এমবাপ্পে আছেন বলেই কি ফ্রান্সকে ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ’ বলছেন ইংল্যান্ডের কোচ

এমবাপ্পেই ইংল্যান্ডের বড় চ্যালেঞ্জছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের কাছে ৩-১ গোলে হারার পর সংবাদ সম্মেলনে এসেছিলেন পোল্যান্ডের কোচ সেসওয়াফ মিখনিয়েভিৎস। দলের হার নিয়ে কথা বলতে গিয়ে তিনি কিলিয়ান এমবাপ্পের প্রশংসাই বেশি করেছেন। তাঁর কথা ছিল এ রকম—ফ্রান্সের বিপক্ষে কোনো দলকে খেলতে হলে দুজন খেলোয়াড় শুধু কিলিয়ান এমবাপ্পেকে পাহারা দিতেই লাগবে।

এমন একটি দলের বিপক্ষেই কি না কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে হচ্ছে ইংল্যান্ডকে। এই বিশ্বকাপে এটাই যে ইংল্যান্ডের সবচেয়ে কঠিন ম্যাচ, গতকাল রাতে সেনেগালকে ৩-০ গোলে হারিয়ে দলটির কোচ গ্যারেথ সাউথগেট সেটাই বলেছেন।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সাউথগেটকে প্রশ্ন করা হয়েছিল ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচ নিয়ে। সেখানে সাউথগেট বলেছেন, ‘এবারের আমাদের সবচেয়ে যে বড় চ্যালেঞ্জটি হতে পারত, এই ম্যাচ সেটাই।’

গ্যারেথ সাউথগেট
ছবি : টুইটার

কেন এমনটা বলেছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন সাউথগেট, ‘তারা টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন এবং দলটিতে অনেক অসাধারণ প্রতিভা আছে। ব্যক্তি নৈপুণ্যে দেখাতে পারার খেলোয়াড়ও আছে অনেক। এই দলের বিপক্ষে খেলা অনেক কঠিন। দুর্দান্ত এক চ্যালেঞ্জ এটা।’

প্রতিপক্ষ দলে আছেন এমবাপ্পের মতো একজন খেলোয়াড়। যিনি এই বিশ্বকাপে এরই মধ্যে ৫ গোল করে ফেলেছেন। গতকাল পোল্যান্ডের বিপক্ষে ফ্রান্স ৩-১ ব্যবধানে জিতেছে তাঁরই জোড়া গোলে। অলিভিয়ের জিরুর করা ফ্রান্সকে এগিয়ে দেওয়া গোলটিও হয়েছে এমবাপ্পের পাস থেকে।

সব মিলিয়েই কি সাউথগেট ফ্রান্সকে বড় চ্যালেঞ্জ ভাবছেন? এমবাপ্পের প্রসঙ্গে সাউথগেটের উত্তরটা ছিল এ রকম, ‘সে বিশ্বমানের খেলোয়াড়। এই বিশ্বকাপে সে এরই মধ্যে অসাধারণ কিছু মুহূর্ত উপহার দিয়েছে। অতীতেও সে তা করেছে। কিন্তু তাদের গ্রিজমান আর জিরুও আছে।’