বার্সার জয়ে লেভা ও ইয়ামালের গোল

একটি গোল করার পাশাপাশি গোল মিসও করেছেন লামিনে ইয়ামালএএফপি

রবার্ট লেভানডফস্কি ও লামিনে ইয়ামালের গোলে মায়োর্কাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়িয়ে চার পয়েন্টে নিয়ে গেছে।
বার্সেলোনা আজ ম্যাচটি খেলেছে আবার আংশিকভাবে খোলা ক্যাম্প ন্যু স্টেডিয়ামে। বার্সেলোনার তৃতীয় গোলটি করেছেন তরুণ মিডফিল্ডার মার্ক বের্নাল।
বার্সেলোনার ধীর গতির শুরুতে আক্রমণে গতি আনেন মার্কাস রাশফোর্ড। তাঁর একটি বাঁকানো শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ২৯ মিনিটে রবার্ট লেভানডফস্কি যে গোলটিতে বার্সাকে এগিয়ে দেন, সেটিতেও মূলত অবদান রাশফোর্ডের। তাঁর একটি শট ভালোভাবে ঠেকাতে পারেননি মায়োর্কার গোলকিপার। ফিরতি বলে গোল করেন লেভা।

গোল না পেলেও দারুণ খেলেছেন মার্কাস রাশফোর্ড
এএফপি

রাশফোর্ডের ফ্রি-কিকও ঠিক কোনোমতে ফিরিয়ে দেন মায়োর্কার গোলকিপার। এবার ফিরতি বলে গোল করার সুযোগ পেয়েছিলেন লামিনে ইয়ামাল। কিন্তু সুযোগটি তিনি কাজে লাগাতে পারেননি।
দ্বিতীয়ার্ধে নিজের ভুল পুষিয়ে নেন ইয়ামাল। বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত শটে ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড।
গোল খেয়েও মায়োর্কা ঠিক দমে যায়নি, আক্রমণ করে গেছে তারাও। কিন্তু কাঙ্ক্ষিত গোল পায়নি মায়োর্কা। উল্টো ৮৩ মিনিটি বের্নালের গোলে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এ জয়ের পর ২৩ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৫৮। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৪।