পিএসজিতে যাচ্ছেন ফেরান তোরেস, আলভারেজকে কি পাবে বার্সা
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে স্তব্ধ করে দেওয়া ফেরান তোরেসের সেই গোলের কথা নিশ্চয় মনে আছে আপনার। সেই গোলের পর এখনো মাসখানেক পার হয়নি, ঠিকানা বদলে ফেলছেন এই স্প্যানিশ স্ট্রাইকার।
পাঁচ বছরের চুক্তিতে প্যারিসের ক্লাব পিএসজিতে যাচ্ছেন তোরেস, তাঁর জন্য প্রায় ৫ কোটি ইউরো খরচ করছে পিএসজি। কিন্তু প্রশ্ন হচ্ছে, তোরেস চলে গেলে বার্সেলোনায় তাঁর জায়গায় কে খেলবেন?
এখনো পিএসজি ও বার্সেলোনার মধ্যে তোরেসকে নিয়ে আনুষ্ঠানিক চুক্তি হয়নি, তবে দ্য অ্যাথলেটিক বলছে সেটি হয়ে যাবে দ্রুতই। বার্সায় চুক্তির মেয়াদ শেষ হয়ে আসছিল তোরেসের, নতুন চুক্তি না করে দল বদলানোরই সিদ্ধান্ত নিলেন। ২০২২ সালে ম্যানচেস্টার সিটি থেকে প্রায় ৫৫ মিলিয়ন ইউরোতে তোরেসকে কিনেছিল বার্সেলোনা।
এবার বিক্রি করে সেই অর্থের প্রায় পুরোটাই তুলে নিচ্ছে ক্লাবটি। তোরেস অবশ্য পিএসজিতে পাচ্ছেন বিশ্বকাপে খেলা স্পেনের সতীর্থ ফাবিয়ান রুইজকে। তাঁর দলবদলে পিএসজির এই মিডফিল্ডারের ভূমিকা আছে বলেও জানা যাচ্ছে।
রবার্ট লেভানডফস্কি আগেই ক্লাব ছেড়েছেন, এবার তোরেসও বিদায়ের পথে—ফলে বার্সার নাম্বার ৯ পজিশনে তৈরি হয়েছে সত্যিকারের সংকট। লামিনে ইয়ামাল, রাফিনিয়া, অ্যান্টনি গর্ডন কিংবা কারিম আদেইয়েমি থাকলেও তাঁরা মূলত উইঙ্গার। ফেরমিন লোপেজ বা দানি ওলমো সামনে খেলতে পারলেও তাঁরা স্বীকৃত সেন্টার-ফরোয়ার্ড নন।
বার্সেলোনার প্রথম পছন্দ ছিলেন হুলিয়ান আলভারেজ। কিন্তু আতলেতিকো মাদ্রিদ এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে ছাড়তে চাইছে না। আর্জেন্টিনার সাংবাদিক গাস্তন এদুল জানাচ্ছেন, আলভারেজের সঙ্গে আতলেতিকোর বৈঠক হওয়ার কথা কাল।
পুরো ব্যাপারটা নিয়ে আলভারেজের সঙ্গে আতলেতিকোর সম্পর্কেও ফাটল ধরেছে বলে দাবি তাঁর। মাদ্রিদের ক্লাবটি চাইছে, আলভারেজের রিলিজ ক্লজের পুরো ৫০ কোটি ইউরো। স্বাভাবিকভাবেই বার্সেলোনা এই অবিশ্বাস্য অঙ্ক দিতে চাইছে না।
এখন আলভারেজের আসাটা অনিশ্চিত হয়ে যাওয়ায় বার্সেলোনার নজর লুইস সুয়ারেজের দিকে। না, উরুগুয়ে স্ট্রাইকার নন। এই সুয়ারেজ কলম্বিয়ান, বয়স ২৮, খেলেন পর্তুগালের স্পোর্তিং লিসবনে। গত মৌসুমে ৪৪ ম্যাচে ৩২ গোল করে তিনি ছিলেন দলের অন্যতম সেরা তারকা। তাঁর রিলিজ ক্লজ ৮ কোটি ইউরো। বার্সেলোনা অবশ্য চাইছে আরও কম অর্থে তাঁকে নিয়ে আসতে।