মদরিচের ‘ডাবল সেঞ্চুরি’র ম্যাচে টিকে রইল ক্রোয়েশিয়া, বিদায় পানামার

পানামাকে হারানোর পর মদরিচকে নিয়ে এভাবেই উদ্‌যাপন করে ক্রোয়েশিয়া দলএএফপি

ক্রোয়েশিয়া ১–০ পানামা

টরন্টো স্টেডিয়ামে ম্যাচটি জিততে তেমন একটা কষ্ট হওয়ার কথা ছিল না ক্রোয়েশিয়ার। কিন্তু লুকা মদরিচরা মাঠে নেমে দেখলেন অন্য বাস্তবতা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ক্রোয়েশিয়ার সঙ্গে ২৯ ধাপ পিছিয়ে থাকা পানামার বিপক্ষে প্রথমার্ধ শেষে মদরিচরা গোলশূন্য। পানামাও গোল করতে পারেনি, তবে বলকান অঞ্চলের দেশটির বক্সে চোখ রাঙিয়েছে কয়েকবার।

ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ তাই দ্বিতীয়ার্ধের শুরুতে দুটি বদলি নামান মাঠে। ডিফেন্ডার ইওস্কো গাভার্দিওল এবং ফরোয়ার্ড পেতার মুসাকে তুলে মাঠে নামান দুই ফরোয়ার্ড আন্তে বুদিমির ও আন্দ্রে ক্রামারিচকে। ব্যস, তাতেই কাজটা হয়ে গেল ৮ মিনিট পর। মধ্য আমেরিকার দেশটির বক্সের ভেতর ডিফেন্ডার ইয়োসিপ স্তানিসিচের ক্রসে পা ছুঁইয়ে ৫৪ মিনিটে গোল করেন বুদিমির। শেষ পর্যন্ত এই গোলেই ক্রোয়েশিয়ার কাছে ১-০ ব্যবধানের হারে নিশ্চিত হয় পানামার বিদায়।

‘এল’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেল ক্রোয়েশিয়া। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছিল ৪-২ গোলে। ২ ম্যাচে ৪ পয়েন্ট করে পেয়ে এ গ্রুপের শীর্ষে যথাক্রমে ইংল্যান্ড ও ঘানা। ইংল্যান্ডের সঙ্গে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে ঘানা। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে ক্রোয়েশিয়া। ২ ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া পানামা গ্রুপের তলানিতে। সব দলই গ্রুপে আর একটি করে ম্যাচ খেলবে। আগামী শনিবার নিজেদের শেষ ম্যাচে ঘানাকে হারাতে পারলেই বিশ্বকাপের নকআউটে উঠবে ক্রোয়েশিয়া।

গোলের পর সতীর্থদের সঙ্গে উদ্‌যাপন বুদিমিরের (১১ নম্বর জার্সি)
এএফপি

ক্রোয়েশিয়ার চিরসবুজ ৪০ বছর বয়সী মিডফিল্ডার মদরিচের জাতীয় দলের হয়ে এটা ছিল ২০০তম ম্যাচ। ৮১ মিনিটে তাঁকে তুলে নিয়ে বদলি নামান ক্রোয়েশিয়া কোচ।

জয়ের পর দেশটির ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে মদরিচকে ২০০তম ম্যাচের স্মারক জার্সি উপহার দেওয়া হয়। তবে মদরিচের মাইলফলকের এই রাতে ইতিহাস গড়েন গোলদাতা বুদিমির। ইভিকা ওলিচকে পেছনে ফেলে ৩৪ বছর ৩৩৭ দিন বয়সী ওসাসুনা ফরোয়ার্ড এখন বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সবচেয়ে বেশি বয়সী গোলদাতা।

আরও পড়ুন

বেশ ভালো খেলেও বিদায়ের টিকিট পেয়ে যাওয়ায় পানামার খেলোয়াড়েরা আসলে হতাশ হবেন। ক্রোয়েশিয়ার (১) চেয়ে তারা পোস্টে বেশি শট (২) রেখেছে। দ্বিতীয়ার্ধে তো দুবার গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ক্রোয়াট গোলকিপার দমিনিক লিভাকোভিচ দেয়াল হয়ে দাঁড়ানোয় রক্ষা। ৬২ মিনিটে পানামার দুটি দারুণ শট ঠেকান লিভাকোভিচ।

বেশ ভালো খেলেও পয়েন্ট কাড়তে পারেনি পানামা
এএফপি

মরিয়া চেষ্টা করেও ম্যাচটা হেরে চলতি বিশ্বকাপে পঞ্চম দল হিসেবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হলো পানামার। ২০১৮ বিশ্বকাপেও গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচ খেলার পর বিদায় নিশ্চিত হয়েছিল মধ্য আমেরিকার দেশটির।

আরও পড়ুন