মুখোমুখি রিয়াল–বায়ার্ন: ইতিহাস কী বলে

২০২৩–২৪ মৌসুমের সেমিফাইনালে সর্বশেষ দেখা হয়েছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখেররয়টার্স

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল শুরু আজ। প্রথম দিনের দুই ম্যাচে একটিতে মুখোমুখি দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। অন্য ম্যাচে ইংলিশ ক্লাব আর্সেনালকে আতিথেয়তা দেবে পর্তুগিজ ক্লাব স্পোর্তিং।

রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ, মাদ্রিদ (রাত ১টা)

মুখোমুখি ফল

• রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ ২৯তম ম্যাচ আজ। ইউরোপের মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতায় সবচেয়ে বেশিবার মুখোমুখি হওয়ার রেকর্ড এটিই। সব কটি ম্যাচই ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগে।
• রেকর্ড ৪১তম বার কোয়ার্টার ফাইনালে খেলছে রিয়াল, ৩৬ বার কোয়ার্টার ফাইনাল খেলে দুইয়ে বায়ার্ন। চ্যাম্পিয়নস লিগ যুগের রেকর্ডটা অবশ্য বায়ার্নের (২৪ বার), দুইয়ে রিয়াল (২২)।
• দুই লেগের লড়াইয়ে সর্বশেষ চার দেখাতেই বায়ার্নকে পেছনে ফেলে পরের রাউন্ডে উঠেছে রিয়াল, সর্বশেষ ২০২৩-২৪ মৌসুমের সেমিফাইনালে। চারবারই চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল।
• বায়ার্নের বিপক্ষে সর্বশেষ ৯ ম্যাচে অপরাজিত রিয়াল।
• বায়ার্নের বিপক্ষে তিনবার কোয়ার্টার ফাইনাল খেলে তিনবারই সেমিফাইনালে গেছে রিয়াল। জার্মান ক্লাবের বিপক্ষে সাতবার শেষ আটে খেলে সাতবারই পরের রাউন্ডে গেছে দলটি।
• স্প্যানিশ ক্লাবের বিপক্ষে সর্বশেষ আটটি দুই লেগের লড়াইয়ের সাতটিতেই হেরেছে বায়ার্ন।    

স্পোর্তিং সিপি-আর্সেনাল, লিসবন (রাত ১টা)

মুখোমুখি

• গত মৌসুমে সর্বশেষ দেখায় স্পোর্তিংয়ের মাঠে ৫-১ গোলে জিতেছে আর্সেনাল।
• ইউরোপে নকআউট পর্বে এর আগে একবারই দেখা হয়েছে দুই দলের। ২০২২-২৩ মৌসুমের ইউরোপা লিগের শেষ ষোলোতে দুই লেগই ড্র হওয়ার পর টাইব্রেকারে জিতে আর্সেনালকে বিদায় করে দেয় পর্তুগিজ ক্লাবটি।
• চ্যাম্পিয়নস লিগে ২০০৫-৬ মৌসুমের পর দুই লেগের লড়াইয়ে কোনো ইংলিশ ক্লাবকে পেছনে ফেলে পরের রাউন্ডে যেতে পারেনি পর্তুগিজ ক্লাবগুলো।