রোনালদোকে বেঞ্চে বসিয়ে ঘুরে দাঁড়াল ১০ জনের আল নাসর

জোড়া গোল করেন আল নাসর তারকা সাদিও মানে। ম্যাচ শেষে তাঁর হাসিআল নাসর ফেসবুক পেজ

মৌসুমে প্রথম আল নাসরের মূল একাদশের হয়ে মাঠে নেমেছিলেন। কিন্তু ম্যাচে সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলো ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখতে হলো বেঞ্চে বসে! দুই গোলে পিছিয়ে পড়া আল নাসর তাঁকে ছাড়াই আল ইত্তিফাকের বিপক্ষে ৩-২ গোলের দুর্দান্ত জয় তুলে নিয়েছে।

প্রথমার্ধের খেলা শেষে রোনালদোকে মাঠ থেকে তুলে নেন আল নাসর কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলু। ব্যাপারটা যে পর্তুগিজ কিংবদন্তির ভালো লাগেনি, সেটা মাঠ ছাড়ার সময় তাঁর প্রতিক্রিয়াতেই স্পষ্ট হয়ে ওঠে। তবে রোনালদোর সামনে নাটকের তখনো অনেক বাকি ছিল।

আল নাসর ততক্ষণে ১০ জনের দল। আল ইত্তিফাক স্ট্রাইকার মুসা দেম্বেলেকে ফাউল করে ১২ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আল নাসরের গোলকিপার বেন্তো। ৩১ মিনিট এবং প্রথমার্ধে যোগ করা সময়ে গোল করে একজন বেশি নিয়ে খেলার সুযোগের পূর্ণ সদ্ব্যবহারও করে আল ইত্তিফাক।

অর্থাৎ রোনালদো মাঠ ছাড়ার সময় ২-০ গোলে পিছিয়ে ছিল আল নাসর। এমন মুহূর্তে তাঁকে তুলে নেওয়াটা একটু অবাক করার মতোই। কারণ, ম্যাচে ফিরতে গোল দরকার ছিল আল নাসরের। আর অন্তত পরিসংখ্যান বিচারে মাঠে রোনালদোর চেয়ে ভালো গোলশিকারি আর কে হতে পারেন!

কিন্তু পোস্তেকোগলু রোনালদোর পরিসংখ্যানের ধার ধারেননি। তিনি দেখেছেন ম্যাচে প্রথমার্ধে রোনালদোর পারফরম্যান্স। এই অর্ধে সাতবার বল স্পর্শ করে মাত্র দুটি শট নিতে পারেন রোনালদো। পোস্টে ছিল একটি। পাঁচটি পাসের মধ্যে তিনটি পাসে সফল, গোলের কোনো সুযোগ তৈরি করতে পারেননি। অথচ তখন গোলটাই সবচেয়ে বেশি দরকার ছিল ক্লাবটির।

আরও পড়ুন

৭৪ মিনিটে সাদিও মানের কল্যাণে গোল পেয়ে যায় আল নাসর। তিন মিনিট পর আবদুল্লাহ আল আমারি এনে দেন দ্বিতীয় গোল। ২-২ ব্যবধানে ম্যাচে সমতায় ফেরে আল নাসর। যোগ করা সময়ে মানের দ্বিতীয় গোলে দাম্মাম থেকে গতকাল রাতে শেষ পর্যন্ত দুর্দান্ত এক জয় নিয়ে ফেরে সৌদি প্রো লিগের ক্লাবটি। ৩ ম্যাচের সব কটিই জিতে লিগ টেবিলের শীর্ষেও আল নাসর।

জয়ের পর আল নাসরের কোচ পোস্তেকোগলু বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা সাহস নিয়ে খেলেছি। সে জন্য ভালো লাগছে। এখানে আমি দলকে সাহায্য করতে এসেছি। সবাই জানে, রোনালদো দীর্ঘ সময় খেলেনি, তবে প্রথমার্ধে সে দারুণ খেলেছে। যদিও আমরা তারপর ভিন্ন কৌশল নিয়েছি।’