সাফ নারী ফুটবলে এবারও বাংলাদেশের গ্রুপে ভারত
ভারতের গোয়ায় পর্দা উঠতে যাচ্ছে অষ্টম সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের। আগামী ২৫ মে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ড্র আজ বুধবার ঢাকার সাফ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ছয়টি দেশের অংশগ্রহণে হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের সামনে রয়েছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।
ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে দলগুলোর অবস্থান নির্ধারণ করে অনুষ্ঠিত হয়েছে এই ড্র। র্যাঙ্কিংয়ে ভারত ও নেপাল শীর্ষ দুই অবস্থানে থাকায় তাদের রাখা হয়েছে দুই আলাদা গ্রুপে। আর বাংলাদেশ রয়েছে তিন নম্বরে।
এবারের আসরে অংশ নিচ্ছে না পাকিস্তান। ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান এবারের টুর্নামেন্টে ভারতের মাটিতে খেলতে আসছে না।
ড্র অনুযায়ী ‘এ’ গ্রুপে পড়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ।
বাংলাদেশের জন্য এবারের ড্র বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। টুর্নামেন্টের পরিসংখ্যান বলছে, ২০২৪ সালেও বাংলাদেশের গ্রুপে ছিল ভারত, সঙ্গে পাকিস্তান। ২০২২ সালে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ। সেই ধারাবাহিকতায় এবারও শক্তিশালী ভারতের সঙ্গে একই গ্রুপে পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
২০১০ সালে ঢাকায় প্রথম নারী সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই থেকে ভারত টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের সাফল্যে ভাগ বসায় বাংলাদেশ। গত দুটি সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে এবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লড়াই।