তিন ক্লাবের জন্য আবারও সময় বাড়াল বাফুফে

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনপ্রথম আলো

ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত পূরণ এবং খেলোয়াড় নিবন্ধনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আরও সময় পেল বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী লিমিটেড ও ফকিরেরপুল ইয়ংমেনস। ১৭ আগস্টের মধ্যে ক্লাব লাইসেন্সিংয়ের কাজ শেষ করতে পারবে তিন ক্লাব। আর বাংলাদেশ ফুটবল লিগের দলগুলো খেলোয়াড় নিবন্ধন করতে পারবে ১৯ আগস্ট পর্যন্ত।

এ নিয়ে চতুর্থ দফায় সময় বাড়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

প্রথম দফায় ২০২৬–২৭ মৌসুমের ক্লাব লাইসেন্সিংয়ের শেষ সময় ছিল ৪ আগস্ট। পরে বাফুফে সময় বাড়িয়ে ৭ আগস্ট করে। এরপর তৃতীয় দফায় তা বাড়িয়ে ১১ আগস্ট করা হয়। সর্বশেষ আজ বৃহস্পতিবার আবার সময় বাড়িয়ে ১৭ আগস্ট করা হয়েছে।

এ ছাড়া খেলোয়াড় নিবন্ধনের জন্য আজ ছিল শেষ দিন। কিন্তু নিষেধাজ্ঞার কারণে বসুন্ধরা কিংস, ফকিরেরপুল ইয়ংমেনস ও আবাহনী নতুন খেলোয়াড় নিবন্ধন করাতে পারেনি।

নতুন মৌসুমে অংশ নেওয়া ক্লাবগুলো ১৯ আগস্টের মধ্যে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপের প্রথম দুই রাউন্ডে খেলাতে পারবে। আর ৩ সেপ্টেম্বরের মধ্যে চুক্তিবদ্ধ খেলোয়াড়েরা লিগ ও ফেডারেশন কাপের বাকি ম্যাচগুলো খেলার সুযোগ পাবেন।

আরও পড়ুন

তিন ক্লাবের মধ্যে সবচেয়ে বেশি জটিলতায় আছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ক্লাবটির নতুন খেলোয়াড় নিবন্ধনের ওপর ফিফার নিষেধাজ্ঞা আছে ১৪টি।

ঢাকা আবাহনী তুলনামূলকভাবে কিছুটা স্বস্তিতে থাকলেও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। তাদের বিরুদ্ধে মোট তিনটি নিষেধাজ্ঞা ছিল। এর মধ্যে দুটি প্রত্যাহার হয়েছে, তবে একটি নিষেধাজ্ঞা এখনো বহাল আছে। ফকিরেরপুলের ওপর আছে দুটি নিষেধাজ্ঞা।