কোচ তো আসেনই, ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আসেন একজন খেলোয়াড়ও। সব সময় যে তাঁকে অধিনায়কই হতে হবে, এমন কোনো কথা নেই। মেক্সিকোর বিপক্ষে জীবন-মরণ ম্যাচের আগেই যেমন আর্জেন্টাইন খেলোয়াড়দের প্রতিনিধি হয়ে এলেন লাওতারো মার্তিনেজ।
আসতেই পারেন। বিশ্বকাপের শুরুতেই আর্জেন্টিনাকে খাদের কিনারায় ঠেলে দেওয়া সৌদি আরবের বিপক্ষে ওই ম্যাচের অন্যতম আলোচিত চরিত্র। যাঁর দু–দুটি গোল বাতিল হয়ে গেছে অফসাইডের সূক্ষ্মতম বিচারে। তবে এটাই কি লাওতারো মার্তিনেজকে পাঠানোর কারণ, নাকি এর মধ্যে অন্য কিছু আছে! চাপে পড়ে যাওয়া দল, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া দল অনেক সময়ই পুরোনো সুখস্মৃতি রোমন্থন করে নিজেদের উজ্জীবিত করতে চায়। এমন কিছুও কি কাজ করেছে লাওতারো মার্তিনেজকে নির্বাচনে?
আর্জেন্টিনা দলের আবহ, প্রস্তুতি—এসব নিয়ে যেমন কথা বলতে হলো মার্তিনেজকে; তেমনি প্রতিপক্ষ মেক্সিকোকে নিয়েও। তা বলতে গিয়ে একাধিকবার মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচটার প্রসঙ্গ টেনে আনলেন আর্জেন্টাইন স্ট্রাইকার। সেই ম্যাচ তিন বছরের বেশি আগে। ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর যা হয়েছিল মার্কিন মুলুকে, আর্জেন্টিনা জিতেছিল ৪-০ গোলে। আপনার অনুমান ঠিক আছে, লাওতারো মার্তিনেজ সেই ম্যাচে ভালো খেলেছিলেন। ভালো মানে, খুবই ভালো। মার্তিনেজের একমাত্র আন্তর্জাতিক হ্যাটট্রিকটি সেই ম্যাচেই।
সেই ম্যাচের অভিজ্ঞতা থেকেই আর্জেন্টিনার রণকৌশলের একটা আভাসও দিয়ে রাখলেন। মেক্সিকো খুব ওপেন ফুটবল খেলে। আর্জেন্টিনার অস্ত্র হবে তাই পাল্টা আক্রমণ। ‘ওদের বিপক্ষে সর্বশেষ ম্যাচে যা আমরা সফলভাবে করেছিলাম’—তা তো করেছিলেনই, কিন্তু সেটি ছিল প্রীতি ম্যাচ আর এখানে বিশ্বকাপে টিকে থাকার লড়াই। যে বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার ৩৬ বছরের হাহাকার। বিশ্বকাপে আসার আগে ৩৬ ম্যাচের অপরাজেয় যাত্রাপথে কোপা জিতে ২৮ বছরের শিরোপা-খরা ঘুচেছে বলে প্রত্যাশাটাও এবার তুঙ্গে। লিওনেল মেসির শেষ বিশ্বকাপ, এই ‘ছোট্ট’ ব্যাপারটা তো আছেই। সবকিছু মিলিয়ে আর্জেন্টিনা এখন বিষম চাপে।
যা তুড়ি মেরে উড়িয়ে দিতে চাইলেন লাওতারো মার্তিনেজ। মেক্সিকোর বিপক্ষে হেরে গেলে তা কেমন বিপর্যয়কর হবে—প্রশ্নটা সরাসরিই করলেন এক সাংবাদিক। মার্তিনেজ দাবি করলেন, এমন কিছু নিয়ে আর্জেন্টিনা দলে কোনো কথাই হচ্ছে না। চাপ-টাপও কিচ্ছু নেই। সৌদি আরবের বিপক্ষে ওই পরাজয় নাড়িয়ে দিয়েছে সত্যি, তবে এখন তা অতীত, তা নিয়ে ভাবার সময় নেই। সব মনোযোগ মেক্সিকো ম্যাচে। যেটিতে আর্জেন্টিনার জন্য তাঁরা সবাই জীবন দিয়ে দেবেন।
জীবন দিয়ে দেওয়ার কথাটা আক্ষরিকভাবে নেওয়া ঠিক হবে না। কথাটাও ঠিক তা বলেননি। কথা বলেছেন স্প্যানিশে। ফিফা দোভাষীর অনুবাদে ইংরেজিতে যা দাঁড়াল, ‘উই উইল ব্রেক আওয়ার ব্যাক।’ এর পরপরই সংবাদ সম্মেলনে আসা কোচ লিওনেল স্কালোনির মুখেও তা এতবার উচ্চারিত হলো যে বোঝাই গেল, মেক্সিকোর বিপক্ষে ম্যাচে এটাই আর্জেন্টিনা দলের ‘থিম সং’। দলের মধ্যে কথাবার্তা যা হয়েছে বা হচ্ছে, তা এই লাইনেই।
