শেষ মুহূর্তের গোলে সিসিএনকে হারিয়ে সেমিফাইনালে জাহাঙ্গীরনগর, সঙ্গী এআইইউবি

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ছবি: তানভীর আহাম্মেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের তখন শেষ মুহূর্ত। গোলশূন্য প্রথম কোয়ার্টার ফাইনালটা সবাই ধরে নিয়েছেন টাইব্রেকারে গড়াচ্ছে। কিন্তু ফুটবলে শেষ বাঁশির আগপর্যন্ত নাটকীয় অনেক কিছুই ঘটতে পারে। আর ঠিক সেটাই হলো। শেষ বাঁশির আগে বদলি নামা শাহরিয়ারের একমাত্র গোলে কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠে গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দুর্ভাগ্য সিসিএনের, ম্যাচটা টাইব্রেকারে নিতে নিতে শেষ পর্যন্ত পারল না। বিদায় নিতে হলো টুর্নামেন্ট থেকে।

সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে আজ টুর্নামেন্টে প্রথম কোয়ার্টার ফাইনাল যতটা নাটকীয়তায় ভরপুর ছিল, দ্বিতীয় কোয়ার্টার ফাইনালটা হলো একপেশে। চট্টগ্রামের সাদার্ন ইউনিভার্সিটিকে হারাতে ঘাম ঝরাতে হয়নি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশকে (এআইইউবি)। ৮-১ গোলে বিরাট জয়ে টুর্নামেন্টে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে এআইইউবি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জয়ে অবদান রেখে ম্যাচসেরা হয়েছেন গত মৌসুমে বসুন্ধরা কিংসে খেলো মিডফিল্ডার মাহমুদুল হাসান কিরণ (এবার শেখ জামার ধানমন্ডিতে নাম লেখাচ্ছেন)। ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে এখন পর্যন্ত জাহাঙ্গীরনগরের তিন ম্যাচেই সেরার স্বীকৃতি উঠেছে কিরণের হাতে।

জাহাঙ্গীরনগর–সিসিএন ম্যাচে একমাত্র গোলটি হয়েছে শেষ মুহূর্তে
ছবি: প্রথম আলো

প্রথম দুই ম্যাচেই করেছেন দুটি করে গোল। আজ গোল না পেলেও গোলে রেখেছেন অবদান। শেষ বাঁশির আগে সিসিএনের গোলমুখে কিরণের হেড থেকে শাহরিয়ার আলতো টোকায় জয়সূচক গোলটি করেন। এই গোলের কিছুক্ষণ আগে বদলি হিসেবে শাহরিয়ার মাঠে নামেন এবং প্রথম বলে প্রথম পা ছুঁইয়েই পেয়ে যান দলকে সেমিফাইনালে তোলা মহামূল্যবান গোলটি।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে এআইইউবির ৮-১ গোলের বিশাল জয়ে হ্যাটট্রিক করেও ম্যাচসেরার পুরস্কার পাননি ফায়েজ আজিম। বরং দুই গোল করে এবং গোলে অবদান রেখে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন একই দলের ফাইয়াজ আহমেদ। পুরস্কারমঞ্চে ফাইয়াজ বলেন, ‘আমাদের দলে সবাই ভালো খেলেছে। চ্যাম্পিয়ন হতে আমরা সবাই খুবই আগ্রহী। যেভাবে খেলছি আশা করি ফাইনালেও উঠব।’

সাদার্ন ইউনিভার্সিটিকে সহজেই হারিয়েছে এআইইউবি
ছবি: প্রথম আলো

মাহমুদুল হাসান কিরণ পুরস্কার নেওয়ার সময় তাঁর নামে স্লোগান তোলেন তাঁর সতীর্থরা। পরে কিরণ বলেন, ‘গণ, ফারইস্ট বা ড্যাফোডিলের মতো দলগুলোর মতো আমাদের পেশাদার ফুটবলার নেই। আমার দলে আমিই একমাত্র পেশাদার খেলোয়াড়। কিন্তু আমাদের দলীয় সমন্বয় ভালো। আমরা নতুন কিছু করার জন্য, নতুন বিপ্লব করার জন্য এই টুর্নামেন্টে এসেছি। সেমিফাইনালে ওঠা পর্যন্ত আমার কোনো কৃতিত্ব নেই, কৃতিত্ব সব আমার সতীর্থদের।’

দুই ম্যাচসেরার হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির সদস্য সাবেক জাতীয় ফুটবলার ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের বর্তমান কোচ আলফাজ আহমেদ। খেলা দেখে উচ্ছ্বসিত আলফাজ বলেন, ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে বেশ কিছু ফুটবলার আছে, যারা শীর্ষ ফুটবলে খেলার যোগ্যতা রাখে। আশা করি, এই টুর্নামেন্ট থেকে নতুন কিছু মুখ আমরা পাব, যারা ভবিষ্যতে পেশাদার পর্যায়ে খেলতে পারবে।’

এআইইউবির জয়ে ম্যাচসেরা হন ফাইয়াজ আহমেদ
ছবি: প্রথম আলো

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেডের ব্যবস্থাপক এস এম তৌফিকুল ইসলাম।

এই প্রতিবেদন লেখার সময় তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে গণবিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।
ম্যাচ পরিচালনা করেছেন সাবেক ফিফা রেফারি জালাল উদ্দিন, ফিফা সহকারী রেফারি নুরুজ্জামান, ফিফা সহকারী রেফারি রাসেল মাহমুদ ও জাতীয় রেফারি সাইমন হাসান।