নেপাল আর্মড পুলিশ ফোর্সড মাঠে সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকাররা যখন অনুশীলনে ব্যস্ত, তখন গ্যালারির এক কোণে চুপচাপ বসে আনাই মগিনি। কাঠমান্ডু এসেই প্রথম দিনের অনুশীলনের আগে চোটে পড়েন জাতীয় দলের এই ডিফেন্ডার। ৪ সেপ্টেম্বর দলীয় বাস থেকে নামতে গিয়ে বাঁ পায়ের আঙুল কেটে যায় আনাইয়ের। এরপর থেকে অনুশীলন করতে পারছেন না আনাই।
গত ২২ ডিসেম্বর ঢাকায় অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে আনাইয়ের একমাত্র গোলেই ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সাধারণত ডিফেন্ডারদের গোল ঠেকানোই কাজ। কিন্তু ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত যখন গোল পাচ্ছিল না বাংলাদেশ, তখন বক্সের বাইরে থেকে আনাইয়ের ক্রস ভারতীয় গোলরক্ষক আনশিকা ঠেকাতে পারেননি। কাঙ্ক্ষিত গোলটা পেয়ে যায় বাংলাদেশ।
ঢাকায় দলকে চ্যাম্পিয়ন করা আনাই এবার সাফের আরেকটি টুর্নামেন্ট খেলতে কাঠমান্ডু আসার পর শুরু থেকেই দর্শকের সারিতে। স্বাভাবিকভাবেই মন খারাপ এই ফুটবলারের। এভাবে বসে থাকতে মোটেও ভালো লাগছে না খাগড়াছড়ির এই ফুটবলারের।
আজ সকালে আনাই বলছিলেন, ‘খুব খারাপ লাগছে আমার। জানি না কবে মাঠে ফিরতে পারব।’ এখন পর্যন্ত টুর্নামেন্টের কোনো চিকিৎসককে দেখাতে পারেননি। তবে দলের সঙ্গে আসা চিকিৎসক তার চোট দেখে পায়ের আঙুলে ব্যান্ডেজ বেঁধে দিয়েছেন। আনাইয়ের আশা, গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামতে পারবেন, ‘পাকিস্তানের বিপক্ষে হয়তো খেলতে পারব না। তবে ভারতের সঙ্গে গ্রুপের শেষ ম্যাচের আগে ফিট হয়ে উঠতেও পারি।’
আনাই যখন মন খারাপ করে বসে ছিলেন, তখন ফুরফুরে মেজাজে সময় পার করেছেন অন্যরা। কোচ গোলাম রব্বানীর পরিকল্পনায় কোনো অনুশীলন সেশন ছিল না আজ। প্রথমে টিম হোটেলে মেয়েদের সুইমিং ও হালকা স্ট্রেচিং করাতে চেয়েছিলেন। হঠাৎ করে পরিকল্পনায় পরিবর্তন আনেন।
সকালে অনুশীলন করিয়েছেন মেয়েদের। মালদ্বীপের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে একাদশে থাকা ফুটবলাররা অনেক নির্ভার ছিলেন আজ। বল নিয়ে একটুও অনুশীলন করেননি সাবিনা, সানজিদারা। তবে বাকি মেয়েরা হালকা স্ট্রেচিংয়ের পর বল নিয়ে মাঠে কঠোর অনুশীলন করেছেন। তবে তিন গোলরক্ষক রুপনা চাকমা, ইতি রানী ও সাথী বিশ্বাস কাদা ভরা মাঠে বল নিয়ে ঝালিয়ে নিয়েছেন নিজেদের।