ফকল্যান্ড নিয়ে আবার বিতর্ক উসকে দিল আর্জেন্টাইন ক্লাব

বিশেষ এই জার্সি পরে নেমেছিল আর্জেন্টিনার ক্লাব আলমিরান্তে ব্রাউনসামাজিক যোগাযোগমাধ্যম এক্স

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার একটি বিতর্কিত ব্যানার প্রদর্শনের ঘটনায় ফিফার তদন্ত চলছে। সেই তদন্তে দোষী প্রমাণিত হলে শাস্তি হতে পারে আর্জেন্টিনার খেলোয়াড় কিংবা কোচিং স্টাফদের। তবে এ–সংক্রান্ত উত্তাপ থামার আগেই বিষয়টি নতুন করে উসকে দিল দেশটির দ্বিতীয় বিভাগের ফুটবল ক্লাব আলমিরান্তে ব্রাউন।

আরও পড়ুন


গত রোববার রেসিং দে কর্দোবার বিপক্ষে জয়ের ম্যাচে একেবারে ভিন্ন ধাঁচের একটি বিশেষ জার্সি পরে মাঠে নামেন আলমিরান্তে ব্রাউনের ফুটবলাররা। নিজেদের চিরাচরিত হলুদ-কালো ডোরাকাটা পোশাক বদলে নীলচে-সাদা রঙের এই জার্সির বুকের ওপর বড় অক্ষরে লেখা ছিল, ‘মালভিনাস আর্জেন্টিনার।’

পিঠে জার্সি নম্বরের নিচে আঁকা ছিল দুই আঙুল উঁচিয়ে আসমানের দিকে তাকানো লিওনেল মেসির সেই চেনা উদ্‌যাপনের ছবি। উল্লেখ্য, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনায় ‘মালভিনাস’ নামে পরিচিত।

মালভিনাস আর্জেন্টিনার, এমন জার্সি পরে মাঠে নেমেছিল আর্জেন্টাঈন ক্লাব আলমিরান্তে ব্রাউন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স


ম্যাচের আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিশেষ এই জার্সি পরে খেলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় ক্লাব কর্তৃপক্ষ। ওই পোস্টে তারা লেখে, ‘মালভিনাসকে স্মরণ করে আগামীকাল আমরা একটা বিশেষ জার্সি পরব। আর্জেন্টাইন হতে পেরে গর্বিত।’ ম্যাচ শেষে এক্সে শুরুর একাদশের ছবিটি পোস্ট করে ক্লাবের পক্ষ থেকে ক্যাপশনে শুধুই লেখা হয়, ‘ওরা আর্জেন্টাইন!’


যুক্তরাজ্যের বিপক্ষে ম্যাচ শেষে ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’ লেখা ব্যানার প্রদর্শনের জেরে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা যখন তদন্ত চালিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই বিশেষ জার্সির খবরটি সামনে এল। এর আগেও এমন ঘটনার নজির রয়েছে। ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচের আগে একই স্লোগান লেখা ব্যানার প্রদর্শনের দায়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা।


ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার বিরোধ বহু পুরোনো। আর্জেন্টিনার মূল ভূখণ্ড থেকে মাত্র ৩০০ মাইল দূরে অবস্থিত এই দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে ১৯৮২ সালে দুই দেশ ৭৪ দিনের রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়েছিল। ওই যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন ৯১০ জন।