পাকিস্তানের মেয়েদের সামনে পড়ার আগে কী ভাবছেন বাংলাদেশের কোচ

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লুটুথ স্পিকারে গান শুনতে শুনতে অনুশীলন মাঠে ঢুকলেন পাকিস্তানের ফুটবলাররা। এর খানিকক্ষণ আগেই অনুশীলন শেষে মাঠ ছাড়েন বাংলাদেশের মেয়েরা। কাঠমান্ডুর আর্মড পুলিশ ফোর্সেস মাঠে তাই দুই দলের শেষ পর্যন্ত দেখা হলো না আজ।  

তবে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১টা ১৫ মিনিটে শুরু হবে খেলা।  

বৃষ্টি থামতেই অনুশীলনে নামেন সাবিনা খাতুনেরা
ছবি: সংগৃহীত

কাঠমান্ডুর আকাশে সারাক্ষণই চলছে মেঘ আর রোদের লুকোচুরি খেলা। কখনো ঝলমলিয়ে রোদ উঠছে তো কখনো আকাশ ভেঙে নামছে বৃষ্টি। আজ দুপুরেও একপশলা ভারী বৃষ্টি হয়েছে। আর সেই বৃষ্টি থামতেই অনুশীলনে নামেন সাবিনা খাতুনেরা।

৭ সেপ্টেম্বর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে জিতলে সহজেই সেমিফাইনালে উঠে যাবেন মারিয়া মান্দা, আঁখি খাতুনেরা। এই ম্যাচে তাই জয় ছাড়া কিছু ভাবছেন না বাংলাদেশের কোচ গোলাম রব্বানী, ‘সেমিফাইনালে ওঠার জন্য পাকিস্তানের ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে এসে পাকিস্তানের খেলা দেখেছি, সেগুলো বিশ্লেষণ করেছি। আমরা সে অনুসারে পরিকল্পনা সাজিয়েছি। মেয়েরা কাল পরিকল্পনা অনুসারেই খেলবে এবং ভালো ফুটবল খেলবে। আশা করি আমরা জয় নিয়ে ফিরব।’

নেপালে আসার আগে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। শেষ পর্যন্ত সেই প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি সাবিনারা। তারপরও জয়ে টুর্নামেন্ট শুরু করতে পেরে খুশি কোচ, ‘আমরা এখানে আসার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে পারিনি। কিন্তু মেয়েরা প্রথম ম্যাচ জিতে প্রস্তুতি নিয়ে থাকা সংশয়টা পুরোপুরি দূর করে দিয়েছে। তারা ৯০ মিনিট পরিকল্পনামাফিক সমান ছন্দে খেলেছে এবং আগামী ম্যাচেও তারা সেভাবেই খেলবে।’

অনুশীলনে নামার আগে বাংলাদেশ দলের খেলোয়াড়দের স্ট্রেচিং
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে এর আগে ২০১০ এসএ গেমসে একবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেবার ২-০ গোলে পাকিস্তানকে হারিয়েছিলেন বাংলাদেশের মেয়েরা। অবশ্য ভুটানে ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে বয়সভিত্তিক সাফে বড় জয় পায় বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ সাফে পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে দেন মারিয়া মান্দা, তহুরা খাতুনেরা। ওই দলে খেলা ৯ ফুটবলার এবার জাতীয় দলে খেলবেন কাঠমান্ডুতে। সেবারের জয়টা মানসিকভাবে বাংলাদেশের মেয়েদের এগিয়ে রাখবে বলে মনে করছেন গোলাম রব্বানী, ‘ওই ম্যাচের পর আরও ৪ বছর পার হয়েছে। আমাদের মেয়েরা আরও পরিণত হয়েছে। আশা করি সেটার প্রতিফলন আগামীকাল মাঠে দেখা যাবে।’

মালদ্বীপের বিপক্ষে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বাংলাদেশের মেয়েরা। তবে এবার আর সেই ভুল হবে না বলে আশা কোচের, ‘ফিনিশিং নিয়ে বাড়তি কাজ করা হয়েছে। টিম মিটিংয়ে এটা নিয়ে আলোচনা হয়েছে। মাঠেও ওটা নিয়ে কাজ করেছি। আসল কথা হলো আমাদের সুযোগ আসবে এবং সেটা কাজে লাগাতে হবে। এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া খুব জরুরি আমাদের।’

ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে আট বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন পাকিস্তানের মেয়েরা। এই দলে অভিজ্ঞ ফুটবলার বলতে অধিনায়ক মারিয়া খান, সৈয়দা মাফারা ও জুলফিয়া নাজির। যুক্তরাষ্ট্রে বেড়ে উঠেছেন মারিয়া। মাফারা, জুলফিয়া ও মারিয়া খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের নারী ফুটবল লিগে। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ফুটবলে ফিরে ভারতের কাছে পাকিস্তান হেরেছে ৩-০ গোলে। ওই ম্যাচে দ্বিতীয়ার্ধে পাকিস্তান অতিমাত্রায় রক্ষণাত্মক ফুটবল খেলেছে। তাই আজ অনুশীলনে বাংলাদেশ দল এই কৌশল থেকে গোল বের করার চেষ্টা করেছে।

চোটের কারণে আগামীকালও আনাই মগিনিকে পাচ্ছে না বাংলাদেশ। তবে দলের সম্ভাব্য একাদশে থাকতে পারেন রুপনা চাকমা, মাসুরা পারভীন, আঁখি খাতুন, শিউলি আজিম, মনিকা চাকমা, মারিয়া মান্দা, শামসুন্নাহার, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, সিরাত জাহান ও সাবিনা খাতুন।