বেলিংহাম–রোমেরোর ঝগড়ায় মেসির নাম
মাদ্রিদ ডার্বিতে উত্তাপ নতুন কিছু নয়। তবে রোববার রাতে আতলেতিকো মাদ্রিদের মাঠে রিয়াল মাদ্রিদের ২–১ গোলে হারের ম্যাচে উত্তাপটা যেন মাদ্রিদের গণ্ডি পেরিয়ে আরও দূরে চলে গিয়েছিল। মুখোমুখি হয়েছিলেন জুড বেলিংহাম ও ক্রিস্টিয়ান ‘কুটি’ রোমেরো। সেই বিবাদ মুহূর্তেই ফিরে যায় ২০২৬ বিশ্বকাপের আর্জেন্টিনা–ইংল্যান্ড সেমিফাইনালে। কথার লড়াইয়ে উঠে আসে লিওনেল মেসির নামও।
স্প্যানিশ সম্প্রচারমাধ্যম মুভিস্টারের অনুষ্ঠান ‘এল দিয়াস দেসপুয়েস’ ম্যাচের বিভিন্ন মুহূর্তের ফুটেজ বিশ্লেষণ করে দুজনের কথোপকথনের পুনর্গঠন করেছে। সেই বিশ্লেষণ অনুযায়ী, বেলিংহাম রোমেরোকে খোঁচা মারতে গিয়ে মেসির নাম তোলেন। আর রোমেরো ফিরিয়ে আনেন বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের হারের স্মৃতি।
ঘটনার শুরু ম্যাচের ৩৫ মিনিটে। বল দখলের লড়াইয়ে রোমেরোর স্টাডস গিয়ে লাগে বেলিংহামের বাঁ হাঁটুর কাছে। প্রথমে বেলিংহামকেই হলুদ কার্ড দেখান রেফারি মিগেল আনহেল ওর্তিস আরিয়াস। পরে ভিএআরের পরামর্শে মনিটরে গিয়ে সিদ্ধান্ত বদলান তিনি। বেলিংহামের হলুদ কার্ড প্রত্যাহার করে রোমেরোকে হলুদ কার্ড দেখানো হয়। রিয়াল মাদ্রিদের আপত্তি ছিল, এই ট্যাকলের জন্য রোমেরোকে সরাসরি লাল কার্ড দেখানো উচিত ছিল।
ট্যাকল নিয়ে উত্তেজনা সেখানেই থামেনি। কয়েক মাস আগের একটি ম্যাচের ক্ষতও যেন ফিরে আসে মাদ্রিদের মাঠে।
জুলাইয়ে বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনা–ইংল্যান্ডের জার্সিতে মুখোমুখি হয়েছিলন রোমেরো ও বেলিংহাম। সেদিন ইংল্যান্ড শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ২–১ গোলে জেতে আর্জেন্টিনা। ম্যাচের পর কাঁদতে দেখা যায় বেলিংহামকে।
মাদ্রিদ ডার্বিতে রোমেরো সেই স্মৃতিই ফিরিয়ে আনেন বলে ফুটেজের পুনর্গঠনে দাবি করা হয়েছে। ডার্বিতে রোমেরোর মুখে বেলিংহামের উদ্দেশে ‘কাঁদুনি’ এবং ‘তুমি ওখানে কেঁদেছিলে’ ধরনের কথা শোনা গেছে বলে লিপ-রিডিংয়ে উঠে এসেছে। বেলিংহামও পাল্টা তাঁকে ‘কাপুরুষ’ বলে আক্রমণ করেন।
একপর্যায়ে দুজনের বিবাদে উঠে আসে মেসির নামও। বেলিংহাম খোঁচার সুরে রোমেরোকে উদ্দেশ করে বলেন, ‘মেসির সঙ্গে থাকলে অনেক কথা বলো, এখানে কিছুই না।’
আর্জেন্টিনা দলে মেসির সঙ্গে খেলেন রোমেরো। সেই সূত্রে মেসির সঙ্গে তাঁর ভালো সম্পর্কই থাকার কথা। তবে বেলিংহাম ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা তিনিই ভালো জানেন।