জাভির কপালে ভাঁজ ফেলছে বার্সেলোনার চোটের মিছিল

বার্সেলোনার চোটের মিছিল জাভির কপালে ভাঁজ ফেলারই কথাছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখে হাসি নিয়েই আন্তর্জাতিক ম্যাচের জন্য বিরতিতে গিয়েছিলেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। তবে একের পর এক বার্সা খেলোয়াড়ের চোটে সে হাসি মলিন হতে শুরু করেছে জাভির।

বার্সার চোটের তালিকার সর্বশেষ সংযোজন রোনালদ আরাউহো। জাতীয় দল উরুগুয়ের জার্সিতে ইরানের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলার সময় চোটে পড়েন এ সেন্টারব্যাক। চোটের কারণে তাঁকে মাঠের বাইরে থাকতে হবে তিন থেকে চার সপ্তাহ।

চলতি মৌসুমেই বার্সায় যোগ দেওয়া জুলস কুন্দেও ছিটকে গেছেন তিন থেকে চার সপ্তাহের জন্য
ছবি: রয়টার্স

চলতি মৌসুমেই বার্সায় যোগ দেওয়া জুলস কুন্দেও ছিটকে গেছেন তিন থেকে চার সপ্তাহের জন্য। গত বৃহস্পতিবার অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে চোটে পড়েন ফ্রান্সের এ ফুটবলার। এই দুই ফুটবলারের চোটের বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

এ ছাড়া হ্যামস্ট্রিং চোটে পড়েছেন  দুই ডাচ ফুটবলার মেম্ফিস ডিপাই ও ফ্রেঙ্কি ডি ইয়ং। তবে তাঁদের চোট কতটা গুরুতর, সেটা এখনো জানা যায়নি। এই মৌসুমে এই দুই ডাচ ফুটবলারই একাদশে জাভির প্রথম পছন্দ ছিলেন না। তবে বিকল্প হিসেবে জাভিই অনেক সময়ই তাঁদের ব্যবহার করেছেন। বিরতির আগে এলচের বিপক্ষে সর্বশেষ ম্যাচে গোলও পেয়েছিলেন ডিপাই।

কয়েক মৌসুম ধরে বার্সার সবচেয়ে বড় দুর্বলতা ছিল তাদের রক্ষণভাগ। চলতি মৌসুমে বার্সার রক্ষণভাগ ঠিক রাখার দায়িত্ব ছিল আরাউহো ও কুন্দের ওপর। যা খুব সফলতার সঙ্গেই করেছিলেন এ দুজন। তাই এত দিনের জন্য তাঁরা মাঠের বাইরে ছিটকে যাওয়ায় চিন্তার ভাঁজ ফেলেছে জাভির কপালে। আর বিরতি শেষে বিশ্বকাপের আগে বার্সার সামনে আছে ঠাসা সূচি।

এ সময় এই দুই ফুটবলারের বিকল্প হিসেবে জাভি ভাবতে পারেন কয়েকজনকেই। কুন্দের জায়গায় এ সময় খেলতে পারেন হেক্টের বেয়েরিন, সের্হিও রবার্তো। অন্যদিকে আরাউহোর জায়গায় পিকে, আন্দ্রেস ক্রিস্টেনসেনকে পরখ করে দেখতে পারেন জাভি।