বিশ্বকাপের ফাইনালে মেসির সেই আচরণ দেখে হতাশ হয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি

গত জুলাইয়ে সর্বশেষ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর হতাশ মেসিএএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল মাঠে কখনো কখনো পরাজয়ের চেয়েও বড় হয়ে ওঠে পরাজয় মেনে নেওয়ার যন্ত্রণা। বিশেষ করে সেই মানুষটির জন্য, যাঁর অভ্যাস জয়ী হওয়া। যিনি একের পর এক রেকর্ড ভেঙেছেন, ট্রফি জিতেছেন। সেই মানুষটি লিওনেল মেসি। হেরে যাওয়ার মুহূর্তে তাঁর আচরণেও যে হতাশা, ক্ষোভ আর মরিয়া চেষ্টা ফুটে উঠতে পারে, সেটাই যেন দেখিয়েছেন মেসি।

আর্জেন্টাইন হয়ে মেসিকে সমালোচনা করার সাহস কজনের আছে? আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি হোর্হে ভালদানো অবশ্য সেই সাহস দেখিয়েছেন। গত জুলাইয়ে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ম্যাচে মেসির একটি আচরণকে তিনি বলেছেন ‘হতাশার বহিঃপ্রকাশ’। শুধু তা-ই নয়, ভালদানোর চোখে সেটি ছিল নিজেদের দুর্বলতা মেনে নেওয়ারও একধরনের স্বীকারোক্তি।

কী ঘটেছিল সেদিন? উত্তর আমেরিকার বিশ্বকাপে ৩৯তম জন্মদিন উদ্‌যাপন করেছেন মেসি। বয়স যেন তাঁর কাছে নিতান্তই একটা সংখ্যা। গ্রুপ পর্বেই করেছিলেন ৬ গোল। এরপর শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে কেপ ভার্দে ও মিসরের বিপক্ষে কঠিন লড়াইয়ের জয়েও গোল পেয়েছেন। সব মিলিয়ে টুর্নামেন্টে ৮ গোল। কিছু সময়ের জন্য বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও হয়ে গিয়েছিলেন। যদিও অল্প সময়ের মধ্যেই তাঁকে ছাড়িয়ে যান কিলিয়ান এমবাপ্পে। সব মিলিয়ে মেসির বিশ্বকাপটা তখন স্বপ্নের মতোই মনে হচ্ছিল।

রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় ও কোচ হোর্হে ভালদানো
ছবি: ভিডিও থেকে নেওয়া

কিন্তু ফাইনালে স্পেনের সামনে সেই স্বপ্নের রং ফিকে হয়ে যায়। ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ক্রমেই ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে থাকে। নির্ধারিত ৯০ মিনিটের যোগ করা সময়ে লাল কার্ড দেখেন এনজো ফার্নান্দেজ। শেষ বাঁশি বাজার পর আর্জেন্টাইন খেলোয়াড়দের ক্ষোভ আরও স্পষ্ট হয়ে ওঠে। স্পেন যখন ট্রফি নিতে যাচ্ছিল, আর্জেন্টিনার খেলোয়াড়েরা তখন মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকেন। ফুটবলে হারজিত আছে, কিন্তু প্রতিপক্ষের সাফল্যের প্রতি এমন অসম্মান খুব কমই দেখা যায়। সেই আচরণ থেকে বাদ যাননি মেসিও।

আরও পড়ুন

স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়া ম্যাচের একপর্যায়ে একমুহূর্তের জন্য মুখের কাছে হাত তুলেছিলেন। সেটাকেই সুযোগ হিসেবে দেখেন মেসি। সঙ্গে সঙ্গে রেফারি স্লাভকো ভিনচিচের কাছে গিয়ে অভিযোগ করেন। তাঁর দাবি, কুকুরেয়াকে শাস্তি দেওয়া হোক।
বিশ্বকাপের আগে নতুন একটি নিয়ম চালু করেছিল ফুটবলের আইনপ্রণেতা সংস্থা।

