শেষ চারের টিকিট পাওয়ার লড়াই আর নানা সমীকরণ সামনে নিয়েই আজ কিংস অ্যারেনা ও কুমিল্লায় মাঠে নেমেছিল দুই দল। দিন শেষে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে ‘জিততেই হবে’ শর্ত পূরণ করে ফেডারেশন কাপের কোয়ালিফায়ার নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৪ ম্যাচে দুই জয় আর দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে কিংস, সমান পয়েন্ট নিয়ে মোহামেডান রানার্সআপ।
নিজেদের মাঠ কিংস অ্যারেনায় ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজের চার গোলে পুলিশ এফসিকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে বসুন্ধরা কিংস। ম্যাচের শেষ দিকে কিংসের জয় যখন নিশ্চিত, এই সময় সান্ত্বনাসূচক একটি গোল শোধ করে পুলিশ। অন্যদিকে কুমিল্লায় আরামবাগ স্পোর্টিং ক্লাবকে ৪-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে মোহামেডান, যেখানে সাদা–কালোদের হয়ে হ্যাটট্রিক করেছেন সৌরভ দেওয়ান।
টুর্নামেন্টের সমীকরণের কারণে কিছুটা দুর্ভাগ্যজনক বিদায় হয়েছে পুলিশ এফসির। গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচে ছয় পয়েন্ট পেয়েও শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে তাদের। আজ ড্র করলেই শেষ চারের টিকিট নিশ্চিত হতো পুলিশের, কিন্তু তা আর হয়নি।
প্রথমার্ধে পেনাল্টি পেলেও গোলের সুযোগ হাতছাড়া করে পুলিশ। ৩৫ মিনিটে পাওলো হেনরির নেওয়া স্পট কিক ক্রসবারের কোনায় লেগে ফিরে আসে। উল্টো প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে কিংসকে এগিয়ে দেন দরিয়েলতন। দ্বিতীয়ার্ধে তো দরিয়েলতন–ঝড়ই শুরু হয়। তিনি একে একে আরও তিনটি গোল করেন, যার মধ্যে একটি ছিল হেডে আর বাকি দুটি নিখুঁত প্লেসিংয়ে। এ নিয়ে মৌসুমে তার গোলসংখ্যা দাঁড়াল ২০টিতে। এই হারের ফলে চার ম্যাচে পাঁচ পয়েন্ট পাওয়া ফর্টিস এফসির মতো বিদায় নিয়েছে পুলিশ এফসিও।
কিংসের বিদেশি খেলোয়াড়দের বেতন বকেয়া নিয়ে গত কয়েক দিন ধরে আলোচনা চলছিল। গত শুক্রবার কিংসের অন্য দুই বিদেশি সানডে আর টনির সঙ্গে মাঠের বাইরে ছিলেন দরিয়েলতনও। বেতন না পাওয়ায় তাঁরা খেলেননি বলে জানা গিয়েছিল সেদিন ম্যাচ শেষে। আজ দরিয়েলতন ফিরলেও বাকি দুজন ছিলেন অনুপস্থিত। অনুশীলনও করছেন না তাঁরা।
ম্যাচ শেষে দলের প্রধান কোচ আবু জোবায়ের নিপু বিদেশিদের বেতন বকেয়া প্রসঙ্গে বলেন, ‘বিভিন্ন কারণে গত ম্যাচে তারা খেলেনি, ফান্ডিংয়ের কিছু সমস্যা ছিল। তবে দরিয়েলতন নির্ভরযোগ্য খেলোয়াড়, সে স্ট্রাইকার হিসেবে খেললে আর কোনো সমস্যা নেই। সে কাল অনুশীলন করেছে, আজ খেলেছে। তার সাথে যে ঝামেলা ছিল সেটা মিটিয়ে ফেলা হয়েছে। দরির খেলায় সবার মধ্যে মোটিভেশন এসেছে।’ আজ অবশ্য চতুর্থ গোলের পর দরিয়েলতনকে তুলে নেওয়া হয়। শেষ বাঁশির পর তাঁকে আর মাঠেই পাওয়া যায়নি।
বিদেশিদের বেতন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বিদেশিরা টাকা পাবেই, হয়তো একটু দেরি হয়। আমাদের প্রতিশ্রুতি আছে সব টাকাই দেওয়া। তবে শৃঙ্খলা ভঙ্গের কারণে ক্লাব দরিয়েলতন ছাড়া বাকি দুজন বিদেশিকে পরের ম্যাচগুলোতে না খেলানোর কথা ভাবছে বলে জানান জোবায়ের।
এদিকে আজ কিংস অ্যারেনায় ম্যাচ কাভার করতে আসা সাংবাদিকদের পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। স্টেডিয়ামের নির্ধারিত প্রেসবক্সটি বন্ধ ও ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। পাশেই নতুন প্রেসবক্সের নির্মাণকাজ চললেও তা এখনো ব্যবহার উপযোগী নয়। ফলে ভিআইপি বক্সের সামনে উন্মুক্ত স্থানে বসে ম্যাচ কাভার করতে হয়েছে সাংবাদিকদের। দলের লাইনআপ বা প্রয়োজনীয় তথ্য পাওয়ার মতো কোনো ব্যবস্থাও সেখানে ছিল না, যা পেশাদার ফুটবলের মানদণ্ডে খুবই হতাশাজনক।
কুমিল্লার ম্যাচে ৪০ মিনিটে জুয়েল মিয়ার গোলে এগিয়ে যায় মোহামেডান। দ্বিতীয়ার্ধে আরামবাগের রক্ষণভাগ ভেঙে টানা তিন গোল করেন সৌরভ দেওয়ান। তাতে ৪-০ গোলের দাপুটে জয় শেষ চারের টিকিট নিশ্চিত করে সাদা–কালোরা।