মালদ্বীপের বিপক্ষে ‘বাঁচামরার’ ম্যাচের আগে পরিসংখ্যান কী বলছে

সাফে টিকে থাকতে বাংলাদেশকে আজ জিততেই হবে।বাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপকে আজ হারাতে না পারলে বাংলাদেশ দলের বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে লেবাননের কাছে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ হেরে খাদের কিনারে চলে গেছে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে ম্যাচটিকে তাই বাংলাদেশ দল নিচ্ছে বাঁচামরার লড়াই হিসেবে।

প্রথম আলো গ্রাফিকক্‌স

এমন একটি ম্যাচের আগে অনেকেই হয়তো দুই দলের অতীত লড়াইয়ে চোখ রাখবেন। অতীত পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের জন্য খুব একটা আনন্দের নয়। এ কারণেই কিনা এ ম্যাচের আগে বাংলাদেশের সেন্টারব্যাক তপু বর্মণ বলেছেন, ‘কথায় আছে, একবার না পারিলে দেখ শতবার। আমরা সেই চেষ্টাটা সব সময় করে যাই। কারণ, সাফ আমাদের কাছে বিশ্বকাপের মতো। আমরা সেভাবেই প্রস্তুতি নিই প্রতিবছর। তেমন প্রস্তুতি নিয়ে এবারও এসেছি। এমন নয় যে এক ম্যাচ হেরে আমরা সাফ থেকে বিদায় নিয়েছি।’

গ্রাফিকস: মো. মাহাফুজার রহমান

আজ বাংলাদেশ যদি মালদ্বীপের কাছে হেরে যায় এবং পরের ম্যাচে লেবানন ভুটানকে হারায়, তাহলে আজই বাংলাদেশের সেমিফাইনালে খেলার আশা শেষ হয়ে যাবে। ৬ পয়েন্ট করে নিয়ে সেমিতে ওঠা নিশ্চিত করে ফেলবে মালদ্বীপ ও লেবানন। ২৮ জুন ভুটানের বিপক্ষে শেষ ম্যাচটা তখন শুধু খেলার জন্যই খেলবে বাংলাদেশ। ২০০৯ সালের পর সাফের সেমিফাইনালে খেলতে না পারার যে ব্যর্থতার ইতিহাস, সেটি দীর্ঘায়িত হবে আরও।

প্রথম আলো গ্রাফিক্‌স

মালদ্বীপের সঙ্গে ড্র করলেও বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্ন অনেকটাই ধূসর হয়ে যাবে। তবে তখন অন্তত কাগজ-কলমের হিসাবে বেঁচে থাকবে আশা। বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মালদ্বীপের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে চোখ রাখলে দেখা যায় তপু বর্মণরাই পিছিয়ে।