমি খেলব, খেলাটা উপভোগ করব, ভালো সতীর্থ হওয়ার চেষ্টা করব, দলকে সমর্থন দেব। কিন্তু সবই করব আমার নিজের মতো করে।’

এ বছর ভারতের টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল সঞ্জু স্যামসনের। টানা তিনটি ফিফটি করে টুর্নামেন্ট–সেরার পুরস্কারও জেতেন। তবে জুন-জুলাইয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচে রান না পাওয়ায় (৫, ০, ১, ২৭) সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েন।

আরও পড়ুন

তবে ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবতে রাজি নন স্যামসন, ‘২০২৪ বিশ্বকাপের পর তো আমি ২০২৬ বিশ্বকাপ খেলব, এমন প্রত্যাশাও করিনি। একটা সময় ১৪ বা ১৫ জনের দলেও ছিলাম না। তাহলে ২০২৮ নিয়ে এখন কীভাবে পরিকল্পনা করি? যদি দলে থাকি, দল আমাকে চায় এবং আমি ভালো খেলি, তাহলে সব ঠিকঠাক হবে। না হলেও আমার কোনো আক্ষেপ নেই। যা অর্জন করেছি, সেটা কেউ কেড়ে নিতে পারবে না।’

এদিকে জিম্বাবুয়ে সফরের দল থেকে স্যামসনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, টি-টুয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়া সত্ত্বেও স্যামসনকে সুযোগ না দেওয়া এবং অভিষেক শর্মাকে টানা সুযোগ দেওয়া একই মানদণ্ডের পরিচয় দেয় না। তাঁর প্রশ্ন, ‘অভিষেক দীর্ঘ সময় সুযোগ পেতে পারে, তাহলে স্যামসন কেন নয়?’

আরও পড়ুন