অনূর্ধ্ব-২০ দলের হোটেলে কী হয়েছিল, কেন পুলিশ ডাকলেন ইংলিশ কোচ

খেলোয়াড়দের নিয়ে অনুশীলনে কোচ জেরার্ড জোন্সবাফুফে

উজবেকিস্তানে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে যাওয়ার আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের টিম হোটেলে এক অস্বস্তিকর ঘটনাই ঘটেছে।

ঘটনাটি গত বুধবারের। দলের ইংলিশ কোচ জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমানের মধ্যে টিম হোটেলে কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়েছে বলে জানা গেছে। এরপর জেরার্ড জোন্স ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দুই কোচের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর পরিস্থিতি একপর্যায়ে ধাক্কাধাক্কিতে গড়ায়। এরপর জোন্স আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চান। খবর পেয়ে পুলিশ টিম হোটেলেও যায়। পরে পরিস্থিতি স্বাভাবিকই হয়েছে।

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলার প্রস্তুতি সেরেছেন কোচ জেরার্ড জোন্স। ছবিটি এর আগে অনুশীলনে তোলা
বাফুফে

‎তবে কী বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধের শুরু, কিংবা জেরার্ড জোন্স ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে ঠিক কী অভিযোগ করেছিলেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
‎এ বিষয়ে দলের ম্যানেজার সামিদ কাশেম প্রথম আলোকে বলেন, ‘বাফুফের ডেভেলপমেন্ট কমিটি এ বিষয় নিয়ে কাজ করছে। আশা করি খুব শিগগির একটি সুন্দর সমাধান হয়ে যাবে।’

ডেভেলপমেন্ট কমিটির অনেক সদস্যই এ বিষয়ে জানেন না। কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদিকে ঘটনাটি জানানো হলে তিনি কোনো মন্তব্য করেননি। তবে কমিটির আরেক সদস্য মঞ্জুরুল করিম বলেছেন, 'এমন কিছু হলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'

আরও পড়ুন

‎এ ঘটনা নিয়ে জোন্সের বক্তব্য পাওয়া যায়নি। কয়েকবার কল দেওয়ার পরও তিনি ফোন ধরেননি। এমনকি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর পরও কোনো উত্তর দেননি।

‎‎৩১ আগস্ট উজবেকিস্তানে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব। বাংলাদেশ অনূধ্ব–২০ দলের ২৭ আগস্ট দেশ ছাড়ার কথা। গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতার আগে কোচিং স্টাফের মধ্যে এমন বিরোধ দলের প্রস্তুতি ও পরিবেশ নিয়ে নতুন প্রশ্নই তৈরি করেছে।