আরামবাগকে ৬ গোল মোহামেডানের, পুলিশের ৮ গোলের জয়

আরামবাগের জালে ৬ গোল দেওয়া মোহামেডান খেলোয়াড়দের উদযাপনমোহামেডান ফেসবুক

বাংলাদেশ ফুটবল লিগে গতকাল চার ম্যাচে হয়েছিল ১৮ গোল। আজও সেই গোলময় দিন; দুই ম্যাচেই হয়েছে ১৪ গোল। মুন্সিগঞ্জে আরামবাগকে ৬–০ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে গাজিপুরে ফকিরেরপুল ইয়ংমেনসকে ৮–০ গোলে বিধ্বস্ত করেছে পুলিশ এফসি।

দুই দলের বড় জয়ে লিগের পয়েন্ট তালিকায়ও এসেছে পরিবর্তন। মোহামেডান টানা দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। তিন ম্যাচের সব কটিতে জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে পুলিশ এফসি।

নিজেদের নতুন হোম ভেন্যু মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আরামবাগের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মোহামেডান।

শেষ পর্যন্ত মাঠ ছেড়েছে ৬ গোলের বড় জয় নিয়ে। মোহামেডানের জয়ের নায়ক হ্যাটট্রিক করা সুলেমান দিয়াবাতে। বাকি তিনটি গোল করেছেন সৌরভ দেওয়ান, মিনহাজুর আবেদিন ও শাহরিয়ার ইমন।

গোল–উৎসবে পিছিয়ে থাকেনি পুলিশ এফসিও। শহীদ বরকত স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবকে কোনো সুযোগই দেয়নি তারা। ম্যাচের ১৬ মিনিটে শুরু হওয়া গোলের ধারা থেমেছে ৮৯ মিনিটে।

পুরো ম্যাচে প্রতিপক্ষের জালে আটবার বল পাঠিয়েছে পুলিশ। হ্যাটট্রিক আছে এ ম্যাচেও। পুলিশের সেনেগালের ফরোয়ার্ড মোহাম্মদ রাসুল বা দিয়েছেন তিন গোল। জোড়া গোল শেখ বাবলুর। এ ছাড়া মানিক মোল্লা, আরমান ফয়সাল ও রাব্বি হোসেন একটি করে গোল করেছেন।