ব্যালন ডি’অর নিয়ে ইয়ামালের সঙ্গে কথার লড়াইয়ে জড়াতে রাজি নন কেইন

ইয়ামালের সঙ্গে বাক্‌যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা নেই কেইনের।এএফপি

ব্যালন ডি’অর নিয়ে লামিনে ইয়ামালের কথাটা কি হ্যারি কেইনকে উদ্দেশ করে ছিল? হয়তো, হয়তো না। তবে অনেকেই ধরে নিয়েছেন ইয়ামাল খোঁচা দিয়েছেন এবং সেটা হ্যারি কেইনকে।

যেটাই হোক, এ নিয়ে কোনো রকম বাক্‌যুদ্ধে জড়াতে চাননি হ্যারি কেইন। জার্মান বুন্দেসলিগায় নিজের শততম গোলের মাইলফলক ছোঁয়ার পর বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার বেছে নিয়েছেন শান্তির পথ। গোলসংখ্যা দিয়েই বর্ষসেরার সিদ্ধান্ত হওয়া উচিত নয় ইয়ামালের, এমন দাবির জবাবে কোনো ক্ষোভ না দেখিয়ে উল্টো স্প্যানিশ তরুণ প্রতিভার প্রশংসায় মেতেছেন ইংল্যান্ড অধিনায়ক।

আরও পড়ুন

বার্সেলোনার ১৯ বছর বয়সী স্প্যানিশ তারকা ইয়ামাল সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ব্যালন ডি’অর এমন একজনকে দেওয়া উচিত যিনি বিশ্বের সেরা ফুটবলার। তাকে নয় ‘যে ৮০টি গোল করেছে’। ইয়ামালের এই মন্তব্যটা কেইনকে নিয়েই ছিল বলে মনে করছেন অনেকে।

বার্সেলোনার জার্সিতে লামিনে ইয়ামাল
এএফপি


২০২৫-২৬ মৌসুমে অবিশ্বাস্য ফর্মে ছিলেন কেইন। ক্লাব ও জাতীয় দল সব প্রতিযোগিতা মিলিয়ে বল জালে পাঠিয়েছেন ৭৩ বার। গত শুক্রবার ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে বুন্দেসলিগায় নিজের শততম গোলটি করেন তিনি। ম্যাচের পর বার্সেলোনা উইঙ্গারের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তেজনার পারদ বাড়াতে দেননি। ৩৩ বছর বয়সী কেইন বলেন, ‘সে কী বোঝাতে চেয়েছে, তা আমি জানি না। ইয়ামাল এক অসাধারণ খেলোয়াড়। সে দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছে, যেমন আরও অনেকে কাটিয়েছে।’

ইংলিশ এই ফরোয়ার্ড বলেন, বর্ষসেরা পুরস্কারের দৌড়ে আসলে অনেকেই আছেন। কিলিয়ান এমবাপ্পে, রদ্রি কিংবা বায়ার্নে তাঁর সতীর্থ মাইকেল ওলিসের মতো প্রতিদ্বন্দ্বীদের নাম উল্লেখ করে তিনি যোগ করেন, ‘যে কেউ নিজের মতপ্রকাশ করতে পারে। সেটা নিয়ন্ত্রণ করা আমার কাজ নয়।’


ব্যক্তিগত পুরস্কার নিয়ে বাক্‌যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা যে তাঁর নেই, তা পরিষ্কার করে কেইন বলেন, ‘নিজের সম্পর্কে কথা বলতে আমি খুব একটা পছন্দ করি না। মাঠে নিজের কাজটাই করে যেতে চাই। এই বিষয়ে সবারই নিজস্ব মত থাকবে, আর সেটা একদম স্বাভাবিক।’

জার্মান ফুটবলে গোলের পর গোল করছেন বায়ার্ন তারকা হ্যারি কেইন।
এএফপি


ইংল্যান্ড অধিনায়ক কূটনীতির পরিচয় দিলেও বায়ার্ন মিউনিখের শীর্ষ কর্তারা বিষয়টি এত হালকাভাবে নেননি। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর মাক্স এবার্ল তো ইয়ামালের দিকে পাল্টা তির ছুড়ে বলেছেন, ‘সেরা খেলোয়াড়দের নিজেদের পক্ষে কোনো প্রচারণা চালাতে হয় না।’


একই সঙ্গে এবার্ল বায়ার্নের অন্য তারকাকে নিয়েও কথা বলেন। ফরাসি উইঙ্গার ওলিসেকে বর্ষসেরার দৌড়ে রাখা উচিত মন্তব্য করে বায়ার্ন কর্তা বলেন, ‘আমার চোখে মাইকেল ওলিসেও ব্যালন ডি’অরের শক্ত দাবিদার। সেও বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।’

আরও পড়ুন

বাইরের এত চর্চার মধ্যেও কেইন বেশ শান্ত মেজাজে আছেন। বায়ার্ন তারকা বলেন, ‘আমার দৃষ্টিকোণ থেকে বললে, আমি পুরো প্রক্রিয়াটি বেশ উপভোগ করছি। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমি শুধু মাঠে নিজের কাজটা করে যাব।’
আগামী ২৬ অক্টোবর, সোমবার লন্ডনে বসবে ব্যালন ডি’অরের জমকালো অনুষ্ঠান। সেদিনই ফুটবলবিশ্ব জানতে পারবে কার মাথায় উঠছে বর্ষসেরার মুকুট।