লাওতারো মার্তিনেজের মতো আর্জেন্টিনার এই দলের আরও অনেকের এবারই বিশ্বকাপে অভিষেক। সৌদি আরবের সঙ্গে ম্যাচটি তাই এমনিতেই তাঁদের জন্য নতুন অভিজ্ঞতা ছিল। নতুন আরেকটি অভিজ্ঞতার সঙ্গেও পরিচয় হয়েছে এই ম্যাচে। বিশ্বকাপে খেলার মতো আন্তর্জাতিক ম্যাচে হারতে কেমন লাগে, এটাও তো জানতেন না অনেকেই। খেলোয়াড়েরা যেন নতুন এই বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে পারেন, কোচ স্কালোনির কাজের মধ্যে তাই এটাও পড়ছে। মন্দের ভালো একটা দিকও খুঁজে বের করেছেন হয়তো এর অংশ হিসেবেই, ‘এমন দীর্ঘ সময় ধরে আমাদের সবকিছু মনমতো হচ্ছিল! একসময় এটা শেষ হতোই। ভালোই হয়েছে, তা প্রথম ম্যাচেই হয়ে গেছে।’
এখান থেকে ঘুরে দাঁড়ানোর মানসিক শক্তি তাঁর দলের আছে বলে দাবি করবেন স্বাভাবিক, সঙ্গে এটাও পরিষ্কার জানিয়ে দিলেন, একটা পরাজয়ের কারণেই আর্জেন্টিনার খেলার ধরন বদলানোর প্রশ্নই আসে না। মেক্সিকোও যে তাদের খেলার ধরন না বদলে বরাবরের মতোই আক্রমণাত্মক ফুটবল খেলবে, এ নিয়েও স্কালোনির মনে কোনো সংশয় নেই। প্রথম কারণ, এই ম্যাচ জিতলে মেক্সিকোর পরের রাউন্ড প্রায় নিশ্চিত। তারা তাই জয় পেতেই ঝাঁপাবে। তার চেয়েও বড় কারণ, মেক্সিকোর কোচ টাটা মার্টিনোকে স্কালোনি খুব ভালো চেনেন।
মাঠে খেলাটা আর্জেন্টিনা বনাম মেক্সিকো, ডাগআউটে কিন্তু আর্জেন্টিনা বনাম আর্জেন্টিনা। টাটা মার্টিনো শুধু আর্জেন্টাইনও নন, ২০১৪ বিশ্বকাপের পর বছর দুয়েক আর্জেন্টিনা জাতীয় দলের কোচও ছিলেন। নিজের দেশ, পুরোনো দলকে একরকম হুমকিও দিয়ে রেখেছেন। আর্জেন্টিনার বিপক্ষে মেক্সিকো আধিপত্য বিস্তার করে খেলতে পারবে কি না, প্রশ্ন করায় মুচকি হাসি দিয়ে বলেছেন, ‘কেন নয়? বেলজিয়াম-কানাডা ম্যাচটা তো আমরা দেখেছি। প্রথমার্ধে কানাডা যা খেলেছে, আমার চোখে তা এই বিশ্বকাপে প্রথম রাউন্ডের সেরা পারফরম্যান্স।’
কানাডার উদাহরণটা হয়তো দিয়েছেন কাগজে-কলমে শক্তির বিচারে অসম দুই দল বোঝাতে। যদিও তুলনাটা ঠিক জুতসই হলো বলে মনে হয় না। ফুটবল–ঐতিহ্যে কানাডার চেয়ে মেক্সিকো অনেক এগিয়ে। বিশ্বকাপ অভিজ্ঞতায় তো বিশ্বের প্রথম পাঁচটি দলের মধ্যেই থাকে। তবে বলার মতো সাফল্য বলতে কিছু নেই। কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরোতে পারেনি কখনোই, অনেকবারই দারুণ ফুটবল খেলেও। মেক্সিকান ফুটবলে তাই একটা প্রবাদই আছে: আমরা আগের চেয়েও অনেক ভালো খেলেছি, তবে যথারীতি হেরেছি।
আর্জেন্টিনার বিপক্ষেও তা-ই। বিশ্বকাপে এর আগে যে তিনবার দেখা হয়েছে, তিনবারই হেরেছে মেক্সিকো। এর মধ্যে ২০০৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে তো অবশ্যই ওই প্রবাদটাকে সত্যি প্রমাণ করে।
আবারও তা সত্যি বলে প্রমাণিত হোক, এটা তো চাইছেই আর্জেন্টিনা। প্রেরণা আছে আরেকটাও। লাওতারো মার্তিনেজের মতো লিওনেল স্কালোনিকেও পরদিনের ম্যাচ নিয়েই শুধু নয়, কথা বলতে হলো ডিয়েগো ম্যারাডোনাকে নিয়েও। আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দিন তাঁর কথা না উঠে কি আর পারে! এই দিনটা আর্জেন্টাইন ফুটবলের জন্য কত দুঃখের, সবিস্তার তা বললেন দুজনই। শেষটা করলেন একই প্রতিশ্রুতি দিয়ে। এই দুঃখবার্ষিকীর পরের দিনটায় অন্তত আনন্দের একটা উপলক্ষ এনে দিতে চান আর্জেন্টাইনদের জন্য।