অনেক ফরাসিও মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে চান

দিদিয়ের দেশমছবি: এএফপি

একটিমাত্র ম্যাচ। এই ম্যাচ জিতলেই নতুন করে ইতিহাস লেখা হবে দিদিয়ের দেশমের। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতার বৃত্ত আগেই পূরণ করছেন এই ফরাসি কোচ। এবার কোচ হিসেবে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের হাতছানি দেশমের সামনে। যে পথে তাঁর সবচেয়ে বড় বাধা লিওনেল মেসি।

কেবল মাঠেই নয়, মাঠের বাইরেও বড় চাপ সামলাতে হচ্ছে দেশমকে। সবাই যে মেসির হাতে বিশ্বকাপ শিরোপা দেখতে চায়! ফ্রান্স কোচ দেশমের ধারণা, অনেক ফরাসিও বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন করবে। কারণ, তারাও যে মেসিকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে দেখতে চায়।

আরও পড়ুন

চারপাশে সবার মুখে এখন মেসির নাম, সে তালিকায় অনেক ফরাসি নাগরিককেও দেখছেন দেশম। তিনি বলেছেন, ‘আমি জানি আর্জেন্টিনা, বিশ্বব্যাপী অনেক মানুষ এবং কিছু ফ্রেঞ্চও সম্ভবত এটা আশা করে যে লিওনেল মেসি যেন বিশ্বকাপ জিততে পারে। তবে শিরোপা জিততে সম্ভাব্য সবকিছু আমরা করব।’

অনুশীলনে এমবাপ্পেরা
ছবি: এএফপি

‘মেসি, মেসি’ ধ্বনিতে চারপাশ যখন প্রকম্পিত, তখন চোট ও দলের খেলোয়াড়দের অসুস্থতা নিয়েও বাড়তি দুশ্চিন্তা আছে দেশমের। এমন পরিস্থিতিতে একাকী বোধ করছেন কি না, জানতে চাইলে দেশম বলেছেন, ‘আমি প্রায়ই এমনটা বোধ করি। তবে আমি একা ভালো আছি। এটা আমাকে বিরক্ত করে না। এ ধরনের অনিশ্চয়তা সব সময় থাকে। আমরা এখন এ পর্যায়ে আছি এবং ম্যাচের জন্য প্রস্তুত হতে সম্ভাব্য সবকিছু আমরা করেছি।’

আরও পড়ুন

শুধু নিজেই নন, আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকেও চাপে দেখছেন দেশম, ‘লিওনেল স্কালোনিও কিছু চ্যালেঞ্জের মুখে আছে। তারা নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরেছে। তবু তারা অবশ্য এত দূর এসেছে।’
তবে ম্যাচ নিয়ে বাড়তি দুশ্চিন্তার বদলে মনোযোগ ধরে রাখায় জোর দিচ্ছেন দেশম, ‘ম্যাচ নিয়ে আমার বিশেষ কোনো দুশ্চিন্তা বা উদ্বেগ নেই। যখন আপনি এ ধরনের ম্যাচের জন্য প্রস্তুত হবেন, আপনাকে সব সময় মনোযোগ ধরে রাখতে হবে এবং সংযত থাকতে হবে।’