ক্লাবকে বাফুফের চিঠি, পিছিয়ে যাচ্ছে ফুটবলের ঘরোয়া মৌসুম
২১ আগস্ট এক দিনের চ্যালেঞ্জ কাপ বাতিল হওয়ার পর ২৪ আগস্ট ফেডারেশন কাপ দিয়ে ফুটবলের ঘরোয়া মৌসুম শুরুর কথা ছিল। তবে সেই সূচি আর থাকছে না। নতুন সূচি অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগ দিয়ে শুরু হবে ২০২৬-২৭ মৌসুম। ফেডারেশন কাপ শুরু হবে ২২ সেপ্টেম্বর। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও গতকাল ক্লাবগুলোকে চিঠি দিয়ে নতুন সূচির কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগের সূচি অনুযায়ী, ২৮ ও ২৯ আগস্ট বাংলাদেশ লিগের প্রথম রাউন্ড হওয়ার কথা ছিল। তবে মৌসুম পেছানো–সংক্রান্ত ক্লাবগুলোকে দেওয়া চিঠিতে বাফুফে বলেছে, কয়েকটি ক্লাবের অনুরোধেই মৌসুম শুরুর তারিখ পিছিয়েছে তারা।
চিঠিতে বলা হয়েছে, ‘গত ১৭ আগস্ট ক্লাবগুলোর সঙ্গে বাফুফে সভাপতি এবং লিগ কমিটির সভা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬-২৭ মৌসুমের বিভিন্ন ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে ক্লাবগুলোর মতামত জানতে চেয়ে চিঠি দেওয়া হয় এবং কিছু ক্লাব ২০২৬-২৭ ফুটবল মৌসুমের খেলা শুরুর তারিখ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায়।’
তবে নতুন সূচি অনুযায়ী যে খেলা মাঠে গড়াবে, তার কোনো নিশ্চয়তা নেই। কারণ, নানা কারণ দেখিয়ে এ দেশে ঘরোয়া মৌসুম পেছানো মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তা ছাড়া ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফা উইন্ডো আছে, তখন জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা। আর জাতীয় দল ম্যাচ খেলা বা ক্যাম্প করা মানে ঘরোয়া খেলা বন্ধ থাকতে দেখা গেছে নিকট অতীতেও। এ কারণেই এবারের ঘরোয়া মৌসুম আগামী মাসে শুরু হবে, জোর দিয়ে বলা যাচ্ছে না।
ক্লাবগুলোকে দেওয়া চিঠিতে বাফুফে আরও বলেছে, এবার জাতীয় দলের ক্যাম্প চলার সময়ও ঘরোয়া ফুটবল মাঠে থাকবে। যদি সেটিই শেষ পর্যন্ত কার্যকর হয়, তাহলে সেপ্টেম্বর উইন্ডোতে জাতীয় দলের ক্যাম্পে থাকা খেলোয়াড়েরা ঘরোয়া লিগে খেলতে পারবেন না। ওদিকে ক্লাবকে দেওয়া চিঠিতে বাফুফে আরও বলেছে, জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হতে পারে ২৭ আগস্ট।