এমবাপ্পের যে জিনিসটা ‘বিরক্ত’ লাগে তাঁর সতীর্থের

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মুহূর্তে ফুটবল–দুনিয়ার অন্যতম সেরা কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসির সঙ্গে তাঁর দ্বৈরথ ‘বিশ্বসেরা’ নিয়ে। আর্জেন্টাইন তারকা অবশ্য বিশ্বকাপ জিতে এগিয়ে আছেন অনেকটাই। এমবাপ্পেও তো কম যান না। রুদ্ধশ্বাস বিশ্বকাপ ফাইনালে করলেন হ্যাটট্রিক, তা–ও ৫৬ বছরে প্রথম।

বিশ্বকাপে ৮ গোল করে পেয়েছেন ‘গোল্ডেন বুট’। আপাতত মেসি তাঁর পথে বাধা হয়ে দাঁড়ালেও আগামীর ফুটবল যে এমবাপ্পেকে ঘিরেই চলবে, সেটা এরই মধ্যে পরিষ্কার হয়ে গেছে সবার কাছে। তিনি নিজেও তো বিশ্বকাপজয়ী তারকা। কিন্তু এই এমবাপ্পের একটা ব্যাপারে বেজায় বিরক্ত ফ্রান্স দলে তাঁর সতীর্থ আদ্রিয়াঁ র‍্যাবিও।

আরও পড়ুন

ইতালিতে জুভেন্টাসে খেলছেন র‍্যাবিও। তিনি ইতালির একটি পত্রিকাকে বলেছেন, এমবাপ্পের একটি অদ্ভুত অভ্যাসেই তাঁর যত বিরক্তি। তিনি ভেবে পান না, এমবাপ্পে কেন এমনটা করেন।

রেফারির সিদ্ধান্ত নিয়ে তর্ক করছেন এমবাপ্পে–র‍্যাবিও
ছবি: রয়টার্স

কী সেই অভ্যাস? র‍্যাবিও জানিয়েছেন, ‘এমবাপ্পে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের কণ্ঠ বদলে ফেলে। কিছুটা গুরুগম্ভীর স্বরেই কথা বলার চেষ্টা করে সে। অথচ সাধারণ সময়ে সে অন্যভাবে কথা বলে। এটা কেন করবে সে? খুবই বিরক্তিকর একটা অভ্যাস এটি তার।’

আরও পড়ুন

র‍্যাবিওর মতে, ‘এমবাপ্পের এই গলার স্বর বদলে ফেলাটা আমাকে খুবই পীড়া দেয়। সবার সঙ্গে সে একভাবে কথা বলে, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সে কেন স্বরটা কৃত্রিম করে ফেলে? এটা ফ্রান্স দলের সবাই খেয়াল করেছে। সবার কাছেই এটা বিরক্তিকর।’

জুভেন্টাস মিডফিল্ডার এবারের বিশ্বকাপে ফ্রান্স দলের অন্যতম চালিকাশক্তি ছিলেন। এবার তিনি চান আন্তর্জাতিক ফুটবলে নিজের পারফরম্যান্সের প্রতিফলন ক্লাব ফুটবলে ঘটাতে। সর্বশেষ ১১ আন্তর্জাতিক ম্যাচে র‍্যাবিওর গোল ৩টি, গোলে সহায়তা ২টি। জুভেন্টাসের হয়ে অবশ্য তিনি এখনো নিজের সেরা পারফরম্যান্স খুঁজে ফিরছেন।