রংপুর থেকে নারী ফুটবলে স্বপ্নের শুরু, মেঠো পথ থেকে তারকা খোঁজার মঞ্চ

আজ সকালে শুরু হয়েছে ‘প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬’মঈনুল ইসলাম

বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে আজ এক নতুন দিগন্তের উন্মোচন হলো। দেশের প্রত্যন্ত অঞ্চলের কিশোরীদের ফুটবলার হওয়ার স্বপ্ন বাস্তবায়নে এবং আগামী দিনের তারকা খেলোয়াড়দের তুলে আনার মঞ্চ হিসেবে আজ থেকে মাঠে গড়াল ‘প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬’।

সারা দেশে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিবন্ধিত ওয়ান স্টারভুক্ত ৩৬টি দল নিয়ে নকআউট ভিত্তিতে এই টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে। তবে ভবিষ্যতে এটিকে লিগ পদ্ধতিতে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে আয়োজকদের, যাতে প্রতিটি দল ২-৩টি ম্যাচ খেলার সুযোগ পায়।

আজ সকালে রংপুর শহরের প্রাণকেন্দ্রে শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দেশের ছয়টি অঞ্চলের মধ্যে রংপুর থেকে এই টুর্নামেন্টের শুভসূচনা হয়েছে।

উদ্বোধনী ও সূচনা বক্তব্যে সঞ্চালক ও প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র বলেন, ‘সারা দেশের ছয়টি অঞ্চলে এই নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে, যার সূচনা হচ্ছে রংপুর থেকে। ভবিষ্যতে এই টুর্নামেন্ট যখন আরও বড় পরিসরে চলবে, তখন রংপুরের কথা স্মরণীয় হয়ে থাকবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথি, আয়োজক, সাংবাদিক ও অংশ নেওয়া খেলোয়াড়দের শুভেচ্ছা জানান রংপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু। প্রথম আলো রংপুরে মেয়েদের জন্য এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় ধন্যবাদ জানিয়ে সামসুজ্জামান আশা প্রকাশ করেন, এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে, যারা জাতীয় পর্যায়ে খেলে দেশের ও রংপুর অঞ্চলের সম্মান বাড়াবে।

টুর্নামেন্টটির সাফল্য কামনা করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, সাবেক জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন ও রংপুরের অন্যতম সেরা ক্রীড়াবিদ কামরুন নাহার ডানা
মঈনুল ইসলাম

অনুষ্ঠানে অতিথি, খেলোয়াড়দের অভিনন্দন জানান রংপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ। তিনি বলেন, ‘এই আয়োজন বাংলাদেশে নারী ফুটবলের জাগরণে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’ প্রতিবছর যেন এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা হয়, সে জন্য তিনি প্রথম আলোর প্রতি অনুরোধ জানান।

প্রথম আলো ও স্টার নিউজের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট রংপুরের মাটিতে শুরু করতে পেরে আনন্দ প্রকাশ করেন স্টার নিউজের সিইও মোখছেদুল কামাল। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের ৩৬টি একাডেমির অংশগ্রহণে এই আয়োজন নারী ফুটবলারদের জন্য একটি নতুন স্বপ্ন ও সম্ভাবনা তৈরি করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ কামরুন নাহার ডানা, স্টার নিউজের সিইও মোখছেদুল কামাল, রংপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব সামসুজ্জামান সামু ও প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র
মঈনুল ইসলাম

আয়োজক প্রতিষ্ঠান প্রথম আলো ও পৃষ্ঠপোষক স্টার নিউজকে ধন্যবাদ জানিয়ে টুর্নামেন্টটির সাফল্য কামনা করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, সাবেক জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন ও রংপুরের অন্যতম সেরা ক্রীড়াবিদ কামরুন নাহার ডানা। খেলোয়াড়দের উৎসাহিত করে তিনি বলেন, ‘এই টুর্নামেন্ট থেকেই আগামী দিনের জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে।’ এই নারী ফুটবলাররা ভবিষ্যতে দেশের ‘সোনার মেয়ে’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

কথা বলছেন বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ডিফেন্ডার ও সাবেক অধিনায়ক আফঈদা খন্দকার
মঈনুল ইসলাম

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ডিফেন্ডার ও সাবেক অধিনায়ক আফঈদা খন্দকার। অতিথি হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য প্রথম আলো ও স্টার নিউজকে ধন্যবাদ জানান আফঈদা। তরুণ নারী ফুটবলারদের উৎসাহিত করে আফঈদা বলেন, ‘আমি চাই তোমরা মাঠের লড়াইয়ে নিজেদের উজাড় করে খেলে আরও সামনের দিকে এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে আরও ছিলেন প্রথম আলোর রংপুর প্রতিনিধি আলতাব হোসেন এবং রংপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও স্থানীয় ফুটবল কোচ শামীম খান মিসকিন। সবাই মিলে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও টুর্নামেন্টের পতাকা উত্তোলন করেন। এরপর আকাশে রঙিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

চলছে মাঠের খেলা
মঈনুল ইসলাম

উদ্বোধনের পর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে সদ্য পুষ্করিণী এসসি, রংপুর ও টুস্টার ফুটবল একাডেমি, বোদা, পঞ্চগড়।