নেইমার না থাকলেও ব্রাজিলের সমস্যা হবে না
প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে প্রথমার্ধের ব্রাজিল ভালো খেলেনি। চেনাই যায়নি পাঁচবারের বিশ্বসেরাদের। তবে দ্বিতীয়ার্ধে ব্রাজিল নিজেদের নামের প্রতি সুবিচার করেছে। ব্রাজিল হয়ে উঠেছে ব্রাজিলের মতোই। রিচার্লিসন যে গোল করেছে, চোখে লেগে থাকবে অনেক বছর। এমন গোল হয় বলেই ফুটবল খেলাটা এত সুন্দর। ওই সময়টা হলুদ জার্সিধারীরা যে ঝলক দেখিয়েছে, তাতে আজ সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের না জেতার কোনো কারণ নেই।
যদিও চোটের কারণে ব্রাজিল পাচ্ছে না ফরোয়ার্ড নেইমারকে। সে থাকলে ভালো হতো। তবে নেইমার না থাকলেও আশা করি ব্রাজিলের সমস্যা হবে না। আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল জেসুস, রাফিনিয়া, রদ্রিগো আছে। গত ম্যাচে নিজেকে চিনিয়েছে ২৫ বছরের টগবগে স্ট্রাইকার রিচার্লিসন। বড় ম্যাচে গোল একজন ফুটবলারকে মানসিকভাবে কতটা এগিয়ে দিতে পারে, নিজে ফুটবল খেলেছি বলে জানি। সেদিক থেকে আজ রিচার্লিসন অনেক বেশি উজ্জীবিত থাকবে। বিশ্বকাপের মতো মঞ্চে গোল করা তো বিরাট ব্যাপার।
ব্রাজিলের সবচেয়ে বড় সুবিধা হলো, দলে ম্যাচ জেতানো খেলোয়াড় বেশি। অন্য দল থেকে এটাই তাদের আলাদা করে। তবে সুইস গোলকিপার ইয়ান সোমার বেশ ভালো। তার বিপক্ষে গোল করা সহজ হবে না। সুইজারল্যান্ড ইউরোপের মাঝারি মানের টিম হলেও রক্ষণভাগ গোল খেতে বেশ কৃপণ। কে জানে ব্রাজিলের একটা পরীক্ষা হয়তো তারা নেবে! ব্রাজিলকে তাই আক্রমণের বৈচিত্র্য এনে সুইস দেয়াল ভাঙতে হবে। কাজটা সহজ হবে না।
সুইজারল্যান্ড ২০০৬ সাল থেকে টানা পঞ্চম বিশ্বকাপ খেলছে, গত দুবার উঠেছে দ্বিতীয় রাউন্ডে। সুইস ফুটবলাররা বেশ সুঠাম এবং প্রাণশক্তিতে ভরপুর। সহজাত ইউরোপীয় দল। যদিও দলটা মাঝারি মানের, তবু সুইসদের অবজ্ঞা করা যাবে না। এবার প্রথম ম্যাচে ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের স্বপ্নও দেখছে। আজ তাই অঘটন ঘটানোর সুযোগ নিতে চাইবে সুইসরা। তবে আমার ধারণা, টিম ব্রাজিলের সঙ্গে টক্করে শেষ পর্যন্ত পারবে না সুইজারল্যান্ড।
কাতার বিশ্বকাপ শুরুর আগে থেকেই বলে আসছি ফ্রান্স ও ব্রাজিলই সবচেয়ে শক্তিশালী। এখন পর্যন্ত যা খেলা হয়েছে, এই দুই দলই খেলছে নিজেদের ফুটবল। কিংবদন্তি পেলের খেলা সরাসরি দেখার সুযোগ হয়নি আমার। ১৯৭৪ বিশ্বকাপের কয়েকটি ম্যাচের রেকর্ডিং প্রথম দেখি। আবাহনী ক্লাবের তৎকালীন আইরিশ কোচ বিল হার্ট সেটা দেখান আমাদের।
সেই থেকে দেখছি ব্রাজিলকে। এত বছরের মধ্যে সক্রেটিস, জিকোদের আশির দশকের ব্রাজিল দলটাই মনে বেশি দাগ কেটেছে। ওরা খেলত জনতাকে খুশি করার ফুটবল। আধুনিক ফুটবলটা আসলে বড় বেশি পয়েন্টনির্ভর হয়ে গেছে।
সব কোচই এখন ১১ জন ফুটবলারকে মাঠে পাঠান একটা দল হয়ে খেলার জন্য। কোচরা ১ পয়েন্ট নিশ্চিত করেই দল মাঠে নামাতে চান। এ কারণেই রক্ষণাত্মক মানসিকতা চলে আসে। তবে তিতের ব্রাজিলকে সেভাবে ভাবলে চলছে না। ব্রাজিলকে ব্রাজিলের মতো খেলানোর দায়ও এসে পড়ে কোচের কাঁধে। জানি না আজ সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে তিতে কী ভাবছেন, তবে আমি মনে করি ভালো খেলার দায় মেটানোর চেষ্টাই আজ রাতে করবে ব্রাজিল।