তেভেজের বিদায়ী ম্যাচে মেসির খেলা নিশ্চিত, রোনালদোর কী খবর

কার্লোস তেভেজ ও লিওনেল মেসি। আর্জেন্টিনা দলে যখন তাঁরা সতীর্থ ছিলেনউয়েফা চ্যাম্পিয়নস লিগ ফেসবুক পেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনার জার্সিতে তাঁর ১১ বছরের ক্যারিয়ার। পেশাদার ফুটবলে কেটেছে ২০ বছর। বোকা জুনিয়র্স কিংবদন্তি তো বটেই ওয়েস্ট হাম, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের জার্সিতেও মাত করেছেন। এমন একজন ফুটবলার পাঁচ বছর আগে পেশাদার ফুটবল ছেড়ে কোচিংয়ে নামলেও বাকি রয়ে গেছে একটা বিদায়ী ম্যাচ। কার্লোস তেভেজ এখন সেই বিদায়ী ম্যাচেরই অপেক্ষায়।

সেটার দিন–তারিখ ঠিক হয়েছে আগেই। আগামী ২০ ডিসেম্বর বোকার মাঠ লা বোমবোনেরো স্টেডিয়ামে তেভেজের এই বিদায়ী ম্যাচটি খেলা হবে। কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, মেসি এবং রোনালদো দুজনেই উপস্থিত থাকবেন এই ম্যাচে। গতকাল মেসির উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করে ম্যাচটির আয়োজক কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তাঁরা খবরটি নিশ্চিত করেন। পোস্টটিতে লেখা হয়, ‘লিও মেসি, লা বোমবোনেরা তোমার অপেক্ষায়!’

ক্রিস্টিয়ানো রোনালদোর এ ম্যাচে উপস্থিত থাকার সম্ভাবনা এখনো আলোচিত হচ্ছে। ব্যাপারটি এখনো নিশ্চিত না হলেও টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোকে যুক্ত করার ইচ্ছাটা একটু অন্যভাবে জানিয়েছেন তেভেজ। যেসব তারকাকে সঙ্গে নিয়ে বিদায়ী ম্যাচটি খেলবেন, তাঁদের মধ্য থেকে সেরা একাদশ বেছে নিতে গিয়ে ‘এল অ্যাপাচি’ বলেন, ‘কল্পনায় দেখছি, ক্রিস্টিয়ানো আর মেসি ‘ফ্লাকো’ শিয়াভিকে কাটিয়ে এগিয়ে যাচ্ছে।’

আর্জেন্টিনা দলে মেসি ও ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদো সতীর্থ ছিলেন তেভেজের। পর্তুগিজ কিংবদন্তিকে খেলতে রাজি করাতে পারলে প্রথমবারের মতো তাঁকে মেসির সঙ্গে একই দলে খেলতে দেখা যাবে। তবে তেভেজের খেলোয়াড় তালিকায় ফুটবলের বাইরের একজন আছেন। আর্জেন্টিনার ফর্মুলা ওয়ান চালক ফ্রাঙ্কো কোলাপিন্তো। তেভেজের ভাষায়, ‘ফ্রাঙ্কো কোলাপিন্তো স্ট্রাইকার হিসেবে খেলতে চায়।’

ম্যানচেস্টার ইউনাইটেডে সতীর্থ ছিলেন তেভেজ ও ক্রিস্টিয়ানো রোনালদো
কার্লোস তেভেজের ইনস্টাগ্রাম হ্যান্ডল

গত অক্টোবরে ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার রিও ফার্ডিনান্ডকে দেওয়া সাক্ষাৎকারে হুয়ান রোমান রিকেলমের খেলা নিশ্চিত করেন ৪২ বছর বয়সী তেভেজ। থাকছেন ইউএস ওপেনজয়ী হুয়ান মার্টিন দেল পোত্রোও। তেভেজের বিদায়ী এই ম্যাচের অফিশিয়াল নাম ‘দ্য লাস্ট ড্যান্স’।

আরও পড়ুন

তেভেজ নিজে যাঁদের খেলা নিশ্চিত করেছেন—হুয়ান রোমান রিকেলমে, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, মার্টিন পালের্মো, সের্হিও আগুয়েরো, জিয়ানলুইজি বুফন, আরতুরো ভিদাল, প্যাট্রিক এভরা ও রিও ফার্ডিনান্ড। আসলে এ ম্যাচে একত্র হবেন সেসব ফুটবলার, যাঁরা তেভেজের ক্যারিয়ারে নানা অধ্যায়ের সঙ্গী ছিলেন।

তেভেজ জানান, ক্যারিয়ারে একসময়ের সব সঙ্গীকে তিনি নিজের এলাকা ও আর্জেন্টিনার রীতিনীতি দেখাতে চান। তাঁর ভাষায়, ‘১৮ তারিখে আমি তাঁদের এলাকায় নিয়ে যাব, ফুয়ের্তে অ্যাপাচেতে ফুটবল খেলব। ১৯ তারিখে, একটি খামারবাড়িতে তাঁদের জন্য আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আয়োজন করব—মাতে (একধরনের পানীয়) পান করব, ওয়াইন খাব এবং আসাদো আ লা এস্তাকা (কাঠের খুঁটিতে ঝলসানো মাংস) খাব; যাতে তাঁরা জানতে পারে আমি কোথা থেকে এসেছি, কারণ অনেকেই আর্জেন্টিনা সম্পর্কে জানে না।’

রিও ফার্ডিনান্ডের সঙ্গে তেভেজ
কার্লোস তেভেজের ইনস্টাগ্রাম হ্যান্ডল

৩৮ বছর বয়সে ২০২২ সালের জুনে পেশাদার ফুটবল থেকে অবসর নেন তেভেজ। তবে এবার প্রাণের ক্লাব বোকার মাঠে দর্শকদের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার সুযোগ পাবেন তিনি। অবসর নেওয়ার পর কোচিংয়ে নেমে তেভেজ এখনো সাফল্য পাননি। তবে খেলোয়াড় হিসেবে বেশ সফল। আর্জেন্টিনার হয়ে কিছু জিততে না পারলেও পদক আছে চ্যাম্পিয়নস লিগ জয়ের। প্রিমিয়ার লিগ, সিরি আ ও ক্লাব বিশ্বকাপও জিতেছেন। আর্জেন্টিনার হয়ে ৭৬ ম্যাচে তাঁর গোল ১৩টি।