মাঠে প্রতিপক্ষের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় মুখ ঢেকে কথা বললে শাস্তি পেতে পারেন খেলোয়াড়েরা। গত মৌসুমে জিয়ানলুকা প্রেতসিয়ান্নি-কাণ্ডের পরই এই নিয়মের প্রবর্তন। বিশ্বকাপে প্রথম এই নিয়মের শাস্তি পেয়েছিলেন প্যারাগুয়ের মিগেল আলমিরন।

২০২৬ বিশ্বকাপ ফাইনালে মাঠের খেলায় নিজের ছায়া হয়েছিলেন মেসি
এএফপি

কিন্তু কুকুরেয়ার ঘটনাটি ছিল আলাদা। সেটা কোনো উত্তপ্ত বাক্যবিনিময় ছিল না। মুখের কাছে তাঁর হাতও এতক্ষণ ছিল না যে কথাবার্তা আড়াল করার প্রশ্ন ওঠে। আসলে এনজো ফার্নান্দেজের লাল কার্ডের পর আর্জেন্টিনা তখন একজন খেলোয়াড় কম নিয়ে লড়ছিল। মেসি যেন সেই পরিস্থিতিতে প্রতিপক্ষের একজনকে মাঠের বাইরে পাঠানোর সুযোগ খুঁজছিলেন।

ফাইনাল তখনো গোলশূন্য।

আরও পড়ুন

মেসির এই আচরণই ভালোভাবে নিতে পারেননি ভালদানো। ১৯৮৬ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন দলের এ সদস্য মেসির মতোই নিউয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলেছেন। রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা ভালদানো স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, মেসির ওই অভিযোগ ছিল আসলে হারের আশঙ্কা থেকে জন্ম নেওয়া মরিয়া চেষ্টা। ভালদানোর ভাষায়, ‘এটা ছিল হতাশার অঙ্গভঙ্গি। এমন এক ফাইনালে নিজেদের হীনম্মন্যতার স্বীকারোক্তি, যেখানে দুই দলের ব্যবধান, আমরা যে রকম দেখে অভ্যস্ত, তার চেয়ে অনেক বেশি ছিল।’

আর্জেন্টিনা জাতীয় দলে বাজে সময়ও পার করেছেন মেসি
এএফপি

কথাটা একটু কঠিন। বিশেষ করে মেসিকে নিয়ে। তবে ভালদানো এখানেই থামেননি। তাঁর মতে, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের শারীরিক ও মানসিক ধকল আর্জেন্টিনাকে ফাইনালে ভুগিয়েছে। স্পেনের চেয়ে ২৪ ঘণ্টা পরে সেমিফাইনাল খেলেছে আর্জেন্টিনা। তার ওপর আগের দুই পর্বে কেপ ভার্দে ও সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময় খেলতে হয়েছে। শেষ ষোলোয় মিসরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও ফিরতে হয়েছে ম্যাচে। আর্জেন্টিনা আসলে ফুরিয়ে গিয়েছিল।

ভালদানো বলেছেন, ‘ওদের পায়ে সেই শক্তি ও উদ্যম ছিল না, যা তারা (ফাইনাল পর্যন্ত) দেখিয়ে এসেছে। অন্যদিকে স্পেন সব দিক থেকেই দুর্দান্তভাবে ম্যাচটি খেলেছে। কৌশলগত এবং নৈতিক দিক থেকেও, যদি ফুটবলে নৈতিকতার কোনো মাত্রা থাকে। স্পেন কোনো ফাঁদে পা দেয়নি।’

এই কথাগুলোই হয়তো সবচেয়ে বেশি ভাবায়। মাঝেমধ্যে সবচেয়ে বড় কিংবদন্তিদেরও হার মেনে নিতে কষ্ট হয়। আর সেই কষ্টই তাঁদের মানুষ করে তোলে।