মেসির সঙ্গে সাক্ষাতে ট্রাম্প বললেন, ‘তুমি হয়তো পেলের চেয়েও ভালো’
লিওনেল মেসি ও তাঁর ক্লাব ইন্টার মায়ামির সতীর্থরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গতকাল হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন। মেজর লিগ সকারে (এমএলএস) ক্লাবটির ঐতিহাসিক শিরোপা জয় উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছিল মেসিদের।
গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এমএলএস কাপের ট্রফি জেতে ইন্টার মায়ামি। স্মরণীয় সেই ট্রফি জয় উদ্যাপনে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহামের সহ-মালিকানাধীন ক্লাবটির তারকাদের হোয়াইট হাউস সফরে আমন্ত্রণ জানানো হয়।
ওয়াশিংটনে ডিসি ইউনাইটেডের বিপক্ষে আগামীকালের ম্যাচের আগে হোয়াইট হাউস সফর করেন মেসি–মাচেরানোরা। হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে মেসিসহ ইন্টার মায়ামি দলের বাকি সদস্যরা মঞ্চে দাঁড়িয়ে ছিলেন। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদমাধ্যমের সামনে তাঁদের সাফল্যের প্রশংসা করেন।
ট্রাম্প এই অনুষ্ঠানে মেসিকে ঘিরে নিজের ছেলের সম্পর্কে একটি মজার ঘটনা শোনান। ট্রাম্প বলেন, ‘আমার ছেলে ব্যারন ট্রাম্প আমাকে বলল, “বাবা, আজ এখানে কে আসছে জানো?” আমি বললাম, “না, আমার তো অনেক কাজ চলছে।” সে বলল, “মেসি!” সে তোমার (মেসি) বড় ভক্ত। সে মনে করে তুমি দারুণ একজন মানুষ। আর একজন ভদ্রলোক আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো অসাধারণ, তুমিও অসাধারণ।’
মেসিকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প আরও বলেন, ‘লিও তার অবিশ্বাস্য ক্যারিয়ারের ৪৭তম ট্রফি জিতেছে—যা সর্বকালের মধ্যে সবচেয়ে বেশি। তুমি চাইলে বিশ্বের যেকোনো ক্লাবে যেতে পারতে, যেকোনো দলে খেলতে পারতে। কিন্তু তুমি ইন্টার মায়ামিকেই বেছে নিয়েছ। এই যাত্রায় আমাদের সবাইকে সঙ্গী করার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই।’
এ সময় পেলের প্রসঙ্গ টেনে ট্রাম্প মেসির উদ্দেশে বলেন, ‘আমার বোধ হয় এটা বলা উচিত নয়, কারণ আমি এখন বুড়ো হয়ে গেছি। কিন্তু আমি পেলেকে খেলতে দেখেছি। জানি না, তুমি হয়তো পেলের চেয়েও ভালো। অবশ্য পেলে নিজেও অসাধারণ ছিলেন।’
অনুষ্ঠানে উপস্থিত থাকা ইন্টার মায়ামির অন্য তারকাদের মধ্যে লুইস সুয়ারেজ, তাদেও আলেন্দে ও রদ্রিগো দি পলসহ অনেকেই উপস্থিত ছিলেন। মেজর লিগ সকারের কমিশনার ডন গারবার বসেছিলেন হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্স প্রধান অ্যান্ড্র গিলিয়ানির পাশে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজ ও ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার কয়েকজন সদস্য।