উয়েফার বিপক্ষে লড়াইয়ে ইলন মাস্কের আইনজীবীকে নিয়োগ কুশনারের

জশুয়া কুশনাররয়টার্স

উয়েফার আইনি চ্যালেঞ্জের মুখে নিজের পক্ষে লড়তে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের আইনজীবীকে নিয়োগ দিয়েছেন ‘ভেনচার ক্যাপিটালিস্ট’ জশুয়া কুশনার। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপসহ বড় টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব বেসরকারি খাতে বিক্রির যে পরিকল্পনা করেছিলেন, সেখানে বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের এ ব্যবসায়ী।

নিজের ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের মাধ্যমে বিশ্বকাপের স্বত্ব কেনায় আগ্রহ দেখিয়েছিলেন জশুয়া কুশনার। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী পরিবার কুশনার পরিবারের এই সদস্য দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ছোট ভাই।

তুমুল সমালোচনার মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো পরে পরিকল্পনাটি বাতিল করেন। জশুয়া কুশনার নিজেও এই পরিকল্পনায় যুক্ত থাকার জন্য আফসোস করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ জানিয়েছে, নিউইয়র্কভিত্তিক আইনি সংস্থা ‘কুইন ইমানুয়েল’–এর আইনজীবী অ্যালেক্স স্পাইরোকে নিয়োগ দিয়েছেন জশুয়া কুশনার। ২০১৫ সালে দুর্নীতি কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর ফিফার প্রতিনিধিত্ব করছে এই আইনি সংস্থা।

অ্যালেক্স স্পাইরো
রয়টার্স

ইনফান্তিনোর বিতর্কিত পরিকল্পনায় জড়িয়ে ৪১ বছর বয়সী জশুয়া এখন যুক্তরাষ্ট্রে আদালতের মুখোমুখি। ইনফান্তিনোর বিশ্বকাপের স্বত্ব বিক্রি করার সে পরিকল্পনা–সংক্রান্ত সব ধরনের যোগাযোগ ও তথ্য প্রকাশের জন্য জশুয়ার কাছে দাবি জানিয়েছেন উয়েফার আইনজীবীরা। ওদিকে সুইজারল্যান্ডে ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রস্তুতি নিচ্ছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক এ সংস্থা।

জশুয়া বলেছেন, ইনফান্তিনোর পরিকল্পনার বিরুদ্ধে এত বড় প্রতিবাদ হবে, তা আগে থেকে জানতে পারলে তাঁর প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটাল ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) প্রকল্পে ‘যুক্ত হতো না।’

বিবৃতিতে কুশনার বলেন, ‘যদিও এফএফইর মূল উদ্দেশ্যের প্রতি আমাদের সমর্থন এখনো রয়েছে, তবে বিশ্ব ফুটবলের ভেতরে রাজনৈতিক মারপ্যাঁচ বুঝতে আমরা ব্যর্থ হয়েছি। অংশীদারের নির্ভরযোগ্য সহযোগী হিসেবে থ্রাইভ ক্যাপিটালের দীর্ঘদিনের সুনাম রয়েছে। দিনশেষে বিষয়টি যে এমন রূপ নেবে, তা যদি আগে থেকে টের পেতাম, তবে আমরা কখনোই এতে যুক্ত হতাম না।’

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
রয়টার্স

২০১৮ সালে থাইল্যান্ডের গুহা থেকে কিশোর ফুটবলারদের উদ্ধারকারী দলের এক সদস্যকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে মানহানির মামলা লড়তে হয় বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে। ২০১৯ সালে সেই মামলার রায় মাস্কের পক্ষে যায়। আর মাস্কের পক্ষে মামলায় আইনি লড়াই লড়েছিলেন স্পাইরো। হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা খারিজের পেছনেও ভূমিকা ছিল স্পাইরোর। প্রখ্যাত র‍্যাপার জে-জির আইনি কৌঁসুলি হিসেবেও দায়িত্ব পালন করেছেন ৪৩ বছর বয়সী এ আইনজীবী।

আরও পড়ুন

উয়েফার আইনজীবীদের আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, ফিফার বিভিন্ন টুর্নামেন্টের ২০ শতাংশ শেয়ার ৪২০ কোটি ডলারে (৪.২ বিলিয়ন) বিক্রি করার পরিকল্পনাটি ছিল ‘হাস্যকর রকমের কম’। নথিতে আরও বলা হয়, এই অঙ্ক ‘কোনো উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক নিলামের মাধ্যমে নির্ধারণ করা হয়নি, কিংবা কোনো স্বাধীন মূল্যায়নকারী প্রতিষ্ঠান দিয়েও যাচাই করা হয়নি।’

আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, ‘সুইজারল্যান্ডের ফৌজদারি দণ্ডবিধির ১৫৮ ধারা অনুযায়ী জিয়ান্নি ইনফান্তিনো এবং ফিফার সম্ভাব্য অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে আর্থিক অব্যবস্থাপনার অভিযোগে ফৌজদারি মামলার কথা ভাবছে উয়েফা ও তাদের আইনজীবীরা। ঘটনা উন্মোচনের সঙ্গে সঙ্গে এর বাইরেও অন্যান্য বা বিকল্প অভিযোগ গঠন করা হতে পারে।’

আইনি নথিতে আরও বলা হয়, এফএফই–সংক্রান্ত সব ধরনের নথি ও ইলেকট্রনিক তথ্য প্রকাশের জন্য কুশনারের ‘থ্রাইভ ক্যাপিটাল’ ফান্ড এবং ফিফার মায়ামি কার্যালয়ের ওপর আদালতের নির্দেশ চাওয়া হয়েছে। একই সঙ্গে থ্রাইভ ক্যাপিটাল ও কুশনারকে আদালতে সাক্ষী হিসেবে উপস্থিত করার আদেশও চেয়েছে উয়েফা।

আরও পড়ুন