মেসি–ফন ডাইকদের ম্যাচ সবচেয়ে বয়স্ক ও কনিষ্ঠ কোচের লড়াইও
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ আর্জেন্টিনা–নেদারল্যান্ডস ম্যাচ বয়সের দিক দিয়ে দুই মেরুতে থাকা দুই কোচেরও লড়াই। ম্যাচটি হতে যাচ্ছে বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী কোচের সঙ্গে সবচেয়ে বেশি বয়সী কোচের দলের। ৪৪ বছর বয়সী লিওনেল স্কালোনি এবার বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী কোচ। নেদারল্যান্ডসের লুই ফন গাল সবচেয়ে বেশি বয়সী কোচ। তাঁর বয়স ৭১ বছর।
দুই প্রজন্মের দুই কোচের এই লড়াইয়ে কে জিতবেন, সেটি সময়ই বলে দেবে। তবে আর্জেন্টাইন কোচ স্কালোনি ফন গালের সঙ্গে মোকাবিলায় গর্ব অনুভব করছেন, ‘আমি যখন দেপোর্তিভো লা করুনায় খেলি, তখন তিনি বার্সেলোনার কোচ। তিনি ফুটবল কোচিংয়ে বিরাট এক ব্যক্তিত্ব। কোচ হিসেবে তাঁর সঙ্গে মোকাবিলাটা গৌরবের।’ শেষ ষোলোয় অস্ট্রেলিয়াকে ২–১ গোলে হারিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ওঠার পর ডাচ কোচকে নিয়ে এই মন্তব্য করেছিলেন স্কালোনি।
স্কালোনি নিওয়েলস ওল্ড বয়েজ ও এস্তুদিয়ান্তেসের হয়ে ক্যারিয়ারের শুরুর দিকে খেলার পর ১৯৯৮ সালে যোগ দেন দেপোর্তিভোয়। লুই ফন গাল তখন বার্সেলোনার কোচ। ২০০৬ সাল পর্যন্ত দেপোর্তিভোতে কাটান স্কালোনি। অবসর নেন ২০১৫ সালে। অন্যদিকে ফন গাল ২০০২ সালে দ্বিতীয় মেয়াদে বার্সেলোনার দায়িত্ব নেন।
তার আগে ১৯৯৭ সালে প্রথম মেয়াদে বার্সেলোনার কোচ হয়েছিলেন। আয়াক্সকে ১৯৯৫ সালে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতিয়ে কাতালান ক্লাবটিতে আসেন ফন গাল। ২০১৯ সালে ফন গালকে ফুটবল ইতিহাসে ১৮তম সেরা কোচ হিসেবে বেছে নিয়েছিল সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’।
কাগজে–কলমে এই দুই কোচের তুলনা চলে না। স্কালোনি যখন পেশাদার ক্যারিয়ার শুরু করেন, ফন গাল তত দিনে কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। আয়াক্স, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ফন গাল।
ক্লাব ফুটবলে নেদারল্যান্ডস, স্পেন ও জার্মানিতে জিতেছেন লিগ শিরোপা। ২০১৪ সালে তাঁর অধীনেই সেমিফাইনাল খেলেছিল নেদারল্যান্ডস। রোনাল্ড কোমানের পদত্যাগের পর গত বছর আগস্টে তৃতীয়বারের মতো নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব নেন ফন গাল।
স্কালোনি খেলা ছাড়ার পর আর্জেন্টিনা অনূর্ধ্ব–২০ দলের দায়িত্বে এসেছিলেন। সেখান থেকেই ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনার ব্যর্থতার পর কোচ হোর্হে সাম্পাওলির স্থলাভিষিক্ত হন। পেশাগত জীবনে চুপচাপ কাজ করে যাওয়া স্কালোনি এখন পর্যন্ত তেমন কোনো বিতর্তে জড়াননি।
কিন্তু ফন গাল ক্যারিয়ারের নানা সময়ে বিতর্কে জড়িয়েছেন, ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে, দেশের ফেডারেশনের সঙ্গে। চাকরি ছেড়েছেন আবার পেয়েছেনও। একবার বায়ার্ন মিউনিখের সাবেক সভাপতি উলি হোয়েনেস বলেছিলেন, ‘সমস্যাটা হচ্ছে ফন গাল নিজেকে ঈশ্বর ভাবেন না। তিনি আসলে একজন গডফাদার।’
স্কালোনি একটি জায়গায় ফন গালকে ছাড়িয়ে গেছেন ৪৬ বছর বয়সেই। ফন গাল এত বছরেও নেদারল্যান্ডস জাতীয় দলের হয়ে কোনো আন্তর্জাতিক ট্রফি জিততে পারেননি। স্কালোনি গত বছর আর্জেন্টিনাকে এনে দিয়েছেন কোপা আমেরিকার শিরোপা। ২৮ বছর পর সেটা ছিল আর্জেন্টিনার প্রথম আন্তর্জাতিক শিরোপা। ইউরো চ্যাম্পিয়ন ইতালিকেও হারিয়ে জিতেছেন ‘কোপা ফিনালিসিমা’।
দুই প্রজন্মের এই দুই কোচের মধ্যে আজ শেষ হাসি হাসবেন কে, সময় হলেই জানা যাবে।