অনন্তযাত্রায় ভালো থাকবেন বাংলাদেশের হাঙ্গেরিয়ান বন্ধু
গত ২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালটা রূপ নিল বিষাদে। ঘুম থেকে উঠে বাজে অভ্যাসবশত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢুঁ মারতেই হোমপেজ স্ক্রলে বারবার আসছিল, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ জর্জ কোটান আর নেই।’
সকাল সকাল বড় এক দুঃসংবাদ। চলে গেলাম কোটানের ব্যক্তিগত অ্যাকাউন্টে। কালো ব্যাকগ্রাউন্ডে কোটানের ছবি দিয়ে অচেনা ভাষায় একটা পোস্ট। তার মর্ম উদ্ধার করার কৌশল আমার জানা নেই। মন্তব্য বিভাগে গিয়ে বোঝার চেষ্টা করলাম ব্যাপারটা। ‘রিপ কোটান’ বা ‘সি ট্রান্সলেশন’ লেখাতে গিয়ে পোস্টের মর্ম বুঝতে আর সমস্যা হলো না।
জর্জ কোটান নেই—ততক্ষণে খবরটা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ডুকরে কেঁদে উঠেছে বাংলাদেশ। এক ভিনদেশির শেষনিশ্বাসের খবরটি হাজার হাজার মাইল দূর থেকে সীমান্তের কাঁটাতার ভেদ করে বাংলাদেশকে ভরিয়ে দিল বিষাদে। বাংলাদেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় শিরোপা জয়ের নেপথ্য নায়কের চিরবিদায় বলে কথা।
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পাওয়া কোটানের মারা যাওয়ার অপ্রিয় খবরে ব্যক্তিগতভাবে আস্থা রাখতে পারলাম না। মনের খটকা দূর করার জন্য সেদিন দুপুর ১২টা ৩৯ মিনিটে হাঙ্গেরি ফুটবল ফেডারেশনকে মেইল পাঠালাম। বেলা ২টা ২১ মিনিটে প্রেস অফিসার নিশ্চিত করলেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ২৫ সেপ্টেম্বর কোটান মৃত্যুবরণ করেছেন। মৃত্যু নামের সত্যটিকে কষ্ট করেই মেনে নিতে হলো। একই সঙ্গে সে ভদ্রলোক জানালেন, ৬ অক্টোবর (আজ) হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে Óbudai cemetery তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। কাকতালীয় বিষয় হলো, আজ তাঁর জন্মদিনও।
পরিবারের পক্ষে থেকে জন্মদিনেই তাঁকে সমাহিত করার কারণ—১৯৪৬ সালের ৬ অক্টোবর বুদাপেস্টে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের চ্যাম্পিয়ন কোচ। যেদিন পৃথিবীতে এসেছিলেন, ঠিক ৭৭ বছর পর সেই দিনেই তাঁর নশ্বর দেহ পাড়ি জমাচ্ছে অনন্তলোকে।
২০০০ সালে জাতীয় দলের কোচ হয়ে বাংলাদেশে কোটানের আগমন। এর পর থেকে বাংলাদেশের আলো–বাতাসের সঙ্গে বন্ধন, বাংলাদেশের মাটির সঙ্গে বিদেশি কোটানের প্রেমের সম্পর্ক গভীর থেকে হয়েছে আরও গভীরতম। ২০০৩ সালে বাংলাদেশকে এনে দিয়েছেন সাফ ফুটবলের প্রথম ও একমাত্র শিরোপা। এরপর বাংলাদেশের ফুটবলে বিদেশি কোচদের ক্ষেত্রে যা হয়, হয়েছিল তেমন হতাশাজনক বিদায়। অথচ কোটানের অধীনে যে সুরভিত ফুটবল খেলেছিল আমিনুল, আলফাজ, আরমানরা; সে গল্প এখনো কোনো ক্ষুরধার মস্তিষ্কের ফুটবলপ্রেমীর মুখ থেকে শোনার সৌভাগ্য হলে বর্তমান তরুণ প্রজন্ম আচ্ছন্ন হয়ে পড়বে কোচ কোটানের ট্যাকটিকসে।
গত বুধবার রাতে আমাদের ফর্টিস এফসি লিমিটেডের প্রধান কোচ মাসুদ পারভেজ কায়সার কোটানের সঙ্গে বিভিন্ন সময়ে তোলা ছবিগুলো ল্যাপটপে দেখছিলেন। খুব আগ্রহ নিয়ে দেখলাম আমিও। কোটানের অধীনে খেলা ও পরবর্তী সময়ে এএফসির অধীনে কোটানের সাহচর্যে কোচিং কোর্স করার অভিজ্ঞতা আছে তাঁর। সেই সময়ের কোটানের হাস্যোজ্জ্বল ছবিগুলো দেখিয়ে মাসুদ পারভেজ ভাই বলছিলেন, ‘কোটান সব সময় বলতেন, তুমি অন্যকে সাহায্য করো। সেও তোমাকে সাহায্য করবে।’
বিকেএসপির ফুটবল বিভাগের ছাত্র হওয়ার সুবাদে সেই ক্লাস সেভেনে পড়া অবস্থা থেকে হাস্যোজ্জ্বল ও বিনয়ী কোটানকে চেনাজানা। আমার দেখা সবচেয়ে নাক লম্বা ও নাক উঁচু লোকটাকে কিনা সব সময় দেখেছি নিরহংকার, শান্তশিষ্টভাবে জীবন অতিবাহিত করতে। কোচ জর্জ কোটানেও ছিলাম বরাবরই মুগ্ধ। গ্র্যান্ড ফাদার বলে সম্বোধন করতাম।
