রোনালদো পর্তুগালের সবচেয়ে বড় প্রতিষ্ঠান: পর্তুগালের অর্থমন্ত্রী
কোচের সঙ্গে দ্বন্দ্বে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে শুধু পর্তুগাল নয়, পুরো ফুটবল বিশ্বেই তোলপাড়। এর মধ্যেই পর্তুগালের অর্থমন্ত্রীর কণ্ঠে রোনালদো-স্তুতি। পর্তুগাল কোচ জর্জ জেসুস ও রোনালদোর মধ্যে কে সঠিক, সেই প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি দেশটির অর্থমন্ত্রী মানুয়েল কাস্ত্রো আলমেইদা। তবে এটা বলেছেন, পর্তুগালের কাছে রোনালদোর গুরুত্ব ফুটবলের গণ্ডি ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত। তাঁর ভাষায়, ‘অনেক মানুষ পর্তুগালকে চেনে শুধু ক্রিস্টিয়ানো রোনালদোর কারণে।’
গত সপ্তাহে উয়েফা নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে মাঠে নামাননি পর্তুগাল কোচ। এ নিয়ে ক্ষোভের জেরে ডেনমার্কের বিপক্ষে পরের ম্যাচের আগের দিন দলের ক্যাম্প ছাড়েন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী মহাতারকা।
আল নাসর তারকার হুট করে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনা নিয়ে পর্তুগিজ ফুটবলে আলোড়ন উঠেছে। কোচ জেসুসের সঙ্গে রোনালদোর সম্পর্কের টানাপোড়েনে জাতীয় দলে তাঁর শেষ সময়টা ঘনিয়ে এল কি না, চলছে এমন আলোচনাও।
এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে পর্তুগালের অর্থমন্ত্রী তাঁর দেশের বৈশ্বিক পরিচিতিতে রোনালদোর অবদানের কথা স্মরণ করেছেন। পর্তুগালের নাও চ্যানেলে আলমেইদা বলেছেন, ‘পর্তুগালের ভাবমূর্তি তুলে ধরা ও প্রচারে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব বিশাল। বিশ্বব্যাপী পর্তুগালের সুনাম বাড়ানো সবচেয়ে বড় প্রতিষ্ঠান।’
রোনালদো ও কোচ জেসুসের মধ্যকার বিরোধের বিষয়টি ‘বিশেষজ্ঞ নই’ বলেই পাশ কাটিয়ে গেছেন অর্থমন্ত্রী। পর্তুগিজ এই মন্ত্রীর চোখে রোনালদো কেবল একজন ফুটবলার নন, দেশের ব্র্যান্ডিংয়ের মুকুটহীন সম্রাট, ‘দেশের ভাবমূর্তি ও সুনাম বাড়ানোর দিক থেকে ক্রিস্টিয়ানোর মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সুফল পাওয়াটা অব্যাহত থাকলে পর্তুগালের জন্য খুবই ভালো হবে।’
উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে আজ নরওয়ের মুখোমুখি হবে পর্তুগাল। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও রোনালদোকে ছাড়াই খেলবে পর্তুগাল।