বিশ্বকাপের পর উরুগুয়ে কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত বিয়েলসার

মার্সেলো বিয়েলসারয়টার্স

আগামী জুলাইয়ের পর উরুগুয়ের কোচ পদে আর নাও থাকতে পারেন মার্সেলো বিয়েলসা। আর্জেন্টিনার কিংবদন্তি এই কোচ গতকাল স্থানীয় সময় রাতে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) আয়োজিত সেমিনারে নিজেই এ কথা জানান।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হয়ে শেষ হবে ১৯ জুলাই। অর্থাৎ বিশ্বকাপ শেষ হওয়ার পর উরুগুয়ের কোচ পদ ছেড়ে দিতে পারেন বিয়েলসা। ৭০ বছর বয়সী বিয়েলসা সেমিনারে বলেন, ‘বিশ্বকাপের সঙ্গে আমাদের কাজ ফুরোবে।’

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিয়েলসা তাঁর এই মন্তব্যের বিশদ ব্যাখ্যা দেননি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিশ্বকাপের পর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে কোচের দায়িত্ব ছাড়বেন ‘এল লোকো’ (পাগল) নামে খ্যাত বিয়েলসা। কোচ হিসেবে বড় কোনো ট্রফি জিততে না পারলেও অপরিসীম ফুটবল-জ্ঞান এবং পেপ গার্দিওলা, ডিয়েগো সিমিওনের মতো কোচদের আদর্শিক গুরু হওয়ায় ‘কোচদের কোচ’ নামেও খ্যাতি আছে বিয়েলসার।

কোচ হিসেবে কিংবদন্তিতে পরিণত হয়েছেন বিয়েলসা
এএফপি

সেমিনারে বিয়েলসা বলেন, ‘যেকোনো পেশাদারের ক্রীড়া ক্যারিয়ারে বিশ্বকাপে অংশ নিতে পারাটা একটা অলৌকিক ঘটনার মতো। বিশ্বকাপের মতো একটি প্রতিযোগিতা উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য আমি উরুগুয়ের কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব।’

কোচ হিসেবে এবার তৃতীয় বিশ্বকাপে পা রাখবেন বিয়েলসা। ২০০২ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ হিসেবে তাঁকে বিদায় নিতে হয় গ্রুপ পর্ব থেকে। ২০১৪ বিশ্বকাপে চিলিকে তুলেছিলেন শেষ ষোলোয়।

আরও পড়ুন

২০২৩ সালে উরুগুয়ে কোচ হিসেবে দায়িত্ব নিয়ে দুর্দান্ত শুরু করেন বিয়েলসা। বিশ্বকাপ বাছাইপর্বে ‘লা সেলেস্তে’দের এগিয়ে নেওয়ার পাশাপাশি ২০২৪ কোপা আমেরিকায় দলকে এনে দেন তৃতীয় স্থান। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে চতুর্থ হয় উরুগুয়ে। বিয়েলসার অধীনে ৩৫ ম্যাচে ১৫ জয়, ৭ হার ও ১৩ ম্যাচ ড্র করেছে দক্ষিণ আমেরিকার দেশটি।

উরুগুয়ের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ সমালোচনা করার পর খেলোয়াড়দের সঙ্গে বিয়েলসার সম্পর্কের অবনতি হয়। অভ্যন্তরীণ কোন্দলও তৈরি হয়, যা দলের ওপর তাঁর নিয়ন্ত্রণ নিয়ে নানা প্রশ্নের জন্ম দেয়।

সম্প্রতি উরুগুয়ের মাঠের পারফরম্যান্সেও ধারাবাহিকতার অভাব দেখা গেছে। গত মার্চে আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ড ও আলজেরিয়ার বিপক্ষে ড্র এবং গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫-১ গোলে বিধ্বস্ত হয় দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আগামী ১৫ জুন ‘এইচ’ গ্রুপে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে উরুগুয়ের বিশ্বকাপ অভিযান। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ কেপ ভার্দে ও স্পেন।

আরও পড়ুন