কোটানের পরবর্তী সময়ে আসা সব বিদেশি কোচকে ব্যক্তিগতভাবে ভালোভাবে জানি। বয়সভিত্তিক ও জাতীয় দল মিলিয়ে কোনো কোনো কোচের অধীনে প্র্যাকটিস করার সুযোগ হয়েছে। কিন্তু কোটানের মতো বাংলাদেশকে আপন করে নিতে দেখিনি কাউকে। কথাটি খুব দায়িত্ব নিয়ে বললাম। অন্য কোচেরা বেশির ভাগ কাজ করেছেন শুধু পেশাদারি জায়গা থেকে আর কোটান কাজ করেছেন বাংলাদেশকে ভালোবাসায় জড়িয়ে রেখে।
শুধু জাতীয় দল নয়, পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র ও আবাহনী লিমিটেডের কোচ হয়েছিলেন কোটান। ২০১৬ সালে ফেডারেশন কাপে আবাহনী চ্যাম্পিয়ন হওয়ার পরের দিনের গল্পটা এখনো আমার স্মৃতিতে তরতাজা। ভরদুপুরে আবাহনী ক্লাব তখনো ঘুমিয়ে আছে। চার বছর পর ফেডারেশন কাপের শিরোপা জয়ের রেশমাত্র নেই। আগের দিনের শিরোপা জয় নিয়ে কারও সঙ্গে এক-আধটু খোশগল্প করবেন, এমন একজন মানুষও খুঁজে পেলাম না। নিচতলার বারান্দা থেকে দাঁড়িয়ে ফুটবল মাঠে একজন দীর্ঘদেহী মানুষকে দেখলাম। দূর থেকে স্পষ্ট চেনার উপায় নেই বলে একটু কাছে গিয়ে দেখা। আরে উনি তো কোচ জর্জ কোটান! চৈত্রের দুপুরে সূর্যটা তখন মাথার ওপরে এসে দাঁড়িয়েছে। প্রখর রোদের মধ্যে নিজেই মেশিন ঠেলে ঠেলে ঘাস কেটে যাচ্ছেন ‘বুড়ো’ লোকটি।
ফুটবলারদের ফুটবল পাঠ শেখানো ছাড়াও মাঠের ঘাস লাগানো আর সময়মতো ঘাস ছেঁটে ছোট করা ছিল তাঁর কাজ। তাই সবার মতো দুপুর পর্যন্ত ঘুমানোর ফুরসত যেন নেই সব্যসাচী কোটানের! বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে কাজ করা বার্সেলোনা, আয়াক্সের কিংবদন্তি কোচ রাইনাস মিশেলসের সহকারী কোচ হিসেবে কাজ করা মানুষটি বিশ্বাস করতেন—কোয়ালিটি ফুটবল ডিপেন্ডস কোয়ালিটি ফুটবল ফিল্ড!
আবাহনী ক্লাবের মাঠে নিজের হাতে পানি দিয়ে সার ছিটিয়েছেন, যেখানে ঘাস ছিল না সেখানে নতুন করে লাগিয়েছেন ঘাস; আবার ঘাস বড় হয়ে গেলে সময়মতো নিজের টাকায় তেল কিনে এনে মেশিন দিয়ে তা ছাঁটাই করেছেন। মাঠে যাতে কেউ প্রবেশ না করতে পারে, সে জন্য তৈরি করেছিলেন বেড়াও। তিনি উপস্থিত থাকাকালে মাঠে এসে কেউ বসতে চাইলে হাতে টাকা ধরিয়ে দিয়ে বলতেন, ‘এখানে নয়, ধানমন্ডি লেকে গিয়ে বাদাম কিনে খাও আর আড্ডা দাও!’
জাতীয় দল থেকে ক্লাব দল, যখন যে দলের দায়িত্ব পালন করেছেন; মাঠ পরিচর্যার পাশাপাশি রান্নাঘরের পরিবেশের তদারকিও ছিল তাঁর। খাওয়ার প্লেটগুলো ঠিকমতো পরিষ্কার করা হয়েছে কি না বা খেলোয়াড়দের মানসম্মত খাবার দেওয়া হচ্ছে কি না সব দায়িত্বই নিয়েছিলেন নিজের কাঁধে। অথচ বাংলাদেশকে ২০০৩ সালে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ উপহার দিয়েও তাঁর বিদায়টা হয়েছিল খুবই বাজে। তাঁর বিদায়ে জাতীয় দল হারিয়েছিল বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় একজন শুভাকাঙ্ক্ষীকেও। তাঁর মুখ থেকে শুনেছি, অস্ট্রিয়ায় ফিরে গিয়ে নিজের বাড়ির দেয়ালে টানিয়ে রেখেছিলেন বাংলাদেশের পতাকা। এত দিনে দেয়ালে টানানো লাল-সবুজ রং মলিন হলেও তাঁর মনে তরতাজা ছিল বাংলাদেশ।
বাংলাদেশের ফুটবলে ইউরো, ডলার ও পাউন্ডে অনেক বিদেশি কোচ এসেছেন। তবে ‘কোটান’ হতে পারেননি কেউ। না সাফল্যে বিচারে, না লাল–সবুজের প্রতি আন্তরিকতা ও ভালোবাসায়। আজ কোটানের অনন্তযাত্রায় একটাই চাওয়া, পরপারে ভালো থাকবেন দ্য সাকসেসফুল ফেস অব বাংলাদেশ ফুটবল, ভালো থাকবেন বাংলাদেশের হাঙ্গেরিয়ান বন্ধু।
লেখক: বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার