ফিফাকে কড়া নোটিশ উয়েফার, ‘কোনো নথি নষ্ট করবেন না’
ফিফা বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা বাতিল করলেও এখানেই বিষয়টির ইতি টানতে রাজি নয় উয়েফা। ইউরোপের ফুটবল সংস্থাটি এবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে চিঠি দিয়ে সম্ভাব্য আইনি পদক্ষেপের কথা জানিয়ে বলেছে, এ-সংক্রান্ত কোনো নথি বা ডিজিটাল তথ্য যেন ধ্বংস, মুছে ফেলা বা পরিবর্তন করা না হয়।
দ্য টেলিগ্রাফের হাতে আসা শুক্রবারের ওই চিঠিতে উয়েফা জানিয়েছে, তারা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’-এর পরিকল্পনা নিয়ে আইনি ব্যবস্থা, সালিস কিংবা নিয়ন্ত্রক সংস্থায় অভিযোগ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।
চিঠিতে উয়েফা লিখেছে, ‘আপনি (ইনফান্তিনো) এবং ফিফাকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যাতে এই নোটিশে উল্লেখ করা সব নথি ও ইলেকট্রনিকভাবে সংরক্ষিত তথ্য শনাক্ত ও খুঁজে বের করে সংরক্ষণ করা হয়।’
এরপর আরও কঠোর ভাষায় উয়েফা সতর্ক করে দেয়, ‘এই নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট কোনো নথি ধ্বংস, মুছে ফেলা, পরিবর্তন, গোপন বা হারিয়ে গেলে তা প্রমাণ নষ্ট করার শামিল হতে পারে। সে ক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় প্রতিকার, নিষেধাজ্ঞা এবং সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে খরচ আরোপের আবেদন করার অধিকার উয়েফার আছে।’
শুধু ইনফান্তিনো নন, ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ওয়েঙ্গার, মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম, প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামোরসহ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও প্রাসঙ্গিক নথি সংরক্ষণের নির্দেশ দিতে ফিফাকে বলেছে উয়েফা।
এ ছাড়া একই ধরনের চিঠি সম্ভাব্য বিনিয়োগকারী গোষ্ঠীর সঙ্গে যুক্ত জশুয়া কুশনার, গ্রেগ ম্যাফেই, জেপি মরগান ও ওপেনইকোনমিকসের কাছেও পাঠিয়েছে উয়েফা। তাদেরও জানানো হয়েছে, সংস্থাটি আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।
ফিফা অবশ্য এ বিষয়ে দ্য টেলিগ্রাফের মন্তব্যের অনুরোধে কোনো জবাব দেয়নি।
গত ২৮ জুলাই ফিফা জানায়, বিশ্বকাপসহ বড় টুর্নামেন্ট আয়োজনের জন্য এফএফই নামে স্বতন্ত্র কোম্পানি খুলে সেটির একটি অংশ বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়া হবে। এতে লাভবান হবে ফিফার ২১১টি সদস্যদেশ।
তবে এটিকে ‘বিশ্বকাপ বিক্রি’র সঙ্গে তুলনা করে তীব্র বিরোধিতা করে উয়েফা। ফিফার পরিকল্পনায় সায় দেয়নি উত্তর-মধ্য আমেরিকার কনক্যাকাফ আর এশিয়ার এএফসিও। ১ আগস্ট পরিকল্পনাটি বাতিলের ঘোষণা দেয় ফিফা।
ইনফান্তিনোকে সরানোর দাবিতে অনড় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেছেন, ফিফার পরিকল্পনা বাতিল হলেও এমন কিছুর পর ফুটবল ‘সব ভুলে সামনে এগিয়ে যেতে পারে না’। তিনি মনে করেন, ইনফান্তিনো বিশ্ব ফুটবলকে নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নন।
ফিফা তাদের বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা বাতিলের আগেই বার্নহ্যাম বিশ্বের প্রথম কোনো প্রধান দেশের নেতা হিসেবে ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছিলেন। এবার ডেভন সফরের সময়ও তিনি একই মত প্রকাশ করেন, ‘আমি বিশ্বাস করি না বিশ্ব ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য তিনিই সঠিক ব্যক্তি। যে পরিকল্পনা সামনে আনা হয়েছিল, তা বিশ্বজুড়ে ফুটবল-সংশ্লিষ্ট অনেক মানুষের কাছে আপত্তিকর ছিল। এমন কিছু ঘটার পর আমরা শুধু সামনে এগিয়ে যাব আর সব ভুলে যাব, এটা হতে পারে না।’