লেভানডফস্কির ফাউলে যা হলো মেসির

মেসিকে ফাউল করে তাঁর কাছে এসে দুঃখ প্রকাশ করেছিলেন লেভানডফস্কিছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোল্যান্ডের বিপক্ষে কাল রাতে ম্যাচের শেষ দিকে লিওনেল মেসি আর রবার্ট লেভানডফস্কির মধ্যে কিছুটা অনাকাঙ্ক্ষিত মুহূর্তের অবতারণা হয়েছিল। মাঝমাঠে বল দখলের লড়াইয়ে মেসিকে ফাউল করে বসেন পোলিশ তারকা। আর্জেন্টাইন তারকা ফাউলের শিকার হয়ে হতাশা থেকেই নিজের জায়গায় ঠাঁয় দাঁড়িয়ে ছিলেন। মেসির চেহারা দেখে মনে হয়েছে বার্সেলোনা তারকার ওপর প্রচণ্ড বিরক্ত হয়েছেন। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে লেভানডফস্কি মেসির কাছে ফিরে তাঁর প্রতি নরম আচরণ করেন। কিন্তু মেসির অভিব্যক্তিতে বিরক্তি আর বিতৃষ্ণা ছিল স্পষ্ট।

লেভার দুঃখ প্রকাশের পরও মেসির অভিব্যক্তিতে ছিল বিরক্তি
ছবি: রয়টার্স

আর্জেন্টিনা–পোল্যান্ড ম্যাচের আগেই এটিকে বার্সেলোনার বর্তমান ও সাবেক দুই তারকার লড়াই বলা হচ্ছিল। সোজা কথায়, এটি হয়ে উঠেছিল মেসি–লেভানডফস্কির মহারণ। মেসি গোটা ম্যাচে দারুণ খেললেও লেভানফস্কি অবশ্য তাঁর দলের বাকি খেলোয়াড়দের মতো নিষ্প্রভ ছিলেন। ম্যাচে একবারও আর্জেন্টিনার গোলমুখে আতঙ্ক তৈরি করা তো দূরের কথা, আর্জেন্টাইন রক্ষণে প্রায় ঢুকতেই পারেননি বার্সেলোনায় যোগ দিয়ে এরই মধ্যে ১৮ গোল করে ফেলা পোল্যান্ড অধিনায়ক।

মেসিকে এই ট্যাকলেই ফাউলটা করেছিলেন লেভানডফস্কি
ছবি: রয়টার্স

দোহার স্টেডিয়াম ৯৭৪–এ পোল্যান্ড ভালোই বিপদে পড়েছিল। প্রথম থেকেই আর্জেন্টিনাকে নিজেদের ওপর চড়ে বসতে দিয়েই বিপদটা হয় তাদের। প্রথমার্ধে পোলিশ গোলকিপার ভয়চেক সেজনি মেসির পেনাল্টি ঠেকিয়ে দিলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করে পিছিয়ে যায় তারা। এরপর ৬৭ মিনিটে আরও একটি গোল খেয়ে গেলে পোল্যান্ডের দ্বিতীয় রাউন্ডে খেলাটাই শঙ্কার মধ্যে পড়ে গিয়েছিল। কারণ, গ্রুপের অপর ম্যাচে মেক্সিকো ততক্ষণে সৌদি আরবের বিপক্ষে ততক্ষণে এগিয়ে ২–০ গোলে। মেক্সিকো আরেকটি গোল করে ফেললে অথবা আর্জেন্টিনার কাছে আরেকটি গোল খেয়ে গেলে গোল গড়ে তারা বাদই পড়ে যেত।

আরও পড়ুন

ম্যাচের শেষ ৩০ মিনিটে নিজেদের ঘর সামলাতেই ব্যস্ত ছিল লেভানফস্কির দল। একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে সৌদি আরবের গোলের ব্যবধান কমানোর খবর এলে পোল্যান্ড দল আনন্দে ফেটে পড়ে। খেলার মাঠে পরাজয়ের পর কোনো দলকে এভাবে আনন্দে ভাসতে ফুটবলপ্রেমীরা শেষ কবে দেখেছেন, সেটি নিয়ে গবেষণা হতেই পারে।

গত বছর আগস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। ব্যাপারটা বার্সা সমর্থকদের জন্য বড় ধাক্কা হয়েই আসে। আর্থিক অসংগতির কারণেই আর্জেন্টাইন তারকাকে বার্সেলোনা ছেড়ে দিয়েছিল। লেভানডফস্কি বায়ার্ন মিউনিখ থেকে এ মৌসুমের শুরুতে যোগ দেন বার্সেলোনায়। মূলত মেসির শূন্যতা পূরণের চেষ্টায় ‘গোলমেশিন’ লেভানডফস্কিকে দলে নিয়েছে বার্সা।

আরও পড়ুন