প্রস্তুতি ম্যাচে থাই ক্লাবকে হারাল বাংলাদেশের মেয়েরা
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিটা জয় দিয়েই শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২–০ গোলের সেই জয় এসেছে থাইল্যান্ডের ক্লাব কাসেম বুন্ডিতের বিপক্ষে।
ব্যাংককে অনুষ্ঠিত দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে গোল দুটি করেছেন আনিকা রানিয়া সিদ্দিকী ও উমহেলা মারমা। প্রথমার্ধের ১৫ মিনিটেই আনিকার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১–০ ব্যবধানে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে। ম্যাচের ৭৭ মিনিটে উমহেলা ব্যবধান দ্বিগুণ করেন।
২৫ মে ভারতের গোয়ায় শুরু হতে যাচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। টানা তৃতীয়বার শিরোপা জয়ের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ৭ মে থাইল্যান্ডের ব্যাংককে গিয়েছে। সেখানে ১৫ দিনের ক্যাম্পের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা। ১৭ মে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল ব্যাংকক স্পোর্টস স্কুল ক্লাব। থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প শেষে ২১ মে ভারতের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ।
এবারের সাফে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত ও মালদ্বীপ। ২৯ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। ৩১ মে গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ভারত।